আমাদের সমাজে নীতি-নৈতিকতা ও সামাজিক-পারিবারিক মূল্যবোধ দিন দিন ক্ষয়ে যাচ্ছে। নানা ধরনের অপরাধ প্রবণতা থেকে শুরু করে অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে। চিরায়ত যে শাসন-বারণ ও মূল্যবোধ নিয়ে আমাদের সমাজ গঠিত, তা আজ ক্ষয়িষ্ণুতার দিকে ধাবিত। একটি শিশুর সুনাগরিক হিসেবে বেড়ে উঠার জন্য যে পারিবারিক-সামাজিক রীতি-নীতির বন্ধন অপরিহার্য, তা বলতে গেলে নেই হয়ে যাচ্ছে। আমাদের শহুরে সভ্য বা ক্ষয়ীষ্ণু মূল্যবোধের সমাজের পাশাপাশি সমান্তরালভাবে গড়ে উঠেছে দরিদ্র শ্রেণীর সমাজ, যারা মূলত বস্তিতে বসবাস করে। তাদের এই জগতকে সভ্যসমাজ খুব একটা গুরুত্ব দিতে চায় না। বরং অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে দেখে। অথচ এই বস্তিসমাজের নেতিবাচক কর্ম সভ্য সমাজে প্রায়ই বিরূপ প্রভাব ফেলে।

দেশে যে সমাজে সন্ত্রাস ও মাস্তিনির আতঙ্ক দেখা যায়, তার বেশিরভাগই বস্তি থেকে উঠে আসা। এখন যে পড়ায় পাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত, তাতেও বস্তি থেকে উঠে আসা কিশোররা বড় ভূমিকা রাখছে। দেশে বিশৃঙ্খলা ও অপরাধ বৃদ্ধির ক্ষেত্রে এই বস্তিসমাজের ভূমিকা রয়েছে। বস্তিতে বেশিরভাগই নদীভাঙ্গন, কিংবা কাজের সন্ধানে শহরে আসা অতিদরিদ্ররা বসবাস করে। এদের প্রায় সবাই দিনমজুর, রিকশাচালক, গার্মেন্ট শ্রমিক, বাসাবাড়ির কাজের লোক। ফলে তারা তাদের সন্তানদের ঠিকমতো দেখাশোনা করে বড় করতে পারে না। সকালে কাজে বের হয়ে রাতে ফিরে। এ সময়ে তাদের সন্তান কি করছে, কীভাবে কাদের সাথে মিশে বড় হচ্ছে, তার খোঁজ নেয়া সম্ভব হয় না। এসব সন্তানের অনেকেই নানা অপরাধ এবং মাদকের বাহক ও মাদকাসক্ত হয়ে পড়ে। তাদের অনেকের বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ নেই। গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের বস্তি ও পথশিশুদের বড় একটি অংশ জন্মনিবন্ধনের বাইরে রয়ে গেছে। বেসরকারি সংস্থা কারিতাসের করা ২০২৫ সালের এক জরিপে বলা হয়েছে, পথে বেড়ে ওঠা শিশুদের ৫৮.২ শতাংশের জন্মসনদ নেই। জন্মনিবন্ধন না থাকায় তারা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না। পথশিশুদের ৫১.৬ শতাংশ শিক্ষার বাইরে রয়ে গেছে। অবহেলিত ও উপেক্ষিত এসব নাগরিককে দেখভালের কেউ নেই। ফলে তাদের অনেকে বিভিন্ন অপরাধ ও মাকাসক্তে পরিণত হয়ে সমাজের জন্য ভয়ংকর হয়ে উঠছে।

গতকাল ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক সিরিজ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে এখন মাদকাসক্তের সংখ্যা প্রায় ৮২ লাখ। এই বিপুল সংখ্যক মাদকাসক্তের মাদকের যোগান আসে চোরাচালানের মাধ্যমে। এ এক ভয়াবহ চিত্র। বলা বাহুল্য, সমাজের উপরের শ্রেণি থেকে শুরু করে ফুটপাতের পথশিশুদের মধ্যেও মাদকাসক্ত রয়েছে। রাজধানীর ব্যস্ততম সড়কে চলাচলের সময় মাদকাসক্ত এসব পথশিশু দেখা যায়। তারা কাঁধে বস্তা ঝুলিয়ে রাস্তা থেকে বিভিন্ন ধরনের কাগজ ও প্লাস্টিকের তৈরি উপকরণ সংগ্রহের পাশাপাশি মুখে পলিথিন ব্যাগ দিয়ে শ^াস-প্রশ^াসের সাথে মাদকসেবন করে। পলিথিন ব্যাগের ভেতরে থাকে বিষাক্ত অ্যাডহেসিভ বা আঠা। এ আঠা সহজলভ্য। ফার্নিচার তৈরিতে বা জুতার কাজে ব্যবহার করা হয়। তারা এ আঠা পলিথিনে ঢুকিয়ে মুখে লাগিয়ে তার ধোঁয়া শ^াস-প্রশ^াসের মাধ্যমে সেবন করে।

এই মাদককে তারা ‘ড্যান্ডি’ বলে। পথশিশুদের এই ড্যান্ডি আসক্তের দৃশ্য অহরহ দেখা যায়। এমনকি তাদের মধ্যে যারা মেয়ে শিশু ও মহিলা, তাদের অনেকের মধ্যেও এই মাদকাসক্তি রয়েছে। ডেউলি স্টারের প্রতিবেদনে মেট্রেরেল স্টেশনের কাছে বসে থাকা বিশ বছর বয়সি এক গর্ভবর্তী মায়ের এই মাদকাসক্তির কথা তুলে ধরা হয়। তিনি জানান, আট বছর বয়স থেকে সে এই মাদকসেবন করে আসছে। তার অনাগত সন্তানের ক্ষতি হবে জেনেও মাদকসেবন করছে। যদিও সে তার সন্তানের ক্ষতি হোক, তা চায় না। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে তৈরি করা সরজমিন প্রতিবেদনে বলা হয়েছে, পথশিশু ও মাহিলাদের উল্লেখযোগ্য সংখ্যক এই ড্যান্ডিতে আসক্ত। বলা বাহুল্য, সবধরনের অপরাধের মূল উৎস মাদক।

আমাদের সভ্য সমাজের বাইরে প্যারালালভাবে গড়ে উঠা বস্তিসমাজ কিংবা ভাসমান পথশিশু ও মহিলাদের মধ্যে যেভাবে মাদকাসক্তি বেড়ে চলেছে, তা সমাজ ও দেশের শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। এদের মধ্যে যারা অপরাধ কাজে জড়িয়ে পড়েছে, তাদেরকে সহজে খুন, জখম, ছিনতাইসহ সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। এদের সিংহভাগের জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তাদের শনাক্ত করা সম্ভব হয় না। এর অর্থ হচ্ছে, ভাসমান এই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সহজে অস্থিতিশীল করে তুলতে পারে। অপরাধজগতের গডফাদাররা এদের সহজে ব্যবহার করতে পারে।

ভয়াবহ বিষয় হচ্ছে, জাতিসংঘের ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশিয় গবেষণা সংস্থা বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, বস্তির যুবসমাজ বা সুবিধাবঞ্চিত তরুণদের চরমপন্থা বা জঙ্গিবাদে জড়ানোর ঝুঁকি রয়েছে। তাদের গবেষণায় এর মূল কারণ হিসেবে, আর্থসামাজিক দুর্বলতা ও দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও ক্ষোভ, শিক্ষার অভাব ও সচেতনতার ঘাটতি ও অপরাধ জগতের সাথে সম্পৃক্ততা উল্লেখ করা হয়েছে। বস্তিতে ও ফুটপাতে বেড়ে উঠা শিশু-কিশোরদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্য দিয়েই ধাবিত হয়। তাদের ভবিষ্যৎ বলতে কিছু নেই। বস্তিতে যে শিশুটি জন্মগ্রহণ করে, জীবনরক্ষার তাগিদে তার মা-বাবাকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। তাকে পর্যাপ্ত সময় দিয়ে ও গাইড করে সুসন্তান হিসেবে গড়ে তোলার মতো অবস্থা তাদের থাকে না।

এই বাস্তবতার কারণে এসব শিশু যথাযথভাবে বেড়ে উঠতে পারে না। তাদের অধিকাংশ বিপথে চলে যায়। মাদক বা অপরাধজগতের সাথে জড়িয়ে পড়ে। সমাজ ও রাষ্ট্রের জন্য তা অত্যন্ত বিপজ্জনক। অথচ তারা আমাদের এই সমাজেরই অংশ, আমাদের সন্তানের মতো। তাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। এসব বস্তি ও পথশিশুদের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান হলেও রাষ্ট্রপরিচালকরা এই নাগরিকদের প্রতি কখনোই যথাযথভাবে দৃষ্টি দেয় না। রাষ্ট্রের এই ব্যর্থতা ও বৈষম্যমূলক আচরণে বস্তি ও পথশিশুদের মধ্যে অপরাধ প্রবণতা বিরাজমান এবং তা সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা-স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অবহেলিত ও উপেক্ষিত বস্তিবাসী ও পথশিশুদের সুন্দর জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারকে তাদের সবধরনের নাগরিক সুবিধা দিতে হবে। যে বিশাল সংখ্যক শিশু জন্মনিবন্ধনের বাইরে রয়েছে, তাদের নিবন্ধন করে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদের বাইরে রেখে দেশের সার্বিক উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।