দেশের সামষ্টিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উৎপাদনমুখী শিল্প খাত। কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রফতানি প্রবৃদ্ধিতে এ খাত সবচেয়ে বড় ভূমিকা রাখে। কাজেই এ খাতের কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি না থাকাটা অর্থনীতির জন্য উদ্বেগজনক, বিশেষ করে যখন বহুমুখী চাপের মুখে অর্থনৈতিক পরিস্থিতি আগে থেকেই নাজুক। তাই বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে শিল্প খাতের যে স্থবিরতার তথ্য উঠে এসেছে তা বাড়তি উদ্বেগ যোগ করছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার নেমেছে ৬৬ শতাংশে। অর্থাৎ শিল্পের বিদ্যমান যন্ত্রপাতি, অবকাঠামো ও শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।

শিল্প খাতের এ পরিস্থিতিকে সাময়িক ব্যবসায়িক প্রতিবন্ধকতা বলার সুযোগ নেই, বরং খাতটিতে বিদ্যমান চাপ কাঠামোগত দুর্বলতা থেকে উদ্ভূত। উদাহরণ হিসেবে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ সরবরাহ না হওয়ার কথাই বলা যায়। শিল্প খাতের প্রকৃত উৎপাদন সক্ষমতা অব্যবহৃত থাকার পেছনে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার বড় দায় রয়েছে বলে ওই জরিপেও উঠে এসেছে। অর্থাৎ উৎপাদনের জন্য কারখানা নির্মাণ করলেই চলে না। উৎপাদনের আনুষঙ্গিক উপাদানও নিশ্চিত করা চাই, যার মধ্যে অন্যতম হলো জ্বালানি। ২০২৫ সালে কারখানাগুলোয় দৈনিক গড়ে ২ ঘণ্টা গ্রিড বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় দাঁড়িয়েছে। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী কারখানাগুলোও একই বিঘ্নের মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না হওয়ায় উদ্যোক্তাদের বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে, প্রতিযোগিতামূলক সক্ষমতা কমছে এবং মুনাফা কমছে। যদিও জ্বালানি সংকট কেবল শিল্প খাতের নয়, পুরো দেশের জন্যই বড় প্রতিকূলতা বর্তমানে। জ্বালানি নিশ্চয়তা দিতে না পারাটা নীতি কৌশলেরই ব্যর্থতা।

শিল্প খাতের চাপের মুখে থাকার আরেকটি বড় কারণ হলো অধিকাংশ কাঁচামালের ক্ষেত্রে আমদানিনির্ভরতা ও উচ্চ মূল্য। মাঝারি ও বৃহৎ শিল্পের মোট কাঁচামাল ব্যয়ের ৭৭ শতাংশ আমদানিনির্ভর বলে ওই জরিপের তথ্যেও উল্লেখ রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তন, বিনিময় হার, আমদানি অর্থায়ন ও পরিবহন পরিস্থিতির প্রভাব সরাসরি শিল্পের ব্যয়ে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঋণের উচ্চ সুদহার ও অর্থায়ন সংকট। ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উচ্চ সুদহার ও অর্থায়ন ব্যয়কে চিহ্নিত করেছে ৩৭ শতাংশ কারখানা। এ পরিস্থিতিতে উদ্যোক্তাদের পরিচালন ব্যয় যেমন বাড়ছে, তেমনি নতুন বিনিয়োগের আগ্রহ ও সক্ষমতাও কমছে। কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় এক প্রান্তিকের ব্যবধানে ১ কোটি ৭৬ লাখ থেকে ১১ লাখ টাকায় নেমে আসা বিনিয়োগের স্থবিরতার একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ, প্রযুক্তিগত আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে মূলধনি বিনিয়োগ অপরিহার্য। বিনিয়োগ কমে গেলে ভবিষ্যতে শিল্পের প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান ও রফতানি সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হবে। শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ সিদ্ধান্তে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব ব্যাংক খাতের ঋণপ্রবাহ, আমদানি, ব্যবসায়িক কার্যক্রম এবং সামগ্রিক চাহিদার ওপরও পড়তে পারে।

শিল্প খাতের এ দুর্বলতা সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গেও সম্পর্কিত। যেমন কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত হয়, রফতানি আয় হ্রাসের ঝুঁকি তৈরি হয়, পণ্য সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটতে পারে এবং বাজার পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে। সব মিলিয়ে দেশের সার্বিক প্রবৃদ্ধিতে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে এরই মধ্যে বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ইকোনমিকস আপডেট: অ্যাডাপ্টিং এআই ফর গ্রোথ’ শীর্ষক প্রতিবেদনে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ নেমে আসার প্রাক্কলন দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মূল্যায়নে বিনিয়োগের মন্থরতা, রফতানির শ্লথ গতি, উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতের দুর্বলতা ও জ্বালানি সংকট অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টিতেও বিশেষ অগ্রগতি নেই। অথচ কর্মসংস্থান সৃষ্টিসহ বিনিয়োগ, রফতানি সবক’টিই শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট। সুতরাং শিল্প খাত চাঙ্গা না হলে অর্থনীতির চাকাও ধীরগতিতে এগোবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

শিল্পের এ সংকট মোকাবেলায় স্বল্পমেয়াদি সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি নীতিগত সংস্কার প্রয়োজন। সরকার এরই মধ্যে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে যা ইতিবাচক, তবে কাঠামোগত সংস্কার ছাড়া টেকসই শিল্প খাত গড়ে তোলা প্রায় অসম্ভব। কীভাবে বিদ্যমান সংকটগুলোর দীর্ঘমেয়াদি সমাধান করা যায় তা সরকার ও নীতিনির্ধারকদের ভাবতে হবে। সেই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকারও থাকা চাই। শিল্পের উৎপাদন সক্ষমতা অব্যবহৃত থাকা এবং বিনিয়োগে স্থবিরতা শেষ পর্যন্ত আগে থেকে সংকটে থাকা অর্থনীতিকে নাজুক করে তুলবে। এতে কেবল জনগণ নয়, খোদ সরকারকেও দেশ পরিচালনায় হিমশিম খেতে হতে পারে। এর কোনোটাই কাম্য নয়। টেকসই শিল্প খাত গড়ার মাধ্যমে স্থিতিশীল অর্থনীতি গড়ে উঠুক এটাই প্রত্যাশা।