ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং উহার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা অভিযান প্রায় সমগ্র পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে স্পষ্টতই নিরাপত্তা সংকট সৃষ্টি করিয়াছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ইরানসহ অঞ্চলটির বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি অভিবাসীগণের নিরাপত্তা লইয়া সংশ্লিষ্ট পরিবারসমূহ, তৎসহিত জনসাধারণের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হইয়াছে। বিশেষত গত তিন দিনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বেশ কয়েকজন বাংলাদেশি হতাহত হইবার খবরে এই উদ্বেগ গভীর হইয়াছে। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সংযুক্ত আরব আমিরাতে শনিবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ তিনজন নিহত হইয়াছেন। ৫৮ আহতের মধ্যেও বাংলাদেশি রহিয়াছেন। উপরন্তু সোমবার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন প্রবাসী বাংলাদেশি নিহত এবং দুইজন বাংলাদেশি আহত হইয়াছেন। এই চিত্র মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিগণের নিরাপত্তার প্রশ্নটি নূতন করিয়া সম্মুখে আনিয়াছে।
আমরা জানি, ইরান শুধু সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নাই। সৌদি আরব, কুয়েতসহ অঞ্চলটির যেই সকল দেশে মার্কিন ঘাঁটি রহিয়াছে, সেইগুলিকেও ইরান মার্কিন হামলার জবাবস্বরূপ লক্ষ্যবস্তু স্থির করিয়াছে। অন্যদিকে শুধু সৌদি আরবেই কর্মরত বাংলাদেশির সংখ্যা ২২ লক্ষাধিক; সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, ইরানসহ সংশ্লিষ্ট সংকটকবলিত রাষ্ট্রগুলিতে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা যোগ করিলে মোট সংখ্যা প্রায় ৪০ লক্ষ। এই শঙ্কা অমূলক নহে, ইরানের উপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন যতদিন চলিবে, উক্ত দেশগুলিতে বসবাসকারী বাংলাদেশি হতাহতের ঘটনা তত বাড়িবে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা করিয়াছেন, ইরানে তাহাদের ‘অভিযান’ চার সপ্তাহ চলিতে পারে।
বাংলাদেশের প্রবাসী আয়ের বৃহৎ অংশ আসে পশ্চিম এশিয়ার বর্তমানে ঝঞ্ঝাক্লিষ্ট দেশগুলি হইতে। বিগত চার বৎসর যাবৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং যেই ডলার সংকট বাংলাদেশ মোকাবিলা করিতেছে, সেইখানে রেমিট্যান্সই প্রধান ভরসা জোগাইয়াছে। বার্ষিক বিশাল অঙ্কের আমদানি বিল মিটাইবার ক্ষেত্রেও উহা অন্যতম সহায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হইল, রেমিট্যান্স আমাদের গ্রামীণ অর্থনীতির প্রধান চালিকাশক্তিরূপে ইতোমধ্যে আবির্ভূত। অভিবাসীদের অধিকাংশই পল্লি অঞ্চলের অধিবাসী, যাহারা মূলত প্রান্তিক পরিবারভুক্ত। সেই দিক হইতে অভিবাসন কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর সহিত প্রান্তিক নারীরও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিতেছে। এই অভিবাসীদের নিরাপত্তা লইয়া কোনো প্রকার শৈথিল্য বা উদাসীনতার অবকাশ নাই।
আশার বিষয়, বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিষয়টি বিবেচনায় লইয়াছে। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইরান ও মধ্যপ্রাচ্যে বিদ্যমান বিরোধপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ঐ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা লইয়া সরকারের পক্ষ হইতে গভীর উদ্বেগ প্রকাশ করা হইয়াছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশন ইতোমধ্যে স্থাপনা, কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ কার্যক্রম শুরু হইয়াছে। একইভাবে ঐ অঞ্চলের অন্য দেশগুলিতেও প্রয়োজনীয় তৎপরতা চালাইতে হইবে।
উদ্ভূত পরিস্থিতিতে আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশি কর্মীদের বিষয়টাও সহানুভূতির সহিত দেখিতে হইবে। সর্বোপরি ‘সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব’– বাংলাদেশ সরকারের এই অবস্থানের প্রতি আমরা সমর্থন ব্যক্ত করিতেছি। তৎসহিত এই আশাও ব্যক্ত করিতেছি, বাংলাদেশ সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাইয়াই ক্ষান্ত থাকিবে না, এই লক্ষ্যে প্রয়োজনীয় তৎপরতাও চালাইবে।
