সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র স্বত্বাধিকারীগণের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব যৌথভাবে আয়োজিত শনিবার রাজধানীতে অনুষ্ঠিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ সময়োচিত উদ্যোগ বলিয়া বিবেচিত হইবে। দেশে স্বাধীন, গণতান্ত্রিক ও শঙ্কামুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির জন্য সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি সেইখানে যেই আহ্বান জানানো হইয়াছে উহাও প্রণিধানযোগ্য বলিয়া আমরা মনে করি।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হইল, উক্ত সম্মিলনীতে সংবাদমাধ্যমের স্বত্বাধিকারী, সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতা ও সংবাদকর্মীরা অভিন্ন কণ্ঠে নিজেদের অস্তিত্ব রক্ষায় সকল মত ও পথের সাংবাদিকদের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়িয়া তুলিবার তাগিদ দিয়াছেন। প্রসঙ্গত, মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাইতে এই সম্মেলনের আয়োজন করা হয়; ঢাকাস্থ ও ঢাকার বাহির হইতে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক, সংবাদকর্মী এবং বিভিন্ন টেলিভিশন, অনলাইনের সাংবাদিকসহ পেশাগত সংগঠনসমূহের নেতৃবৃন্দের বিপুল উপস্থিতির মধ্য দিয়া সম্মিলনটি কার্যত সমগ্র দেশের সংবাদকর্মীর মিলনমেলায় পরিণত হয়। আমরা প্রত্যাশা করি, গণমাধ্যম সম্মিলনীর বার্তা যথাস্থানে পৌঁছাইয়াছে।

আমরা জানি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হইলেও গত ১৬ মাসে স্বাধীন সাংবাদিকতার পথে নানাবিধ বাধা সৃষ্টি হইয়াছে। সমগ্র দেশে ভিন্নমত ও সংস্কৃতি দমনের উপায়রূপে যেই মব সহিংসতার বিস্তার ঘটানো হইয়াছে, উহা হইতে সংবাদমাধ্যমও রেহাই পাইতেছে না। এমনকি সংবাদপত্রের কার্যালয় অবধি পোড়াইয়া দেওয়া হইয়াছে। অন্যদিকে কয়েক শত সাংবাদিক বিনা বিচারে কারাবন্দির জীবন কাটাইতেছেন; পেশাগত দায়িত্ব পালনেহামলা-নির্যাতনের শিকার হইয়াছেন। এই অবস্থায় সাংবাদিকতার স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে সম্পাদক পরিষদ ও নোয়াব ইতোপূর্বে কয়েক দফা বিবৃতি মারফত উদ্বেগ প্রকাশ করিয়াছে। গত ২২ ডিসেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশও করিয়াছে এই দুই সংগঠন যৌথভাবে। শনিবারের সম্মিলন ছিল বস্তুত উক্ত ধারাবাহিক প্রতিবাদেরই অংশ। আমরা মনে করি, সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখিতে হইলে সাংবাদিক সমাজের এইরূপ ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখিবার বিকল্প নাই।

স্মরণে রাখিতে হইবে, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনে বাক ও ব্যক্তিস্বাধীনতা তথা মুক্ত সংবাদমাধ্যমের ভূমিকা অপরিহার্য। বিশেষত যেই জাতি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হইয়াছে, গণতন্ত্রের জন্য বারংবার রাজপথে রক্ত ঝরাইয়াছে, সেই জাতি উহার গুরুত্ব সম্পর্কে সম্যক অবহিত। এই কারণেই বিপুল রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের সংবিধানে চিন্তা ও বিবেক, তৎসহিত সংবাদমাধ্যমের স্বাধীনতাকেও স্বীকৃতি দেওয়া হইয়াছিল। দুর্ভাগ্যবশত, গত ৫৪ বৎসরে সামরিক-বেসামরিক, নির্বাচিত-অনির্বাচিত সকল সরকারই সংবাদমাধ্যমকে শৃঙ্খলিত করিবার প্রয়াস চালাইয়াছে। ইহা সত্য, অন্তর্বর্তী সরকার অতীতের সরকারসমূহের ন্যায় অন্তত সংবাদমাধ্যমের জন্য নূতন কোনো আইন প্রণয়ন করে নাই। ইহাও সত্য, যেই মব সহিংসতা সাম্প্রতিক সময়ে ভিন্নমত-ধর্ম-সংস্কৃতিচর্চার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার জন্য শঙ্কা তৈয়ার করিয়াছে, উহা নিয়ন্ত্রণের চেষ্টা এই সরকার কার্যত করে নাই। ক্ষেত্রবিশেষ বরং তথাকথিত ‘প্রেশার গ্রুপ’রূপে বর্ণনা করিয়া মব সহিংসতাকে কার্যত উৎসাহ জোগাইয়াছে। অথচ স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক চরিত্রের যেই কোনো সরকারের জন্য আশীর্বাদ হইবার কথা। সংবাদমাধ্যমের অনন্য নজরদারিমূলক ভূমিকার জন্যই বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রে উহাকে ‘চতুর্থ স্তম্ভ’রূপে মর্যাদা প্রদান করা হইয়া তাকে।

আলোচ্য সম্মিলন এমন সময়ে অনুষ্ঠিত হইল যখন দেশ ও জাতি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে নূতনভাবে গণতন্ত্রে উত্তরণে আশার বীজ বপন করিতেছে। সেই হিসাবে সম্মিলনে যেই আহ্বান জানানো হইয়াছে উহা আসন্ন নির্বাচিত সরকারের জন্যই বিশেষ বার্তা বহন করে। আমাদের প্রত্যাশা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলসমূহ এই বিষয়ে নূতন করিয়া অঙ্গীকার করিবে এবং তাহা পালনে সচেষ্ট থাকিবে। স্বাধীন সাংবাদিকতার পক্ষের ঐক্যবদ্ধ অবস্থান অটুট থাকাও এই জন্য জরুরি।