গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র প্রায় দ্বিগুণ-তিনগুণ হারে শুল্ক আরোপ করে। এ নিয়ে বিশ্ব বাণিজ্যে তোলপাড় শুরু হয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের ওপর দ্বিগুণের বেশি শুল্ক আরোপ করে। চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্কারোপ করে। এ নিয়ে দুই পরাশক্তির মধ্যে শুল্কযুদ্ধ চলে। অন্যদিকে, ভারতসহ অন্যদেশগুলোও অতিরিক্ত শুল্কারোপের খড়গের নিচে পড়ে। বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করা হয়। অবশ্য অতিরিক্ত শুল্ক ও শুল্কমুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করে। আবেদনে সাড়া দিয়ে ট্রাম্প প্রশাসন তিন মাসের জন্য অতিরিক্ত শুল্কারোপ স্থগিত করে। তিন মাস পর প্রত্যেক দেশের ওপর কমবেশি শুল্কারোপ করা হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ালে এই শুল্ক কমিয়ে করা হয় প্রায় ২০ শতাংশ। তবে বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের এই অতিরিক্ত পাল্টা শুল্কহার নির্ধারণ যুক্তরাষ্ট্রের আদালত বাতিল করে দিলে ট্রাম্প বিপাকে পড়েন। এই বিপাক থেকে উদ্ধার পাওয়ার জন্য এখন ট্রাম্প প্রশাসন নতুন করে বাহানা শুরু করেছে। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে বাংলাদেশসহ ৬০টি দেশ যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিনা, তা খতিয়ে দেখতে দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বিষয়টি জানিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, আদালতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল হয়ে যাওয়ায় তার মান বাঁচাতে এখন বিভিন্ন দেশের ওপর নানা বাহানায় নতুন করে পদক্ষেপ নিতে চাইছে।
যুক্তরাষ্ট্রের এই তদন্ত বিষয়ক সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায়িদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। এটি অসম্মানজনকও বটে। কারণ, আমাদের দেশে শিল্পকারখানায় কখনো কোনো শ্রমিককে জোরপূর্বক কাজ করানো হয় না। বরং শ্রমিকদের ইচ্ছা অনুযায়ী বাড়তি আয়ের জন্য আট ঘন্টার বাইরে ওভারটাইমে কাজ করার সুযোগ দেয়া হয়। এটা মালিক-শ্রমিকের পারস্পরিক বোঝাপোড়া বা সমঝোতার মধ্য দিয়ে হয়। এখানে জোরাজুরির কিছু নেই। কারণ, শ্রমিক নির্ধারিত শ্রমঘন্টার বাইরে কাজ করলে ঘন্টা অনুযায়ী মজুরি পেয়ে থাকে। এতে তাদের বাড়তি আয় হয়ে থাকে। ফলে এখানে যুক্তরাষ্ট্রের আলাদা করে তদন্ত বা খতিয়ে দেখার কিছু নেই। এর আগেও গার্মেন্ট কারখানাসহ অন্যান্য কারখানায় কমপ্লায়েন্সের নামে ইউরোপের প্রতিষ্ঠান তদারকি ও খরবদারি করেছে। কারখানাগুলোও সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছে। ফলে জোরপূর্বক শ্রম নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে তদন্ত করার কিছু নেই। এটা একটি দেশের স্বাধীন কর্মকা-ের ওপর যুক্তরাষ্ট্রের খবরদারি ছাড়া কিছু নয়। কারণ, আধুনিক যুগে দাসপ্রথা নেই। অনেক আগেই তা বিলুপ্ত হয়েছে। এখন প্রত্যেক মানুষ তার শ্রমের ব্যাপারে সচেতন এবং এর মূল্য বোঝে। পাল্টা শুল্কারোপ আদালতে বাতিল হওয়ার অপমানের জ্বালা ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশের ওপর নতুন পদক্ষেপ নিয়ে মিটাবে, এটা গ্রহণযোগ্য হতে পরে না। বলা বাহুল্য, এখন যুক্তরাষ্ট্রের কথা তারই ঘনিষ্ট মিত্র ইউরোপীয় ইউনিয়ন খুব একটা শোনে না। প্রত্যেকেই প্রত্যেকের ভালোটা বোঝে।
যতই বন্ধু হোক না কেন, বন্ধুর অন্যায় আবদার বা আচরণ কেউ মেনে নেয় না। যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও তার বিরোধিতা করছে। এমনকি তার ঘনিষ্ট মিত্র ভারতও তার স্বার্থে যুক্তরাষ্ট্রের কথা শুনছে না। দেশটি এখন একটি ক্ষয়ীষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। ফলে তার অন্যায় পদক্ষেপ এখন অনেকে মানে না কিংবা মানতে বাধ্য নয়। ট্রাম্প প্রশাসনের মান বাঁচানোর এই কৌশল, তদন্তের তালিকায় থাকা দেশগুলোর জন্য অসম্মানের। এটা যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর। ট্রাম্প প্রশাসনকে এটা বুঝতে হবে। এদিকে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যচুক্তি হয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এ চুক্তি অন্তর্বর্তী সরকারের একতরফা বা একমুখী পররাষ্ট্রনীতির ফল। এ চুক্তির কারণে বিশ্বে বাংলাদেশের কূটনীতিতেও সংকট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে একতরফা এই চুক্তি বাংলাদেশের উন্নয়ন অংশীদার প্রভাবশালী অন্যদেশগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এ চুক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, জনগণের শত্রু হিসেবে অন্তর্বর্তী সরকারের বিচার হওয়া উচিৎ। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, বাণিজ্যচুক্তিটি অসম ও অসামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমরা মনে করি, মাথাব্যথা সারাতে গিয়ে মাথা কেটে ফেললে হবে না। যেসব কারণে মাথাব্যথা হয়, তা প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। বাণিজ্যচুক্তিতে আমাদের জাতীয় স্বার্থবিরোধী কিছু থাকলে তা সংশোধন ও পরিমার্জন করা যেতে পারে। অধিকতর পর্যালোচনার মাধ্যমে বাদও দেয়া যেতে পারে। চুক্তিটি রিভিউ করে আমাদের স্বার্থকে অগ্রাধিকার দেয়া উচিৎ।
ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প সারাবিশ্বে শুল্কযুদ্ধ, ইরানযুদ্ধ শুরু করে ওলট-পালট করে দিয়েছে। এর শেষ কোথায় গিয়ে হবে, তা অজানা। ট্রাম্প চরম স্বার্থপর আচরণ করছেন। একাই সব খেয়ে ফেলতে চাচ্ছেন। এই ভারসাম্যহীন স্বার্থ দেখতে গিয়ে তার মিত্রদেশ থেকে শুরু করে পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের প্রতি অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হচ্ছে। অতিরিক্ত খবরদারি করতে গিয়ে যুক্তরাষ্ট্র একা হয়ে পড়ছে। এখন জোরপূর্বক শ্রম আদায়ের তদন্তের উসিলা দিয়ে বিভিন্ন দেশকে হুমকি দিচ্ছে। এ হুমকি দিয়ে দেশগুলো থেকে বাড়তি সুবিধা আদায় করতে চাচ্ছে। এ ব্যাপারে আমাদের স্বার্থ রক্ষায় সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে উইন উইন পর্যায়ে যাওয়ার চেষ্টা চালাতে হবে। জোরপূর্বক শ্রম বিষয়ক যে তদন্ত করা হবে, তা যুক্তি দিয়ে বোঝাতে হবে, এর কোনো প্রয়োজন নেই। সরকারের তরফ থেকে এ বিষয়গুলো দক্ষ হাতে হ্যান্ডেল করতে হবে। পাশাপাশি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার পদক্ষেপ নিতে হবে। একমুখী নয়, বহুমুখী পররাষ্ট্রনীতি কাম্য।
