সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকাজুড়ে দেশের বিভিন্ন স্থানে এমনসব ঘটনা উঠে এসেছে, যার মাধ্যমে আমাদের সমাজের নীতি- নৈতিকতা, মূল্যবোধ, পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের কতটা অবক্ষয় ঘটেছে, তার একটি চিত্র পাওয়া যায়। এসব ঘটনার মধ্যে রয়েছে, পারিবারিক অশান্তির কারণে তিন সন্তানকে নিয়ে স্বামীর বিষপান, ঘরের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবির বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীর ভাইকে পিটিয়ে জখম করা, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে তরুণীর মৃত্যু ইত্যাদি।
এসব ঘটনার পাশাপাশি গতকাল দেশজুড়ে যে দুটি ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে, তা হচ্ছে, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্র ইশরাত শাহরিয়ার অপ্রতিমের নিখোঁজ হওয়ার পর বিশ^বিদ্যালয় সংলগ্ন পাহড়ে লাশ পাওয়া এবং ভাত খাওয়াকে কেন্দ্র করে খুলনার নর্থ ওয়ের্স্টান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী আজমল হোসেনকে নির্যাতন ও ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনা নিয়ে। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, অপ্রতিমকে তার কাছে থাকা মায়ের আইফোন দিয়ে ছবি তোলার নাম করে সন্দেহভাজন কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ডেকে নিয়ে হত্যা করেছে। তার আগে অপ্রতিমকে খুঁজে না পেয়ে তার মা ফেসবুকে তার খোঁজ দেয়ার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছিলেন। এ নিয়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে তার সন্ধানে নামে। শেষ পর্যন্ত পাহাড়ে তার লাশ খুঁজে পাওয়া যায়। এ ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। অপ্রতিমকে হত্যার পেছনে প্রাথমিকভাবে আইফোন ছিনিয়ে নেয়ার কথা বলা হলেও এর পেছনে আরও কোনো কারণ রয়েছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে খুলনার ঘটনায় শিক্ষার্থী আজমল মেসে থাকতেন। মেসে খাবে কিনা, তা দুই ঘন্টা আগে জানাতে হয়। আজমল তা না জানিয়ে অন্যের ভাত খেয়ে ফেলায় মেসের অন্যান্য সদস্যরা তাকে মারধর করে ছাদে নিয়ে যায়। সেখানে তাকে অকথ্য নির্যাতন করে এবং ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
দেশজুড়ে এ ধরনের ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। কোনো কোনো ঘটনা পত্রিকার শিরোনাম হয়, কোনো কোনো ঘটনা আড়ালেই থেকে যায়। তুচ্ছ ঘটনা নিয়ে খুন, পরিবারিক অসন্তোষ ও অভিমানে সন্তানসহ আত্মহত্যা, কিংবা পুরো পরিবারের সদস্যদের রহস্যজনক মৃত্যু, ধর্ষণ, চুরি-ডাকাতি, কিশোর গ্যাংয়ের উৎপাতসহ নানা ধরনের অপরাধ প্রায় প্রতিনিয়তই ঘটছে। এসব ঘটনার একেকটি অকল্পনীয় এবং মর্মান্তিক ঘটনা হয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। হৃদয়ছেঁড়া এসব ঘটনায় মুহ্যমান হওয়া ছাড়া উপায় থাকে না। আমাদের পরিবার, সমাজ ও ধর্মীয় মূল্যবোধের কতটা অবক্ষয় ঘটলে, এ ধরনের ঘটনা ঘটতে পারে! প্রশ্ন উঠে, সমাজে বসবাসকারি মানুষের মনুষ্যত্ব ও বিবেকবোধ কি হারিয়ে যাচ্ছে? এর জন্য কি রাষ্ট্রপরিচালকদের কোনো দায়দায়িত্ব নেই? অবশ্যই রয়েছে।
কারণ, পরিবার ও সমাজ নিয়েই রাষ্ট্র এবং সরকার। একটি দেশের পরিবার ও সামাজিক ব্যবস্থাই যদি বিশৃঙ্খল হয়ে পড়ে, সে দেশ যতই উন্নতি করুক না কেন, তা কোনো কাজে আসে না। বিশে^ এমন অনেক দেশ রয়েছে, যেসব দেশ উন্নয়নের দিকে মনোযোগ দিতে গিয়ে সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তাই হারিয়ে ফেলেছে। ল্যাটিন আমেরিকাসহ অফ্রিকা মহাদেশের অনেক দেশে গৃহযুদ্ধ লেগে সামাজিক ও পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দক্ষিণ আফ্রিকা, কলাম্বিয়া, উগান্ডাসহ এমন আরও দেশ রয়েছে, যেসব দেশের সমাজ ভেঙে পড়েছে। দেশগুলো সমাজ ব্যবস্থা ঠিক করতে পারেনি। সেখানে মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই। অথচ দেশগুলোতে বড় বড় প্রকল্প নিয়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে।
বলার অপেক্ষা রাখে না, যে দেশের সমাজ বিশৃঙ্খল ও অরাজক অবস্থায় থাকে, সে দেশে যতই উন্নয়ন করা হোক না কেন, তা অর্থহীন হয়ে পড়ে। কারণ, যে উন্নয়ন দেশের মানুষের জন্য, সেই মানুষ যদি উচ্ছৃঙ্খল ও বেপরোয়া হয়ে উঠে, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে, সে উন্নয়নের কোনো মূল্য থাকে না। আমাদের দেশেও সরকার যেন পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা ও মূল্যবোধের অবক্ষয়কে উপেক্ষা করে উন্নয়নের দিকে ছুটে চলেছে। রাষ্ট্র পরিচালকদের সুষম ও সুশৃঙ্খল সমাজ গঠনের দিকে মনোযোগ নেই। পরিবার ও সমাজের মানবিক মূল্যবোধ যে ক্রমেই অধপতনের দিকে, তা নিয়ে মাথাব্যাথা আছে বলে মনে হয় না। কেবল কীভাবে বড় বড় প্রকল্প ও স্থাপনা নির্মাণ করে উন্নয়ন করা যায়, তার পেছনে ছুটছে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই করতে হবে, তবে সমাজকে বিশৃঙ্খল অবস্থায় রেখে তা করলে কি কোনো কাজে আসবে? পরিবার ও সমাজ যদি মূল্যবোধ হারিয়ে বসে, তাহলে কি সেই দেশ স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থায় থাকে? থাকে না। প্রায় প্রতিদিন শিউরে উঠার মতো পারিবারিক ও সামাজিক যেসব ঘটনা ঘটছে, তা মূল্যবোধের চরম অবক্ষয় ছাড়া কিছু নয়। বহুদিন ধরে সমাজের কিশোর শ্রেণীর একটি অংশ গ্যাংয়ে রূপান্তরিত হয়েছে। কোনো কোনো সময় আইনশৃঙ্খলা বাহিনীও নাকি তাদের কাছে কমজোরি হয়ে পড়ে। এই কিশোর গ্যাং কতটা দুর্দমনীয় হয়ে উঠেছে, তা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নৃশংস ঘটনা ঘাটানো থেকে বোঝা যায়। এরা মাদক সেবন, পরিবহন থেকে শুরু করে খুন-ধর্ষণে সিদ্ধ হয়ে উঠেছে। এদের বেশিরভাগ নি¤œবিত্ত পরিবার থেকে উঠে আসা।
তাদের বাবা-মা শ্রমিক শ্রেণীর হওয়ায় কাজের কারণে সকাল থেকে সন্ধ্যা বা রাত অবধি বাইরে থাকায় তারা কোনো ধরনের শাসন-বারণ ছাড়াই বড় হচ্ছে। ফলে তারা বুঝেÑনা বুঝে নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে। সন্ত্রাসীরা তাদের সহজে ব্যবহার করতে পারছে। দেখা যায়, অপরাধমূলক ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই কিশোর গ্যাংয়ের জড়িত থাকার আলামত পাওয়া যায়। সামাজিক ও পারিবারিক যেসব ঘটনা ঘটছে, তার পেছনে অসচেতনতা, ধৈর্য্যহারা হওয়াসহ ধর্মীয় অনুশাসন উপেক্ষা করার প্রবণতা বড় কারণ হয়ে রয়েছে। প্রযুক্তির প্রতি পরিবারের অভিভাবক থেকে শুরু করে তরুণ সদস্যদের মাত্রারিক্ত আসক্তি এখন সমাজ ও পরিবারের মূল্যবোধের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতি-নেতির হেন কোনো বিষয় নেই, যা মুহূর্তে হাজির হচ্ছে না। অসাধু চক্র ভিডিও, ফটোকার্ড, এআই ভিডিওর মাধ্যমে নানা নিষিদ্ধ বিষয়সহ অপরাধমূলক কর্মকা- তুলে ধরে প্রচার চালাচ্ছে। এসব পরিবার ও সমাজের মূল্যবোধের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকে এসবে উদ্বুদ্ধ হয়ে অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে। প্রযুক্তিকে অস্বীকার করার উপায় নেই। তবে তার সঠিক ব্যবহার সম্পর্কে পরিবার ও সমাজ থেকে শুরু করে সরকারের তরফ থেকে কোনো ধরনের সচেতন ও সতর্কতামূলক গাইডলাইন নেই। ফলে প্রায় সবশ্রেণীর মানুষ কোনো না কোনো অপরাধে জড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে যেসব অকল্পনীয় ও মর্মান্তিক ঘটনা ঘটছে, তা যে বিবেক ও মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে ঘটছে, তা ব্যাখ্যা করে বলার অবকাশ নেই।
প্রত্যেক দেশের সমাজে কমবেশি অপরাধ ও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে থাকে। তবে তার বৃদ্ধি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার চেয়ে পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা, মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন সবচেয়ে বেশি ভূমিকা রাখে। ইতিহাস ও ঐতিহ্যগতভাবে আমাদের পরিবার ও সমাজ মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। তবে বিগত বছরগুলোতে এর অবনমন ও অবক্ষয় সচেতন মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। উল্লেখিত ঘটনাগুলো জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। আমাদের সমাজ যেন ‘লোভী সমাজে’ পরিণত হয়েছে। পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি ও সহাবস্থান দুর্বল হয়ে গেছে। এর জন্য রাষ্ট্র পরিচালকদের দায় রয়েছে। তারা উন্নয়নের পেছনে ছুটতে গিয়ে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবনমনের দিকটি উপেক্ষা করে যাচ্ছে।
নীতি-নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধের উন্নয়নের কথা না বলে কেবল বড় বড় প্রকল্প এবং প্রযুক্তির উন্নয়নের কথা বলছে। তরুণ প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশ যে উচ্ছন্নে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। বলার অপেক্ষা রাখে না, সমাজকে বিশৃঙ্খল রেখে কোনো উন্নয়নই কাজে আসে না। উন্নয়নকে কল্যাণে পরিণত করতে হলে সমাজকে সুশৃঙ্খল করার উদ্যোগের বিকল্প নেই। সরকারের উচিৎ, পারিবারিক ও সামাজিক নীতি-নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে এবং দৃঢ় করতে বিশেষ পরিকল্পনা ও সচেতনতামূলক পদক্ষেপ নেয়া। দেশের আলেম সমাজসহ সমাজবিদদের সাথে আলাপ-আলোচনা করে গাইডলাইন তৈরি করে, তা সকল প্রচার মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা। পরিবার ও সমাজে মোটিভেশনাল কার্যক্রম শুরু করা। জনপ্রতিনিধিসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নৈতিকমূল্যবোধ গঠনে স্ব স্ব এলাকায় উদ্দীপনামূলক ভূমিকা রাখতে হবে। সরকার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি যেন অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। সরকারকে এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকতে হবে। অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এর পুনরাবৃত্তি না হয়। যেকোনো মূল্যে সকল অপরাধের মূল উৎস মাদক নির্মূল করতে হবে।
