মৃত্যুদণ্ড নৈতিকভাবে অগ্রহণযোগ্য। আরও বেশি জঘন্য হয়ে ওঠে, যখন এটিকে স্বাভাবিক শাস্তি হিসেবে নির্ধারণ, দ্রুত কার্যকর এবং ক্ষমার কোনো সুযোগ থাকে না বলে এটি গৃহীত হয়। আর এই নির্মমতা কেবল বাস্তবায়নের মধ্যেই সামনে আসে, তা নয়, বরং অন্তর্নিহিত অর্থেই এটি নির্লজ্জভাবে বৈষম্যমূলক। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে পাস হওয়া আইনটি এমনভাবে প্রণীত হয়েছে, যা শুধু ফিলিস্তিনিদের ওপরেই প্রযোজ্য হবে। এর মাধ্যমে এমন একটি প্রথাকে আরও দৃঢ় করা হচ্ছে, যাকে দেশীয় মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক বিচার আদালতসহ অনেকেই বর্ণবৈষম্যের সমতুল্য বলে চিহ্নিত করেছেন। একদিকে অবৈধভাবে পশ্চিম তীর দখল করা হয়েছে, আর আইন প্রণয়নের মাধ্যমে এটিও দখলদারি বটে। জাতিসংঘের মানবাধিকার-প্রধান ভলকার তুর্ক বলেন, ‘দখলকৃত ফিলিস্তিনবাসীদের ওপর আইনটির প্রয়োগ যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে।’
পশ্চিম তীরের সামরিক আদালতে দোষী সাব্যস্ত করার হার প্রায় ৯৬ শতাংশ। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত প্রাণঘাতী হামলার জন্য দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডই হবে স্বাভাবিক শাস্তি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এই ব্যবস্থা নিয়মিতভাবে নির্যাতন ও হয়রানি প্রমাণের ওপর নির্ভর করে। প্রসিকিউটরদের সম্মতি না থাকলেও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দোষী সাব্যস্ত করার জন্য আর সর্বসম্মত রায়ের প্রয়োজন হবে না। ক্ষমার কোনো সম্ভাবনা নেই। মৃত্যুদণ্ড কার্যকর করতে ৯০ দিন সময় বেঁধে দেওয়া হবে। ইসরায়েলি বেসামরিক আদালতে নতুন আইন অনুযায়ী ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা’র উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ড ধার্য করা হয়েছে। শুধু অনির্দিষ্ট ‘বিশেষ’ পরিস্থিতিতে এর পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলিদের প্রায় সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে। এর চেয়ে মর্মান্তিক বৈপরীত্য আর কী হতে পারে! এভাবে এ অঞ্চলে ক্রমবর্ধমান এবং ক্রমশ পদ্ধতিগতভাবে রাষ্ট্র-সমর্থিত বসতি স্থাপনকারীরা সহিংসতা ঘটিয়ে যাচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং গাজা যুদ্ধের পর এটি রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল এবং ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা আবারও ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তবুও উদ্বেগের প্রকৃত কারণগুলো তুলে ধরার পাশাপাশি আরও কিছু হতাশাজনক স্বীকারোক্তিও রয়েছে, যা এসব হামলাকে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে তুলে ধরার চেষ্টা করে। ইয়েশ দিন এনজিওর নির্বাহী পরিচালক জিভ স্টাল লিখেছেন, বাস্তবে ‘বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে না; বরং দখলদারিত্বকে এগিয়ে নিতে তারা পরিকল্পিতভাবেই কাজ করছে।’ গার্ডিয়ানের বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সাল থেকে কোনো ফিলিস্তিনির মৃত্যুর জন্য একজন ইসরায়েলি নাগরিককেও অভিযুক্ত করা হয়নি। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট আন্তর্জাতিক অপরাধ আদালতকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
এই সরকারের চরমপন্থি দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পরও নতুন আইনটির নিষ্ঠুরতা স্তম্ভিত করার মতো! বেশির ভাগ দেশের মতো ইসরায়েলও মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করে দিয়েছিল। দেশটিতে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ১৯৬২ সালে, নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের। কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির শ্যাম্পেন পান করে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনাকে উদযাপন করেছেন এবং ফাঁসির দড়ির আকৃতির একটি পিনও পরেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি, তিনি এই আইনটি সমর্থন করেছিলেন।
সর্বোচ্চ আদালত এই আইনটি সংশোধন বা বাতিল করতে পারেন। কিন্তু এর বিরুদ্ধে আপত্তি জানানোর একাধিক জোরালো কারণ থাকা সত্ত্বেও দুর্বল বিচার বিভাগ সে সিদ্ধান্ত নেবে না। কারণ, বিচার বিভাগ জানে, সরকার তার বিরুদ্ধে যে কোনো প্রতিকূল রায়কে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যরা আইনের ব্যাপারে নিন্দা জানালেও তা একেবারেই অপর্যাপ্ত। মিত্রদের পক্ষে অভিন্ন মূল্যবোধের কথা বলে যাওয়াটা অদ্ভুত। কিন্তু বিশ্ব-জনমতের পরিবর্তন সত্ত্বেও তারা গাজায় সংঘটিত গণহত্যা নিয়ে বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ।
দ্য গার্ডিয়ানের সম্পাদকীয় ভাষান্তর ইফতেখারুল ইসলাম
