বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় কৃষি ও পল্লী খাত থেকে। এই খাত দেশের জিডিপিতে প্রায় ১১.৮৫ শতাংশ অবদান রাখে। এর মানে কৃষি ও পল্লী খাতের আর্থিক নিরাপত্তা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে সরাসরি যুক্ত। কিন্তু এর স্থিতিশীলতা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন অনুযায়ী, কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণ ও আদায়ের পরিমাণ উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। খাতটির সার্বিক অর্থনৈতিক গুরুত্বের বিচারে এটি আশাব্যঞ্জক। কিন্তু ঋণের গুণগত মান এবং খেলাপি সংস্কৃতির কারণে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। প্রতিবেদনের তথ্য বলছে, আলোচ্য তিন মাসে ব্যাংকগুলো প্রায় ১১ হাজার কোটি টাকার উপরে কৃষি ও পল্লীঋণ বিতরণ করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। উদ্বেগের বিষয় হলো— চলতি অর্থবছরে নির্ধারিত লক্ষ্যের তুলনায় প্রথম তিন মাসে অর্থ ফেরত এসেছে মাত্র ১৮ শতাংশের কাছাকাছি। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণে বড় ভূমিকা রাখলেও, ইসলামী ব্যাংকগুলোর কৃষি খাতে শ্রেণীকৃত (খেলাপি) ঋণ এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ৯৬ শতাংশ হয়েছে। পাঁচ হাজার ৬০০ কোটি টাকার কিছু বেশি ঋণ স্থিতির বিপরীতে শ্রেণীকৃত ঋণ বেড়ে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকায় পৌঁছেছে। আশঙ্কাজনক হারে বেড়েছে মেয়াদোত্তীর্ণ ঋণ। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতেও খেলাপি ঋণের চিত্র খুব একটা সন্তোষজনক নয়। যদিও বিশেষায়িত ও বেসরকারি ব্যাংকে শ্রেণীকৃত ঋণ সামান্য কমেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তা ৫ শতাংশের বেশি বেড়েছে। সামগ্রিক খাতের খেলাপি সামান্য কমলেও ঝুঁকি মূলত এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরিত হচ্ছে বা কেন্দ্রীভূত হয়ে থাকছে। অন্যদিকে, আদায়ের পরিমাণ বাড়লেও ‘আদায়ের উপযোগী অর্থের পরিমাণ’ বা বকেয়ার চাপ প্রতিনিয়ত বড় হচ্ছে। ফলে কেবল বিতরণের প্রবৃদ্ধি দিয়ে কৃষি খাতের সুশাসন ও সাফল্য পরিমাপ করা ভুল হবে। আরেকটি বড় ঘাটতি আছে খাতভিত্তিক বণ্টনে। নীতিমালার নির্দেশনা অনুযায়ী শস্য, মৎস্য, সেচ ও কৃষিযন্ত্রপাতি খাতে যে অনুপাতে অর্থায়ন হওয়ার কথা, বাস্তবে তার সুষম বণ্টন নিশ্চিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব, আবাদি জমি কমে যাওয়া এবং উৎপাদন ব্যয় বাড়ার এই সময়ে কৃষি কেবল মৌসুমি ফসলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কৃষিপণ্য সংরক্ষণ, আধুনিক যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনব্যবস্থায় দীর্ঘমেয়াদি অর্থায়ন বাড়াতে হবে। প্রকৃত কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের হাতে যাতে সহজ শর্তে ও সঠিক সময়ে ঋণ পৌঁছায় এবং তার সর্বোচ্চ উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিতে হবে। ইসলামী ব্যাংকসহ যেসব ব্যাংকে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বাড়ছে, তাদের জন্য বিশেষ নিরীক্ষা ও নিবিড় তদারকি নিশ্চিত করা জরুরি। কৃষির টেকসই বিকাশ ও খাদ্যনিরাপত্তা টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কঠোর ও দূরদর্শী ভূমিকা নিতে হবে।