দক্ষিণ এশিয়ার ইন্দো-গাঙ্গেয় সমভূমি ও হিমালয়ের পাদদেশ অঞ্চলে বায়ুদূষণজনিত বিপদ সম্পর্কে বিশ্বব্যাংক বৃহস্পতিবার যে প্রতিবেদন প্রকাশ করিয়াছে তাহা আমাদের নীতিনির্ধারকদের জন্য একটা সতর্ক বার্তা হইতে পারে। উক্ত প্রতিবেদনের বরাত দিয়া শুক্রবার সমকাল জানাইয়াছে, এই অঞ্চলের প্রায় ১০০ কোটি মানুষ অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস লইতেছেন, ফলস্বরূপ প্রতিবৎসর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান ও নেপালের প্রায় ১০ লক্ষ মানুষ অকালমৃত্যু বরণ করিতেছে। উপরন্তু, প্রতি বৎসর আঞ্চলিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হইতেছে; জনস্বাস্থ্য, শ্রম উৎপাদনশীলতা ও মানবসম্পদ উন্নয়নে যাহার প্রভাব দীর্ঘমেয়াদি। বিশ্বব্যাংকের প্রতিবেদন মতে, বায়ুদূষণের কারণে বাংলাদেশে শ্বাসকষ্ট, হৃদরোগ, স্ট্রোক ও শিশুমৃত্যুর ঝুঁকি বাড়িতেছে। ইহার সহিত যুক্ত হইতেছে কর্মঘণ্টা নষ্ট হওয়া, চিকিৎসা ব্যয় বৃদ্ধি ও উৎপাদনশীলতা হ্রাসের চাপ। বর্তমান পরিস্থিতি চলিতে থাকিলে একদিকে জনস্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি পাইবে, অন্যদিকে অর্থনীতিতে মানুষের কার্যকর অংশগ্রহণ কমিয়া যাইবে। ফলে উন্নয়ন অর্জনও ঝুঁকির মুখে পড়িবে।

বায়ুদূষণের অভ্যন্তরীণ কারণসমূহ লইয়া আমরা ইতোপূর্বে এই স্তম্ভে বারংবার আলোচনা করিয়াছি। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও সেই কারণসমূহই চিহ্নিত হইয়াছে। উহাতে রহিয়াছে, রান্না ও গরম করিবার জন্য কঠিন জ্বালানি ব্যবহার, ইটভাটা ও শিল্প-কারখানায় ফিল্টারবিহীন জীবাশ্ম জ্বালানি পোড়ানো, পুরাতন ও অদক্ষ যানবাহন, কৃষিজ ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, অপরিকল্পিত সার ব্যবস্থাপনা এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানো। উপরন্তু, এই কারণসমূহ সম্পর্কে যদ্রূপ বিগত সরকারের কর্তাব্যক্তিরা অবগত ছিলেন, তদ্রূপ বর্তমান অন্তর্বর্তী সরকারও যথেষ্ট পরিমাণ জ্ঞাত। বরং বলা যায়, বেশ কয়েকজন পরিবেশ বিশেষজ্ঞ উপদেষ্টামণ্ডলীতে আছেন, যাহারা এইগুলির সমাধান সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখেন।

এই কারণেই গত বৎসরের ১৯ ডিসেম্বর বিদ্যুৎ ভবনে ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভা হইতে সমন্বিত পদক্ষেপের ঘোষণা আসিয়াছিল। এই ঘোষণা মোতাবেক ২০ বছরের পুরাতন বাস তুলিয়া লওয়া, রিকশা ও ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের আওতায় আনিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন, মহাখালী বাসস্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত দখলমুক্ত করা, আশুলিয়াকে ‘নো ব্রিকফিল্ড’ করিবার চিন্তা, সড়ক বিভাজক ও অনাবৃত জায়গায় ঘাস লাগানোসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করিবার কথা ছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত, ইতোমধ্যে এক বৎসর অতিক্রান্ত হইলেও এই বিষয়ে অগ্রগতি হয় নাই বলিলেই চলে। পুরাতন বাস তুলিয়া লইবার চূড়ান্ত সময় একাধিকবার নির্ধারণের পরও তাহা আলোর মুখ দেখে নাই। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হইয়াছে, জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশসহ ভারতের বিভিন্ন স্থান হইতে ‘ট্রান্স-বাউন্ডারি এফেক্ট’ হিসেবে বাংলাদেশে দূষিত বায়ু প্রবেশ করে। ফলে অনেক সময় বর্ষাকালে ভালো থাকিলেও বিশেষত ঢাকাসহ বড় শহরসমূহে শীত মৌসুমে বায়ুর মান ভয়াবহ পর্যায়ে নামিয়া যায়। প্রশ্ন হইল, যে সরকার দেশের ভিতরের পুরাতন যানবাহনের চলাচল এবং অবৈধ ইটভাটা বন্ধ করিতে পারে না, তাহারা বায়ুদূষণের আন্তঃসীমান্ত উৎস বন্ধ করিবে কী প্রকারে?

সংগত প্রশ্ন হইলেও আমরা আশা ছাড়িয়া দিতে পারি না। তাই সরকারকে প্রয়োজনে বিশ্বব্যাংক ও অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সাহায্য লইবার পরামর্শ দিতে চাই আমরা। শুধু আঞ্চলিক উৎস নহে, বায়ুদূষণের অভ্যন্তরীণ কারণ দূর করিবার আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা যায়। আমরা মনে করি, এই অঞ্চলের সরকারগুলিকে বিশ্বব্যাংক বুঝাইতে পারে যে, তাহারা একত্রে কাজ করিলে এই অঞ্চলের সকল নাগরিকের জন্য দূষণ হ্রাস, লক্ষ লক্ষ জীবন রক্ষা ও সকলের জন্য পরিষ্কার বাতাস নিশ্চিত করা সম্ভব। ইহার পাশাপাশি অভ্যন্তরীণ দূষণ ঠেকাইতে প্রতিবেদনে বিশ্বব্যাংক প্রস্তাবিত সমাধানের পথসমূহও অনুসরণ করা যাইতে পারে। তবে সর্বাগ্রে প্রয়োজন সরকারের সদিচ্ছা, এই কথাও ভুলিয়া গেলে চলিবে না। আমাদের বিশ্বাস, জীবন ও জীবিকা রক্ষার স্বার্থে সরকার বায়ুদূষণ হ্রাসে দ্রুত আগাইয়া আসিবে।