ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক বাছাই চূড়ান্ত করে ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে সারাদেশে দেখা দিয়েছে নির্বাচনী আমেজ। কয়েকদিনের মধ্যে অন্য দলগুলোও তাদের প্রার্থী মনোনয়নের চূড়ান্ত ঘোষণা দিতে পারে। যদিও নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনো পুরোপুরি কাটেনি। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে মতবিরোধের প্রশ্নে সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দিয়েছে, তা নাহলে সরকার নিজেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এক বছরের বেশি সময় ধরে ডাক-ঢোল পেটানো কার্যক্রমের মধ্য দিয়ে শেষ পর্যন্ত কি অর্জন করলো জাতীয় ঐকমত্য কমিশন? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলি রীয়াজ অর্ধশতাধিক দলের প্রতিনিধিদের নিয়ে একাধিকবার বসে সময় ক্ষেপণ করলেও বড় দলগুলোর মধ্যকার দূরত্ব কমিয়ে সমঝোতা ও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ঐকমত্য কমিশন কিংবা ড. ইউনূস কার্যত ব্যর্থ হয়েছেন। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে দোষারোপ বা ব্লেইম-গেমের সুযোগ থাকলেও সরকারের সে সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের সহযোগী ও বেনিফিশিয়ারি রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বড় ধরনের মতভিন্নতা না থাকলেও শেষ মুহূর্তে এসে ছোটখাট মতপার্থক্যকে পুঁজি করে সরকার আসলে কী করতে চাচ্ছে তাই এখন দেখার বিষয়। অন্যদিকে জামায়াতসহ আটদলীয় জোটের পক্ষ থেকেও জুলাই সনদ ও গণভোটসহ ৮ দফা দাবি নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল দেখা যাচ্ছে। দেশের স্পর্শকাতর সময়ে কোনো রাজনৈতিক পক্ষের প্রতি দুর্বলতা প্রদর্শন সরকারের সামগ্রিক অর্জন ও সক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে।

বিএনপি-জামায়াতসহ প্রধান রাজনৈতিক দলগুলো যখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনমুখী রাজনৈতিক কার্যক্রম নিয়ে মাঠে নেমেছে, তখন অন্যসব বিষয় নিয়ে নির্বাচনের পথকে অনিশ্চিত, ধোঁয়াশাপূর্ণ বা কণ্টকাকীর্ণ করে তোলার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার পলাতক দোসররা জুলাই অভ্যুত্থানের পর থেকেই দেশকে অস্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে। গণহত্যার দায়ভার নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তার দোসর ও সহযোগী কিংবা দল হিসেবে আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের মূল লক্ষ্যই হচ্ছে, যে কোনো উপায়ে আওয়ামী লীগকে নির্বাচনে সামিল করতে বাধ্য করা।

এতদিন ধরে ভারত ও আওয়ামী লীগ তড়িঘড়ি নির্বাচনের কথা বললেও এখন দেশ যতই নির্বাচনের দিকে যাচ্ছে, অডিও বার্তার মাধ্যমে পতিত স্বৈরাচার নির্বাচন বানচালের নির্দেশনা দিচ্ছে। তারা আওয়ামী লীগবিহীন নির্বাচন সফল হতে দেবে না, সরকার ও রাজনৈতিক দলগুলোকে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে। এহেন বাস্তবতায় নির্বাচন, জুলাই সনদ ও গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে যথাশীঘ্র একটি ঐকমত্যে পৌঁছাতেই হবে। নির্বাচন নিয়ে যে কোনো ধোঁয়াশা ও অনিশ্চয়তা কার্যত পতিত স্বৈরাচারের এজেন্ডা বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে ড. ইউনূসের সদিচ্ছা ও আন্তরিকতা যেন কোনো পক্ষের কাছে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ না থাকে সরকারকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সামগ্রিক কার্যক্রম, অর্জন ও ব্যর্থতার যথাযথ মূল্যায়ন হওয়া জরুরি। তাদের ভূমিকা, সদিচ্ছ ও সক্ষমতা ইতোমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পতিত স্বৈরাচারের দোসর, গুম-খুন গণহত্যার আসামীদের বিচার এবং রাজনৈতিক সংস্কার প্রশ্নে কারো দ্বিমত নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগে এবং পরে এ প্রক্রিয়া অব্যাহত থাকতেই হবে।

দেশের অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর ও নাজুক হয়ে পড়েছে। পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে রেখে গেছে। নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ও তাঁর হাই-প্রোফাইল উপদেষ্টামন্ডলি, বেপজার চেয়ারম্যান ও হাইরিপ্রেজেন্টেটিভরা গত ১৫ মাস ধরে অর্থনীতির চূড়ান্ত পতন ঠেকাতে সক্ষম হলেও প্রত্যাশিত বিনিয়োগ, কর্মসংস্থান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়নি। মূলত জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ছাড়া এ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করা সম্ভব নয়। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, রাজনৈতিক সমঝোতা ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কেউ এখানে বিনিয়োগ করতে আসবে না।

এমনকি আইএমএফ’র ঋণচুক্তির কিস্তি ছাড়ের ক্ষেত্রেও নির্বাচনকে একটি পরোক্ষ শর্ত হিসেবে হাজির করেছে। তবে যেনতেনভাবে একটি জাতীয় নির্বাচন কারোই কাম্য নয়। নির্বাচন হতে হবে রাজনৈতিক সমঝোতা, জাতীয় ঐকমত্য ও জুলাই সনদের ভিত্তিতে। এ ক্ষেত্রে বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষরের পরও নতুন কোনো জটিলতা দেখা দেয়ার কথা নয়। পতিত স্বৈরাচারের দোসর ও প্রতিবেশী দেশের ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির কিছু আপত্তি বা নোট অব ডিসেন্ট, জামায়াতসহ সম্ভাব্য জোটের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ইত্যাদি বিষয় জাতীয় নির্বাচনের প্রতিবন্ধক হতে পারে না। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বড় দলগুলোর মধ্যে যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে তা কাজে লাগাতে সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়নে সরকারের কোনো রকম পক্ষপাতিত্ব বাঞ্ছনীয় নয়। বিশেষ সাংবিধানিক আদেশ ও জুলাই সনদ প্রশ্নে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তে যাতে নির্বাচনের রোডম্যাপ ব্যাহত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনই হোক সরকার এবং রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার ও অভীষ্ট।