অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দেড় দশক পর জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্রের নবযাত্রারও সূচনা হলো। ’২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দেড় বছর পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়্। এ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ (২০৯ টি) আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ ও সরকার গঠন করে। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ৭৭টি আসন পেয়ে বিরোধীদলে আসীন হয়েছে। নির্বাচনের ঠিক একমাসের মাথায় গত ১২ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। বিগত সংসদের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার হত্যা মামলায় জেলে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু করার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান প্রস্তাব করলে তা সরকারি ও বিরোধীদল সমর্থন করেন। এরপর তিনি সভাপতির আসনে বসেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু করেন। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে একজন করে প্রার্থ থাকায় তাদের নির্বাচিত করা হয়। স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। দুজনই সরকারি দলের এমপি। এর মাধ্যমে জাতীয় সংসদ ও গণতন্ত্রের এক ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে।

সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিতে দাঁড়ান। প্রথমবারের মতো জাতীয় সংসদে বক্তব্য দিতে দাঁড়িয়ে তিনি বলেছেন, জাতীয় সংসদকে সব যুক্তিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে জাতীয় সংসদ জনগণের কল্যাণে আলোচনার চেয়ে মানুষের চরিত্র হননে বেশি সময় ব্যয় করা হয়েছে। এই সংসদ যেন কারও অপমানের কেন্দ্রে পরিণত না হয়। এটি যেন কেবল জনকল্যাণে পরিচালিত হয়। বলার অপেক্ষা রাখে না, রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়ে জাতীয় সংসদ ও গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা এগিয়ে নিতে এবং সমুন্নত রাখতে সরকার ও বিরোধীদলের আন্তরিকতা রয়েছে।

উভয় পক্ষই সংসদকে কার্যকর, প্রাণবন্ত ও সকল গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ, সর্বোপরি আলাপ-আলোচনার মাধ্যমে দেশ পরিচালনায় ঐকমত্যের আভাস দিয়েছে। এটা দেশের জন্য খুবই প্রত্যাশিত এবং এটাই ছিল দেশের স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি কাক্সিক্ষত। আমরা অতীতে সংসদকে কার্যকর হতে খুব একটা দেখিনি। সরকারিদল ও বিরোধীদল সংসদ যাত্রার শুরুর দিন থেকেই একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। স্বৈরাচার শাসনামলে সংসদ পরিণত হয় সরকার-বিরোধীদলের আঁতাতের সংসদ। বিরোধীদল পরিণত হয়েছিল গৃহপালিত বিরোধীদলে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে জাতীয় সংসদের অবস্থা কি ছিল, তা বোধকরি নতুন করে বলার কিছু নেই। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার শহীদের রক্তের বিনিময়ে সেই একনায়কতান্ত্রিক শাসন ও জাতীয় সংসদের অবসান ঘটে। সকলেরই প্রত্যাশা নতুন জাতীয় সংসদ অতীতের সকল বিতর্কিত ভূমিকা বা সাহেব-বিবির দলীয় কার্যালয়ে পরিণত না হয়ে সত্যিকারের জাতীয় সংসদে পরিণত হবে। এই সংসদ আইন প্রণয়ন থেকে শুরু করে দেশের সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। অযথা বাহাস, অযৌক্তিক কথাবার্তা ও বিরোধিতার জন্য বিরোধিতা না করে এর প্রতিটি মিনিট দেশের কাজে ব্যয় করতে হবে। কারণ জাতীয় সংসদের প্রতি মিনিটে ব্যয় হয় কয়েক লাখ টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক হিসেবে দেখানো হয়েছে বিগত সংসদগুলোতে গড়ে প্রতি মিনিটে ব্যায় হতো প্রায় ১ লাখ ৭২ হাজার টাকার বেশি। কাজেই সরকার ও বিরোধীদলের প্রত্যেক এমপি যেন জাতীয় সংসদে কথা বলার সময় যাতে এ হিসাবটি মনে রাখেন। অযথা বাহুল্য কথা বলে সময় নষ্ট না করে প্রতিটি মিনিট যেন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগান।

বহুল কাক্সিক্ষত গণতান্ত্রিক জাতীয় সংসদের সূচনার দিনটি দেখে মনে হয়েছে, এই সংসদের যাত্রা দেশের মানুষের আশা-আকাক্সক্ষাকে ধারণ করে শুরু হয়েছে এবং এ লক্ষ্যেই এগিয়ে যাবে। প্রথম দিনের সবকিছুই অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত হয়েছে। শুধু রাষ্ট্রপতির ভাষণ দেয়াকে কেন্দ্র করে বিরোধীদলের ওয়াক আউট ছাড়া। বিরোধীদলের কাছে কোনো কিছু অযৌক্তিক বলে প্রতীয়মান হলে তার প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াক আউটের ঘটনা বিরল নয়। এটা গণতন্ত্রের রীতিনীতিতে সিদ্ধ। শুধু তাই নয়, সরকারের কোনো আইন প্রস্তাব, সিদ্ধান্ত, সরকার পরিচালনায় ব্যত্যয় ঘটলে বিরোধীদল যথাযথ যুক্তি উপস্থাপন করে তার বিরোধিতা করতে পারে। সরকারি দলকেও বিরোধীদলের যৌক্তিক কথা ও দাবি মানতে হয়। এক্ষেত্রে তাদের কথা উড়িয়ে দেয়া যায় না। এর ব্যত্যয় ঘটলে গণতন্ত্র ব্যাহত হয় এবং সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠে। অন্যদিকে, দেশ ও জাতির কল্যাণে সরকারি দল কোনো আইন, সিদ্ধান্ত, প্রস্তাব ইত্যাদি গ্রহণ করলে এবং সেখানে যদি বিরোধীদল শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে, তাহলে তা গ্রহণযোগ্য নয়। দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, এমন যেকোনো কর্মকা-ের বিরোধিতা করা তার দায়িত্ব। সরকারি দলকেও বিরোধীদলের কথাকে গুরুত্ব দিয়ে আমলে নিতে হবে। এক্ষেত্রে জাতীয় সংসদের অভিভাবক হিসেবে সরকারি দলের দায়িত্ব বেশি। আমরা আশা করি, বহু আন্দোলন-সংগ্রাম এবং প্রাণের বিনিময়ে নতুন যে জাতীয় সংসদ যাত্রা শুরু করেছে তা সরকার এবং বিরোধীদল উভয়ে মিলে এগিয়ে নেবে। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যুক্তি পাল্টা যুক্তির মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে দেশের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করবে। জাতীয় সংসদকে সকল সমস্যার কেন্দবিন্দুতে পরিণত করবে।