ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হইতে ‘কাটার মাস্টার’খ্যাত বাংলাদেশি বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে যেই প্রক্রিয়ায় বাদ দেওয়া হইয়াছে, উহা কেবল নিন্দনীয় নহে, এই অঞ্চলের ক্রিকেটের জন্যও অশনিসংকেত। সম্প্রতি অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লক্ষ রুপিতে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করিয়াছিল টি২০ টুর্নামেন্টটির অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শনিবার এক বিবৃতি দিয়া কেকেআর জানাইয়াছে, ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইর নির্দেশানুসারে মুস্তাফিজকে তাহারা আইপিএল হইতে বাদ দিয়াছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ঘটনাকে পুঁজি করিয়া ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীর একটি অংশ মুস্তাফিজকে আইপিএলে খেলিতে না দিবার অন্যায্য দাবি জানাইয়া আসিতেছে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানেরও তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ইহার পরিপ্রেক্ষিতে বিসিসিআই সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীর পাশাপাশি শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের বিস্মিত করিয়া উক্ত নির্দেশনা প্রদান করে। বিষয়টি বিস্ময়কর এই জন্য, দিপু চন্দ্র দাসের হত্যকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশেও বিক্ষোভ হইয়াছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে উক্ত নৃশংস ঘটনার সহিত জড়িতদের অনেককে আইনের আওতায় আনিয়াছে। বিসিসিআই উক্ত পদক্ষেপের মধ্য দিয়া বাংলাদেশের জনগণ ও সরকারের সাম্প্রদায়িকতাবিরোধী অবস্থানকে হেয় করিবার চেষ্টা করিল। সর্বোপরি উক্ত পদক্ষেপের মাধ্যমে বিসিসিআই ক্রীড়াজগতের ন্যায় অরাজনৈতিক ক্ষেত্রেরও সংকীর্ণ রাজনৈতিকীকরণ করিল।

ক্রিকেট বিশেষত দক্ষিণ এশিয়ায় অত্যন্ত জনপ্রিয় খেলা হইলেও অদ্যাবধি ইহা বিশ্বব্যাপী সম্প্রসারিত হয় নাই। অন্তত ফুটবলের ন্যায় জনপ্রিয়তা ক্রিকেটের নাই। অন্যদিকে একটা জনপ্রিয় খেলা শুধু বাণিজ্যিক কারণেই গুরুত্বপূর্ণ নহে; সংশ্লিষ্ট জাতির মধ্যে সুস্থ শারীরিক-মানসিক চর্চার অভ্যাস গড়িয়া তুলিতেও দারুণ কার্যকর। উপরন্তু জাতিতে জাতিতে দূরত্ব ঘুচাইয়া বন্ধুত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রেও খেলার ভূমিকা অতুলনীয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যাহার প্রভাব অস্বীকার করা যায় না। এই পরিপ্রেক্ষিতেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাম্প্রতিক বৎসরগুলিতে সমগ্র বিশ্বে ক্রিকেট ছড়াইয়া দিবার প্রাণান্তকর চেষ্টায় লিপ্ত। কিন্তু বিসিসিআইর আলোচ্য সিদ্ধান্তটি নিঃসন্দেহে ক্রিকেটের আন্তর্জাতিকায়নকে বাধাগ্রস্ত করিবে। সম্ভবত এই কারণেই মুস্তাফিজের বিষয়টি লইয়া ভারতের অভ্যন্তরেই প্রশ্ন উঠিয়াছে; বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটারদের মধ্যে অনেকে বিসিসিআইর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করিয়াছেন।

স্মর্তব্য, মুস্তাফিজ এই বৎসরের আইপিএলে নির্বাচিত একমাত্র বাংলাদেশি খেলোয়াড়, যিনি শুধু বাংলাদেশের অন্যতম সেরা ফাস্ট বোলার নহেন, বিগত কয়েক বৎসরের আইপিএলেও তাঁহার পাফরম্যান্স সর্বমহলে উচ্চ প্রশংসা অর্জন করিয়াছে। তদুপরি মুস্তাফিজ কেবল যোগ্যতার ভিত্তিতেই আইপিএলে স্থান পাইয়াছিলেন। তাঁহার অপসারণের সিদ্ধান্ত আসিয়াছে নিছক জাতীয়তা বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে। এই ঘটনায় সাম্প্রদায়িকতা বরং উভয় দেশেই অধিকতর অক্সিজেন পাইবে। এই কারণে বাংলাদেশে যেই প্রতিকূল প্রতিক্রিয়া দেখা দিয়াছে, তাহা স্বাভাবিক বলিয়া আমরা মনে করি। ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা লইয়া উদ্বেগ প্রকাশ করিয়া তথায় আমাদের জাতীয় দলকে ভারতে না প্রেরণের সিদ্ধান্ত লইয়াছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমরা এই সিদ্ধান্তকেও সমর্থন করি। আইপিএল বাংলাদেশি ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হইবার পরও সরকার বাংলাদেশে ইহার সম্প্রচার নিষিদ্ধ করিয়া যেই আদেশ দিয়াছে, তাহাও সমর্থন না করার কোনো যুক্তি নাই। আমাদের প্রত্যাশা, সমগ্র পরিস্থিতি দ্রুত পর্যালোচনা করিয়া বিসিসিআই মুস্তাফিজুর রহমানের বিষয়ে উহার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করিবে। তাহারা ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকিতে দিবে; রাজনীতির কদর্য ইহাকে স্পর্শ করিতে দিবে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পাশাপাশি অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে আইসিসি এবং প্রয়োজনে ভারত সরকারের সহিত কূটনৈতিক তৎপরতা জোরদার করিবার মাধ্যমে বিষয়টির ন্যায্য সুরাহা আদায়ে সচেষ্ট হইবে।