রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনসহ বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক কর্মসূচি এবং প্রচার-প্রচারণার জন্য ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ, পোস্টার ইত্যাদি দেদারছে ব্যবহার করা হয়। রাজধানীজুড়ে যেদিকে তাকানো যায়, কেবল এসব প্রচারণামূলক ব্যানার, বিলবোর্ড আর পোস্টার। ঝড়-বৃষ্টি হলে এগুলো খসে পড়ে এবং পরিবেশের দূষণ ঘটায়। রাজধানী পরিণত হয় আবর্জনার ভাগাড়ে। এতে রাজধানীর সৌন্দর্য চরমভাবে বিনষ্ট হচ্ছে। বছরজুড়েই সংশ্লিষ্টরা এই ব্যানার-ফেস্টুন ঝুলানোর অপসংস্কৃতি চালিয়ে যাচ্ছে। বিশ্বের কোনো সভ্য দেশের রাজধানীতে এমন অপকর্ম দেখা যায় না। এ নিয়ে বহু লেখালেখি হলেও কোনো প্রতিকার নেই। সিটি করপোরেশনসহ আইনশৃঙ্খলা বাহিনীরও তেমন কোনো তৎপরতা দেখা যায় না। সরকার ২০১২ সালে নির্ধারিত জায়গা ছাড়া যত্রতত্র পোস্টার, ব্যানার, দেয়াল লিখন ইত্যাদি প্রতিরোধে একটি আইন প্রণয়ন করে। এই আইনের ৪ ধারায় বলা হয়েছে, অনুমোদিত জায়গা ছাড়া দেয়াল লিখন, পোস্টার সাঁটানো যাবে না। কেউ এ কাজ করলে সংশ্লিষ্ট ব্যাক্ত বা প্রতিষ্ঠান ১০ হাজার টাকা জরিমানা বা এক মাসের কারাদ-ের মুখোমুখি হবে। মাঝে মাঝে দুই সিটি করপোরেশন এসব ব্যানার, পোস্টার ইত্যাদি অপসারণের অভিযান চালালেও আইনগত কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে বিএনপি ও অন্যান্য দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে দেশজুড়ে নির্বাচনী আমেজের সৃষ্টি হয়েছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এর অংশ হিসেবে এলাকায় যত্রতত্র ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগাচ্ছে। এগুলো লাগানো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। পোস্টার, ব্যানার লাগানোর জায়গা নিয়েও এক ধরনের দখলদারিত্ব চলছে। অনেক সময় এগুলো সাঁটানো নিয়ে প্রতিপক্ষের মধ্যে সংঘাত-সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। অথচ নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য কী ধরনের ও কত আকারের পোস্টার ব্যবহার করা যাবে, তা নিয়ে নির্বাচন কমিশনের আইন রয়েছে।
এ আইন তফশিল ঘোষণার পর কার্যকর হওয়ার কথা থাকলেও প্রার্থীরা এখন থেকেই বড় বড় বাহারী রঙের পোস্টার-ব্যানার, বিলবোর্ড, তোরণ ইত্যাদি ব্যবহার করা শুরু করেছে। রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রচারণার মাঝে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, ব্যক্তিগত পোস্টার-ব্যানার সাঁটানোও সমানে চলছে। এতে রাজধানীসহ দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরগুলোর সৌন্দর্য বলতে কিছু থাকছে না। সব সৌন্দর্য এসবের আড়ালে চলে যাচ্ছে। দৃষ্টি বাধাপ্রাপ্ত হচ্ছে। নির্বাচনের সময় ছাড়াও সারাবছর রাজধানীতে এই সৌন্দর্য বিনষ্টের অপকর্ম চলছে। বাস স্ট্যান্ড, মার্কেট, মেট্রোরেল ও ফ্লাইওভারের পিলার, ভবনের দেয়াল, গাছসহ হেন কোনো স্থান নেই, যেখানে ব্যানার, বিলবোর্ড, পোস্টার না সাঁটানো হচ্ছে।
অনেক সময় ঝর ও বৃষ্টিতে এগুলো খসে দুর্ঘটনা ঘাটাচ্ছে। এমনিতেই রাজধানী বায়ূদুষণ, পরিবেশ দূষণ, যানজট ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণে বিশ্বের অন্যতম নিকৃষ্ট শহরের তালিকায় রয়েছে। অসভ্য ও অবাসযোগ্য নগরিতে পরিণত হয়ে আছে। এর মধ্যে যেটুকু সৌন্দর্য দৃশ্যমান হয়, তাও রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পোস্টার-ব্যানার দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। এখন নির্বাচনী মৌসুম চলায় তা লাগামছাড়া হয়ে পড়েছে। রাজধানীসহ দেশের সব জেলা-উপজেলা ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সয়লাব হয়ে গেছে। বিশ্বের কোনো দেশে নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার নামে এমন তা-ব দেখা যায় না। কয়েক বছর আগে মালয়েশিয়ার নির্বাচনে দেশটির কিংবদন্তি নেতা মহাথির মোহাম্মদ অংশগ্রহণ করেছিলেন। তার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে শুধু ছোট্ট আকারের কিছু পোস্টার অনুমোদিত স্থানে ব্যবহার করা হয়েছিল। এতে বোঝাই যাচ্ছিল না, তিনি নির্বাচন করছেন। অথচ নির্বাচনের সময় মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। আমাদের দেশে নির্বাচনের সময় ঘটে উল্টো ঘটনা। বিষয়টি এমন, যে যত বেশি অর্থ খরচ করে ব্যানার, পোস্টার, বিলবোর্ড তৈরি করে প্রচার চালাতে পারে, তিনি মনে করেন, নির্বাচনে তিনি বিজয়ী হবেন। নির্বাচনে প্রচার-প্রচারণার প্রয়োজন রয়েছে, তবে তা নগরের সৌন্দর্য হানি ও পরিবেশ দূষণ করে করা জনসেবক বা জনপ্রতিনিধির পরিচায়ক নয়।
রাজধানীর আন্তর্জাতিক মান থাকে। যে রাজধানী বাসযোগ্য, সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব, সে রাজধানীর র্যাঙ্কিং তত উন্নত। ঢাকার মান কতটা নিকৃষ্ট, তা সকলের জানা। এ মান উন্নয়নে সরকারের তরফ থেকে যেমন কার্যকর উদ্যোগ নেই, তেমনি রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানেরও সচেতনতা নেই। ফলে রাজধানীর সৌন্দর্য ও পরিবেশের উন্নয়ন ঘটবে কীভাবে? নির্বাচনকে সামনে রেখে বিএনপি বেশ কয়েকবার দল থেকে নেতাকর্মীদেরকে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশনা দিলেও তা প্রতিপালিত হয়নি। জামায়াতে ইসলামীসহ অন্যান্যদলও প্রতিযোগিতা করে এই কাজ করছে। রাজধানীর সৌন্দর্য রক্ষায় কেউই দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। অন্যদিকে, নানা সীমাবদ্ধতার কারণে দুই সিটি করপোরেশন ও পুলিশের পক্ষে এসব ব্যানার-ফেস্টুন সরানো সম্ভব নয়। এক্ষেত্রে, রাজনৈতিক দলগুলোর সচেতনতা প্রয়োজন। ব্যানার, পোস্টার ইত্যাদির কারণে নগরীকে আবর্জনার ভাগাড়ে পরিণত করা থেকে তাদের বিরত থাকা জরুরি। নগরীর সৌন্দর্য বিনষ্ট হয়, এমন কর্মকা- করা উচিৎ নয়। যত্রতত্র ব্যানার-পোস্টার সাঁটানোর পরিবর্তে আইন অনুযায়ী, অনুমোদিত নির্ধারিত স্থানে সাঁটাতে হবে। সভ্য ও সুনাগরিকের পরিচয় দিতে হবে। সিটি করপোরেশন ও পুলিশের উচিৎ, এ ব্যাপারে তৎপর হওয়া। যে আইন রয়েছে, তার প্রয়োগে উদ্যোগী হওয়া। বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকেও এ ব্যাপারে সচেতন হতে হবে। ইতোমধ্যে যারা এসব ব্যানার-পোস্টার, ফ্যাস্টুন সাঁটিয়েছে, নগরীর সৌন্দর্য রক্ষার্থে রাজনৈতিক দল ও ব্যক্তিকে নিজ থেকে এগুলো সরিয়ে নেয়ার উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে সিটি করপোরেশন ও পুলিশকে সহায়তা করতে হবে।
