মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দেশে দুইটি প্রাণঘাতি নৌ দুর্ঘটনা ঘটিল। শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর অংশে বিপরীতমুখী দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ফলস্বরূপ চার যাত্রীর বেদনাদায়ক প্রাণহানি ঘটিয়াছে। অপরদিকে, শুক্রবার ভোরে বরিশাল হইতে ঢাকাগামী সুন্দরবন-১৬ যাত্রীবাহী লঞ্চ বুড়িগঙ্গা নদীর ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় একটি বেসরকারি ঘাটের পাশে নোঙ্গরকারী বালুভর্তি বাল্কহেডকে ধাক্কা দিলে ইহার অর্ধেক অংশ পানির নিচে তলাইয়া যায়। বাঁচার আশায় বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিকের তিন শ্রমিক নদীতে লাফাইয়া পড়িয়া বাঁচিয়া যান। দুইজন নিখোঁজ থাকেন। শুক্রবার সন্ধ্যায় উক্ত দুই শ্রমিকের মরদেহ বাল্কহেডের ভিতর হইতে উদ্ধার করা হয়।

এই ধরনের নৌ দুর্ঘটনা বিশেষত শীতকালে প্রতি বৎসরই ঘটিয়া থাকে। এই ক্ষেত্রে ঘন কুয়াশার ভূমিকা প্রধান হইলেও নৌযানের কারিগরি ত্রুটি, প্রশিক্ষণবিহীন চালক এবং বেপরোয়া চালনার ভূমিকাও কম নহে। কিন্তু অতীতের প্রতিটি নৌ দুর্ঘটনায় সরকারি তদন্ত কমিটি গঠিত হইলেও সেই সকল তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় নাই অথবা কমিটি প্রদত্ত সুপারিশ বাস্তবায়িত হয় নাই। প্রসঙ্গত বলা প্রয়োজন, দেশে বর্ষাকালেও নৌ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়। অতীতের এহেন অনেক নৌ দুর্ঘটনায় তদন্ত কমিটি প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সহ্য করিবার উপযোগী নকশা না থাকিবার পাশাপাশি চালকের ভুলভ্রান্তি ও বেপরোয়া আচরণকে দায়ী করিলেও পরবর্তী সময়ে সংশোধনমূলক কোনো পদক্ষেপ গৃহীত হয় নাই। এই প্রেক্ষাপটে পুনঃপুন নৌ দুর্ঘটনার জন্য জীবনের প্রতি সরকারের ঔদাসীন্যকেও দায়ী করা যায়। আলোচ্য দুই দুর্ঘটনার পরপরই নৌ পরিবহন মন্ত্রণালয় কতিপয় নির্দেশনা জারি করিয়াছে, যেইগুলি অনেকাংশেই বাস্তবতাবিবর্জিত। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন উপদেষ্টা বলিয়াছেন, রাতে কুয়াশায় কোনো লঞ্চ চলিবে না, যতক্ষণ দৃশ্যমানতা বৃদ্ধি না পায় ততক্ষণ লঞ্চ নোঙ্গর করিয়া বাতি জ্বালাইয়া রাখিতে হইবে। এই মৌসুমে সকাল ৮টার পূর্বে কোনো বাল্কহেড চলাচল করিলে উহাকে গ্রেপ্তার করিবার কথাও বলিয়াছেন। প্রশ্ন হইল, নৌপথে কুয়াশা থাকে অন্তত তিন মাস, এই সম্পূর্ণ সময় নৌযান চলাচল বন্ধ রাখা সম্ভবপর? উপরন্তু, বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের দোহাই দিয়া যদি অনুরূপ নির্দেশনা জারি করা হয় তাহা হইলে তো প্রায় সম্পূর্ণ বৎসরই নৌযানকে অলস বসিয়া থাকিতে হইবে। ইহা যদ্রূপ সংশ্লিষ্ট মালিকদের জন্য সর্বনাশ ডাকিয়া আনিবে, তদ্রূপ যাত্রীসাধারণ ও প্রাসঙ্গিক ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা সৃষ্টি হইবে।

আমরা মনে করি, নৌ নিরাপত্তা বৃদ্ধিতে প্রয়োজন দুর্ঘটনা তদন্তে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রস্তুত এবং কমিটির সুপারিশ অনুসরণ করিয়া নৌযান, উহার চালক ও মালিকের জন্য পালনীয় বিষয়সমূহ নিশ্চিত করা। অর্থাৎ এই নৌ দুর্ঘটনা বিষয়ে বিশেষত অতীতের সরকারি ব্যর্থতা হইতে বাহির হইয়া আসা। এই ক্ষেত্রে আদৌ অগ্রগতি ঘটিবে কিনা সেই সম্পর্কে সন্দেহের অবকাশ রহিয়াছে। উপদেষ্টা বলিয়াছেন, দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবে আলোচ্য লঞ্চটির পাঁচ কর্মচারীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে লওয়া হইয়াছে। প্রশ্ন হইতেছে, এই দুর্ঘটনায় মালিক পক্ষের কি দায় নাই? উপদেষ্টা বলিয়াছেন বটে, তদন্ত কমিটির প্রতিবেদনে অন্য কাহাকে দায়ী করা হইলে তাহারাও আইনের আওতায় আসিবেন। কিন্তু এই বিষয়ে অভিজ্ঞতা সুখকর নহে। দায়িত্বহীন চালক নিয়োগ দেওয়ার জন্য যদ্রূপ মালিক দায় এড়াইতে পারেন না, তদ্রূপ চালকের উপর মালিকের বহু অন্যায় চাপের কারণেও এই ধরনের দুর্ঘটনা ঘটে। তবে সব ভালো তাহার শেষ ভালো যাহার। তাই আমাদের প্রত্যাশা, নৌ মন্ত্রণালয় এইবার অন্তত নৌ দুর্ঘটনা সম্পর্কিত উদাসীনতা হইতে বাহির হইয়া আসিবে। নৌ পথ নিরাপদ করিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করিবে।