খ্রিষ্টীয় বর্ষপঞ্জির ২০২৫ সালের বিদায়ে উদিত হইয়াছে ২০২৬ সালের নূতন রবি। বিদায়ী বৎসর ছিল ঘটনাবহুল। সর্বশেষ মঙ্গলবার বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকের মধ্য দিয়াই জাতি নূতন বৎসর বরণ করিতেছে; তিন দিবসের রাষ্ট্রীয় শোক শুক্রবার পর্যন্ত চলমান। শোকের আবহে অনাড়ম্বর ও কোনো প্রকার আনুষ্ঠানিকতাবিহীন পরিবেশ আসিলেও নূতন বৎসর আমাদের জন্য নূতন সম্ভাবনা লইয়া আসিবে বলিয়া বিশ্বাস।
২০২৬ সাল এমন সময় শুরু হইয়াছে যখন রাজনৈতিক দলগুলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি লইতেছে; ভোটারগণ অপেক্ষা করিতেছেন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন ইতোমধ্যে যে তপশিল ঘোষণা করিয়াছে, তাহাতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হইবে কাঙ্ক্ষিত নির্বাচন।
আমরা জানি, দেশকে গণতান্ত্রিক উত্তরণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের কারণে দীর্ঘ সময় মানুষ ভোটাধিকার প্রয়োগ করিতে পারেন নাই। তাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যে সুযোগ আসিয়াছে, তাহা কাজে লাগাইতে হইবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি লইয়া জনমনে উদ্বেগ রহিয়াছে। বিশেষ করিয়া এই নির্বাচনেরই সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড সেই উদ্বেগের আগুনে ঘৃত ঢালিয়াছে। মব সহিংসতা চলিতেছে দেশের নানা প্রান্তে। এমনকি সংবাদপত্র এবং সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ন্যায় অঘটন ঘটিয়াছে। এই সকল পরিস্থিতি অন্তর্বর্তী সরকার দৃঢ়হস্তে সামাল দিতে পারে নাই। তজ্জন্য আমাদের প্রত্যাশা– আগামী দিনগুলিতে তাহারা এই ব্যাপারে সচেষ্ট থাকিবে। নির্বাচন অনুষ্ঠানের পর পরবর্তী সরকারকেও আইনশৃঙ্খলায় বিশেষ নজর দিতেই হইবে।
বিগত দুই-তিন বৎসর ধরিয়া দেশ অর্থনৈতিক নানা সংকটের মধ্য দিয়া যাইতেছে। ২০২৫ সালও ব্যতিক্রমী কিছু ঘটাইতে পারে নাই। বিশেষত মূল্যস্ফীতির চাপে পিষ্ট হইতেছে জনসাধারণ। ইহার সহিত যুক্ত হইয়াছে ক্রমবর্ধমান বেকারত্ব। অর্থনীতিতে এই সময়ে এক প্রকার স্থবিরতা বিরাজমান। বিদেশি ও দেশি বিনিয়োগে যদ্রূপ ভাটা পড়িয়াছে, তদ্রূপ অধিকাংশ মানৃষের প্রকৃত আয়ও হ্রাস পাইয়াছে। এমতাবস্থায় আমরা মনে করি, নূতন বৎসরে বিশেষত নূতন সরকারকে অর্থনীতির চাকা ঘুরাইবার বিষয়টি অগ্রাধিকারে রাখিতে হইবে। ইহার সহিত সাধারণ মানুষের স্বস্তির জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তৃত করাও জরুরি।
প্রতিবেশী ও আন্তর্জাতিক যোগাযোগের বিষয়ও নূতন বৎসরে অগ্রাধিকার পাইবার দাবিদার। আমরা দেখিতেছি, ভারতের সহিত দ্বিপক্ষীয় সম্পর্কে এক ধরনের উত্তেজনা বিরাজমান। এই ক্ষেত্রে উভয় সরকারকেই পরস্পরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাইতে হইবে। মর্যাদার ভিত্তিতেই দুই প্রতিবেশীর সম্পর্ক পুনরুদ্ধার করিতে হইবে। স্বস্তির বিষয়, খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলির প্রতিনিধিরাও জানাজায় অংশগ্রহণ করিয়াছেন এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করিয়াছে। তবে আরেক প্রতিবেশী মিয়ানমারের সহিত নিরাপত্তা ও যোগাযোগের ঝুঁকি তৈয়ার হইয়াছে। ইহার সহিত মিয়ানমার হইতে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী ১২ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসন লইয়াও অচলাবস্থা তৈয়ার হইয়াছে। তজ্জন্য নূতন সরকারকে এই বিষয়ে মনোযোগী হইতে হইবে।
নূতন বৎসর নূতন সম্ভাবনা লইয়া আসুক। সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলি পরস্পরের সহিত শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ না করিলে যাহা অর্জন করা যাইবে না। ইহা অর্জন করা গেলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা সহজতর হইবে। এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকেও সজাগ দৃষ্টি রাখিতে হইবে বলিয়া আমরা মনে করি। ২০২৬ সালের আগমন উপলক্ষে আমরা সমকালের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার-এজেন্ট, সাংবাদিক-কর্মচারী, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাইতেছি। শুভ নববর্ষ।
