দেশে বজ্রপাতের তীব্রতা বৃদ্ধির সহিত বজ্রাঘাতে হতাহতের সংখ্যাও বাড়িতেছে বলিয়া এক উদ্বেগজনক সংবাদ জানাইয়াছে রবিবার প্রকাশিত সমকাল। শনিবার এক দিবসেই দেশের ছয় জেলায় বজ্রাঘাতে ১২ জনের মৃত্যু হইয়াছে এবং আহত অন্তত ১২ জন। অধিকতর উদ্বেগজনক হইল, বজ্রপাতে সর্বাধিক ক্ষতির শিকার কৃষক।
উদাহরণস্বরূপ, শনিবার নিহতদের মধ্যে ৯ জনই কৃষক, যাহাদের জীবিকার তাগিদে দিবসের অধিকাংশ সময় উন্মুক্ত মাঠে অতিবাহিত করিতে হয়। আমরা জানি, হাওরাঞ্চলের কৃষকের জন্য এই সময় ব্যস্ততম। সীমান্তের অপর পার হইতে আসা আকস্মিক ঢলে ফসল হারাইবার ভয়ে দ্রুত ফসল তোলার তাগিদ আছে তাহাদের। তাই আকাশে মেঘ ঘনাইলেও অনেকে মাঠ ত্যাগ করিতে পারেন না। সেই ঝুঁকিই প্রাণঘাতী হইয়া উঠিতেছে। গত বৎসর প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এক গবেষণা প্রতিবেদনে বলা হইয়াছে, প্রতি বৎসর হাওরাঞ্চলের অর্ধেক সংখ্যক মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয় বজ্রপাতের কারণে। উপরন্তু হাওরবাসীর ৩২ শতাংশ জানাইয়াছেন, সতর্কবার্তা পাইলেও তাহারা নিরাপদ আশ্রয়ে যাইতে পারেন না। স্মর্তব্য, এহেন বজ্রপাতের ঝুঁকি অব্যাহত থাকিলে শুধু সংশ্লিষ্ট কৃষক পরিবারগুলিই ক্ষতিগ্রস্ত হইবে না; দেশের খাদ্য উৎপাদনেও উহার নেতিবাচক প্রভাব পড়িতে পারে। কারণ ধারণা করা হয়, দেশের মোট ধানের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশের জোগান দেয় হাওরাঞ্চল।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে, ২০১১ হইতে গত শনিবার পর্যন্ত ১৫ বৎসরে বজ্রপাতে দেশে প্রায় সাড়ে চার সহস্র ব্যক্তির মৃত্যু হইয়াছে; প্রতি বৎসর গড়ে প্রায় ৩০০ জন। দুর্ভাগ্য, এহেন ঝুঁকি হ্রাসে অদ্যাবধি কার্যকর কোনো পদক্ষেপ গৃহীত হয় নাই। সত্য, বজ্রপাতকে ইতোমধ্যে দুর্যোগ ঘোষণা করা হইয়াছে। ২০১৬ সালে এবং তৎপরবর্তী সময়ে বজ্রপাতজনিত মৃত্যু হ্রাসে তালগাছ রোপণ, বজ্রনিরোধক ও লাইটনিং অ্যারেস্টার স্থাপনসহ কিছু প্রকল্পও গৃহীত হইয়াছিল। কিন্তু উদ্যোগগুলি শেষ পর্যন্ত বজ্রপাতে হতাহতের সংখ্যা হ্রাসে কার্যকর ভূমিকা রাখিতে পারে নাই। বরং এই সকল প্রকল্পের পশ্চাতে জনগণের কষ্টার্জিত বিপুল অর্থের অপচয় হইয়াছে। যদি বলা হয়, প্রকল্পের নামে বৃক্ষ কর্তন করতঃ উহার গুঁড়িতে জল সিঞ্চন করা হইয়াছে, তাহা হইলেও ভুল হইবে না।
বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের ক্ষতি হ্রাসে সর্বাগ্রে প্রয়োজন ছিল বৃহৎ বৃক্ষ কর্তন বন্ধ এবং প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টি করা। কিন্তু এই সকল কিছুর কোনোটাই বিগত সময়ে গুরুত্ব পায় নাই। বিদ্যুতের ধর্ম অনুযায়ী উৎসের অপেক্ষাকৃত নিকটবর্তী বস্তুর মধ্য দিয়াই উহা সাধারণত প্রবাহিত হয়। সেই হিসাবে দীর্ঘ বা বৃহৎ বৃক্ষের উপরেই বজ্রের প্রথম আঘাত লাগিবার কথা। তৎসহিত সচেতনতা বৃদ্ধি পাইলে বজ্রপাতের ক্ষয়ক্ষতি অনেকাংশেই হ্রাস করা যায়।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মালিক সমকালকে জানাইয়াছেন, তাহারা দীর্ঘদিন যাবৎ বজ্রঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দিয়া আসিতেছেন অন্তত ঘটনার ২৪ হইতে ৭২ ঘণ্টা পূর্বে। সাম্প্রতিক সময়ে দুই হইতে চার ঘণ্টা পূর্বে ‘নাউকাস্টিং’ প্রযুক্তির মাধ্যমে বজ্রপাতের আগাম সতর্কবার্তা প্রদান শুরু হইয়াছে। এখন দরকার বজ্রপাতের সতর্কবার্তা সংশ্লিষ্ট এলাকার মানুষের নিকট কার্যকরভাবে পৌঁছাইবার ব্যবস্থা গ্রহণ এবং এই বিষয়ে পর্যাপ্ত জনসচেতনতা গড়িয়া তোলা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ অন্য সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে আলোচ্য বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। গ্রাম পর্যায়ে সক্রিয় বেসরকারি সংস্থা এবং সামাজিক সংগঠনগুলিরও এই বিষয়ে অগ্রসর হওয়া আশু কর্তব্য বলিয়া আমরা মনে করি।
