মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর ‘তৌহিদি জনতার’ ব্যানারে হামলার ঘটনা ঘটেছে। যা একই সঙ্গে নিন্দনীয় ও উদ্বেগজনক। ঘিওরের বন্দর এলাকায় বাউল শিল্পীদের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। তৌহিদি জনতার নামে একদল লোক তাদের ওপর হামলা চালায়। একাধিক বাউল শিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। ঘটনায় চারজন বাউল শিল্পী আহত হন। হামলাকারীরা বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। উল্লেখ করা যেতে পারে, বাউল শিল্পী আবুল সরকারের একটি গানকে কেন্দ্র করে তার নামে মামলা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যখন বিষয়টি আদালতের এখতিয়ারে চলে গেছে, তখন বাউল শিল্পীদের সমাবেশ ও তাদের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক।
সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে, কারা এই তৌহিদি জনতা? তৌহিদি জনতার নামে রীতিমতো ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। ইতোপূর্বে একই ব্যানারে দেশের বিভিন্ন স্থানে গান-বাজনায় বাধা দান, নাটক মঞ্চায়ন বন্ধ করা হয়েছে। মব সন্ত্রাস করে হামলা করা এবং মাজার ভাঙার ঘটনা ঘটেছে। প্রকৃত তৌহিদি জনতা এসব কাজ কখনোই করতে পারে না। স্বৈরাচার বিদায়ের পর অন্তর্বর্র্তী সরকার ক্ষমতাসীন হলে কিছু দিনের মধ্যে তথাকথিত তৌহিদি জনতার আবির্ভাব হয় এবং তারা নানারকম অপকর্ম শুরু করে। ইতোমধ্যে তাদের দৌরাত্ম্য সীমা ছাড়িয়ে গেছে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা তার প্রমাণ বহন করে। ধর্ম রক্ষার নামে উগ্রপন্থা প্রদর্শন করতে তৌহিদি জনতার ব্যানারটি ব্যবহার করা হচ্ছে; তাতে কোনো সন্দেহ নেই। ইসলামে উগ্রপন্থার কোনো স্থান নেই। ইসলামের নামে হামলা, ভাঙচুর, সন্ত্রাস করার অধিকার কাউকে দেয়া হয়নি। যারা তৌহিদি জনতার ব্যানারে এসব করছে, তাদের শনাক্ত করা ও প্রতিহত করার বিকল্প নেই। পর্যবেক্ষকদের মতে, ভীতি, আতঙ্ক ও অরাজকতা সৃষ্টি জন্য পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গ ও দোসররা তৌহিদি জনতার নিরাপদ খোলসে আশ্রয় নিয়ে এসব অনাচার-অপরাধ করছে। যতদূর জানা যায়, তৌহিদি জনতার ব্যানারে অন্তত দু’শর মতো মাজার-খানকায় হামলা হয়েছে। আমাদের দেশে ইসলামপন্থি বলে পরিচিত একাধিক মহল আছে যারা মাজার ও খানকা-বিরোধী। এসব মাজার-খানকায় হামলার ক্ষেত্রে তাদের ইন্ধন ও অংশ থাকতে পারে বা থাকা অসম্ভব নয়। মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলায় জামায়াত ও সালাফিপন্থিরা জড়িত বলে স্থানীয়দের বরাতে খবরে জানানো হয়েছে।
বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং বিভিন্ন উপজাতি ও সম্প্রদায়ের লোকের বাস। একই সঙ্গে আছে বাউল, ফকির, সন্ন্যাসীসহ নানান মতবাদে বিশ্বাসী মানুষ। তারা সবাই শতশত বছর ধরে শান্তি ও সম্প্রীতির অনাবিল ছায়ায় বসবাস করছে। বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির সম্মেলন ঘটেছে এই ভূখ-ে। মানুষে মানুষে যেমন ভেদ-বিসংবাদ নেই, তেমনি ঐতিহ্য ও সংস্কৃতি পৃথক হলেও সঙ্ঘাত নেই। বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে খ্যাত। বাংলাদেশের এই গৌরবময় পরিচিতি মুছে দিয়ে উগ্রবাদী ও সঙ্ঘাতপূর্ণ দেশে পরিণত করা ষড়যন্ত্র চলছে অনেক দিন ধরে। পতিত স্বৈরাচার দেশকে উগ্রবাদী, জঙ্গিবাদী দেশের ট্যাগ লাগাতে কোশেশের কোনো কমতি করেনি। তার প্রভুদেশ ভারত তাকে পূর্ণ সহযোগিতা দিয়েছে। দু’য়ে মিলে ইসলামী মৌলবাদী দেশের ন্যারেটিভ প্রচার করেছে। আশার কথা, তারা শত চেষ্টা করেও বাংলাদেশ যা নয়, তা প্রমাণ করতে পারেনি। এর মানে এটি নয় যে, তারা থেমে গেছে। তাদের ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত আছে। দুঃখের বিষয়, দেশে এমন কিছু মানুষ আছে, যারা বুঝে হোক, না বুঝে হোক কিংবা বিভ্রান্ত ও প্ররোচিত হোক, সেইসব কাজ করছে যা স্বৈরাচার ও ভারতের ষড়যন্ত্রে শক্তি জোগাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান এ প্রসঙ্গে যথাযথই বলেছেন, কিছু লোক তৌহিদি জনতার পরিচয়ে মাঠে নেমে সরকার-রাষ্ট্রকে চাপে ফেলতে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে, যা শেষ পর্যন্ত শেখ হাসিনা ভারতের আগের ন্যারেটিভকেই শক্তিশালী করছে।
বাংলাদেশের মানুষ জঙ্গি বা উগ্রবাদী নয়। উগ্রবাদী হলে কী হয়, তার প্রমাণ রয়েছে নাইজেরিয়ায়। সম্প্রতি উত্তর মধ্যাঞ্চলের রাজ্য নাইজারের সেন্ট ম্যারির ক্যাথলিক স্কুল থেকে কমপক্ষে ৩০৩ জন শিক্ষার্থী ও ১২ শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। কারা অপহরণ করেছে, তাদের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে, কোনো উগ্রবাদী সংগঠন এটি করেছে। এ ধরনের অপহরণের ঘটনা নাইজেরিয়ায় নতুন নয়। সম্পদশালী একটি দেশ, যা মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অরাজকতা, দুঃশাসন ও উগ্রবাদ বিস্তারের কারণে দেশটি দোজখে পরিণত হয়েছে। বাংলাদেশ নাইজেরিয়া হতে পারে না কোনো অজুহাতেই। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, তথাকথিত তৌহিদি জনতার দৌরাত্ম্য দমনে সরকার শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। সরকারের ভাবমর্যাদার সঙ্গে দেশের ভাবমর্যাদাও ক্ষুণœ হচ্ছে। অথচ সরকার দেখেও না দেখার ভান করছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে পোস্টে একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, তাসাওফপন্থি ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক। প্রশ্ন হলোÑ জুলুম বন্ধ করার দায়িত্ব সরকারের। সরকার যদি না করে তবে কে করবে? সরকারকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তৌহিদি জনতার নামে যারা হামলা, সন্ত্রাস করছে তাদের গ্রেফতার করতে হবে। উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে শত শত বছর ধরে যে লিবারাল সমাজ গড়ে উঠেছে সেই সমাজ ও সমাজের ঐতিহ্যকে যেকোনো মূল্যে সুরক্ষা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে দায়িত্বশীল ও তৎপর হতে হবে। তৎপর থাকতে হবে। সমাজ ও ধর্মনেতাদের দায়িত্বও এ ক্ষেত্রে কম নয়। তাদেরও এগিয়ে আসতে হবে। সবার জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে হবে।
