বিশ্বের শীর্ষ জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। প্রায় দুই কোটির বেশি মানুষ এখানে বসবাস করে। কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, প্রশাসনিক কর্মের কেন্দ্রবিন্দু এই শহর। সকাল হলেই মানুষ পিলপিল করে কর্মস্থল ও কর্মসম্পাদনের কাজে বের হয়। যে যেভাবে পারে কর্মস্থলে পৌঁছানোর জন্য ব্যস্তসমস্ত হয়ে পড়ে। স্বল্প কিংবা দূরত্বের লক্ষ্যে পৌঁছতে মানুষকে রীতিমতো যুদ্ধ করতে হয়। অপ্রতুল শৃঙ্খলাহীন গণপরিবহন ও যানজটের কারণে তাদের নিশ্চিন্তে চলার কোনো সুযোগ থাকে না। এমনকি, হাঁটারও কোনো পথ নেই। গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাতগুলো হকারদের অবৈদখলে চলে গেছে। দখল করে সেখানে বাজার তৈরি করেছে। একজন মানুষ যে, হেঁটে গন্তব্যস্থলে যাবে, তার কোনো সুযোগ নেই। তাকে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনার মুখে পড়তে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদ- অনুযায়ী, একটি শহরে হাঁটার জন্য একজন মানুষের মিনিমাম ৯ বর্গমিটার উন্মুক্ত জায়গা প্রয়োজন। ঢাকায় এই পরিমান জায়গা ১ বর্গমিটারেরও কম। বুয়েট ও অন্যান্য সংস্থার হিসাব অনুযায়ী, রাজধানীর প্রায় ৮০ শতাংশ ফুটপাত অবৈধ দখলে। এসব ফুটপাত হকারসহ নানা শ্রেণীর ভ্রম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে থাকে। ফলে পথচারিদের স্বাচ্ছন্দে হাঁটার কোনো উপায় থাকে না। গা ঘেঁষে চলতে হয়। এই পরিমান জায়গা দিয়ে চলাচল করা পুরুষদের জন্য তো বটেই, মহিলাদের জন্যও অনিরাপদ। পকেটমার থেকে শুরু করে নানা ধরনের অসভ্য মানুষের খপ্পড়ে তাদের পড়তে হয়।

ঢাকার মতো বিশৃঙ্খল শহর দুনিয়াতে নেই বললেই চলে। যানজট, বায়ুদূষণ, শব্দদূষণ, অসুস্থতার শহরও বলা যায়। যুক্তরাজ্যের প্রখ্যাত পত্রিকা দ্য ইকোনিস্টের ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ), তার জরিপে বহু বছর ধরেই ঢাকাকে অসভ্য এবং বিশ্বের বসবাসের অনুপযুক্ত শহর হিসেবে অভিহিত করে আসছে। রাজধানীর এই দুরবস্থা নিয়ে কম লেখালেখি হয়নি। নগর বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে রাজধানীকে বসবাসের উপযোগী করে তোলার জন্য গবেষণা, পরিকল্পনা ও পরামর্শ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দিয়ে আসছেন। তাতে কোনো কাজ হয়নি। নতুন সরকার আসার পর কাজ হবে কিনা, জানা নেই। তবে দেড় মাস বয়সী সরকার আগের সরকারগুলোর মতোই যানজট নিরসন ও মানুষের হাঁটার জন্য ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গত কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

এতে সড়কের দুই পাশ প্রশস্ত দেখা যাচ্ছে। তবে এ পরিস্থিতি কতদিন থাকবে, তা অতীত অভিজ্ঞতার আলোকে আশা করা মুশকিল। ইরানযুদ্ধে দেশে যে জ্বালানিতেলের সংকট দেখা দিয়েছে, তাতে যানবাহন, বিশেষ করে গণপরিবহন চলাচল কিছুটা কমে গেছে। কর্মজীবী মানুষ গণপরিবহন সংকটে পড়েছে। ফলে তাদেরকে বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে। এই হাঁটা তাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারি। বিশেষ করে যাদের বাসা বা অফিস থেকে বের হয়েই রিকসা, সিএনজি বা বাসে উঠার অভ্যাস এবং হাঁটতে অনীহা রয়েছে, তাদেরকে এখন বেশ কিছুটা পথ হাঁটতে হচ্ছে। এতে তাদের শারীকি উপকার হচ্ছে। চিকিৎসকরা সুস্থ থাকার জন্য সুস্থ কিংবা অসুস্থ, সকলকেই নিয়মিত হাঁটার অভ্যাস করার পরামর্শ দিয়ে থাকেন।

হাঁটা ডায়বেটিস, হাইপ্রেসার, হৃদরোগের ঝুঁকি যেমন কমায়, তেমনি যারা এসব রোগে আক্রান্তরা উপকৃত হয়। প্রশ্ন হচ্ছে, রাজধানীতে তাদের হাঁটার সুযোগ কোথায়? কোন পথে হাঁটবে? ফুটপাত দিয়ে যে হাঁটবে, তার কোনো উপায় নেই। আমরা জানি, উন্নত বিশ্ব তো বটেই, এশিয়ার অনেক দেশে সরকার রাজধানী বা অন্যান্য শহরে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নগরবাসীর হাঁটার জন্য ফুটপাত উন্নত করার দিকে সবচেয়ে বেশি জোর দেয়। মালয়েশিয়ার কথা যদি বিবেচনা করি, তাহলে দেখা যাবে, রাজধানী কুয়ালালামপুরের ফুটপাতগুলো নগরবাসীর হাঁটার জন্য এমনভাবে তৈরি করা হয়েছে যে, হাঁটার সময় মনে হবে, প্রকৃতির মধ্য দিয়ে কিংবা সাজিয়ে দেয়া কোনো পথ দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে। ফুটপাতগুলো আধুনিক, প্রশস্ত, আরামদায়ক এবং তাতে আধুনিক স্থাপত্যের ছোঁয়া রয়েছে।

অনেক জায়গায় গাছপালা দিয়ে ছায়াময় মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। এ পথ দিয়ে একজন পথচারি হেঁটে গেলে এমনিতেই তার মন ভাল হয়ে যায়। হাঁটার মধ্য দিয়ে সে যেমন শারীরিকভাবে উপকৃত হচ্ছে, তেমনি মানসিকভাবে প্রফুল্ল হচ্ছে। সেখানে সড়ক ও ফুটপাতগুলো নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। মানুষ নিরাপদে হাঁটতে পারে। অনেক জায়গায় উঁচু ফুটপাত রয়েছে, যা দিয়ে শপিং মল ও মেট্রো স্টেশনে সহজে প্রবেশ করা য়ায়। সিঙ্গাপুরের ফুটপাতগুলো অত্যন্ত পরিচ্ছন্ন, সুবিন্যস্ত এবং পথচারীবান্ধব। বেশিরভাগ ফুটপাত ছায়াযুক্ত ও গাছপালা আচ্ছাদিত, যা গরমে হাঁটার জন্য আরামদায়ক। সমতল ও প্রশস্ত হওয়ায় অসুস্থরা হুইল চেয়ার ব্যবহার এবং শিশুদের ট্রলি নিয়ে চলাচল করতে পারে। রাস্তা পারাপারের জন্য ফুটপাতের হুইলচেয়ার র‌্যাম্প এবং অন্ধদের জন্য ট্যাকটাইল পেভিং বা বিশেষ হাঁটার পথ রয়েছে। ফুটপাতগুলো এত নিরাপদ যে, সরারাত নিশ্চিন্তে হাঁটা যায়। আমরা এসব দেশের উদাহরণ টানি এজন্য যে, এসব দেশ কয়েক দশক আগে আমাদের দেশের মতোই ছিল। এত উন্নত ছিল না। তারা রাজধানী ও অন্যান্য শহরকে নগরবাসীর স্বাস্থ্যসম্মত বসবাসের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করেছে। নগরবাসীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রাইভেট কার নিরুৎসাহী করে গণপরিবহণকে উন্নত করেছে, যাতে তারা প্রাইভেট কার ছেড়ে গণপরিবহনে চলাফেরা করে। সিঙ্গাপুরের সিংহভাগ মানুষ গণপরিবহণ ব্যবহার করে। কেউ প্রাইভেট কার ব্যবহার করতে চাইলে তাকে অনেক বেশি ট্যাক্স দিতে হয়, যা অনেকের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। ফলে তারা সাশ্রয়ী গণপরিবহন ব্যবহার করে। গণপরিবহনে উঠতে হলে তাকে হেঁটে স্টেশনে যেতে হবে। সেজন্য ফুটপাতগুলোকে আধুনিক ও আরামদায়ক করা হয়েছে। কুয়ালালামপুরেও তাই করা হয়েছে। চাইলেই কেউ বাসা বা হোটেল থেকে বেরিয়ে হুট করে গাড়িতে চড়ে বসতে পারে না।

রাজধানীসহ আমাদের দেশের ফুটপাতগুলোর কী দশা, তা সকলেরই জানা। অপ্রশস্ত, অপরিচ্ছন্ন এবং সেগুলো অবৈধ দখলে। কোথাও কোথাও ফুটপাত নেই বললেই চলে। কোথাও এত সরু যে হাঁটার কোনো উপায় নেই। যেসব ফুটপাত এক সময় প্রশস্ত ছিল, সেগুলো এখন সড়কের প্রশস্ততা বাড়ানোর জন্য সরু করে ফেলা হচ্ছে। সেগুলোও হকার বা ফুটপাতের পাশের দোকানদাররা মালামাল রেখে দখল করে ফেলেছে। বাধ্য হয়ে পথচারিদের ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। ফুটপাত অবৈধ দখলের আরেকটি কারণ হচ্ছে, ব্যাটারিচালিত লাখ লাখ রিকশা। এসব রিকশাচালকদের টার্গেট করে ফুটপাত দখলে নিয়ে ছাপড়া রেস্টুরেন্ট ও চায়ের দোকান বসে। এতে ফুটপাত বলতে কিছু থাকে না। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যুগের পর যুগ চলে গেলেও কোনো সরকারই ফুটপাত অবৈধদখলমুক্ত করতে পারেনি।

দখলদারদের উচ্ছেদের নামে এক ধরনের ইঁদুর বেড়াল খেলা চলে। একদিক উচ্ছেদ হলে, আরেক দিক দখল হয়। অথচ ফুটপাতগুলো পথচারিদের চলাচলের জন্য আধুনিক ও আরামদায়ক করলে, সড়কের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি যানজটও অনেকাংশে কমে যাবে। সুন্দর ফুটপাত দেখলে পথচারীরাও ব্যবহারে আগ্রহী হয়ে উঠবে। তারা হেঁটে অনেকদূর যেতে যাবে। অনেকে ফুটপাতের মনোরম ও নিরাপদ পরিবেশ পেয়ে স্বল্প দূরত্বের বাসায় হেঁটে চলে যেতে পারবে। এতে তাদের পরিবহন খরচ যেমন বাঁচবে, তেমনি শারীরিক ও মানসিকভাবেও সুস্থ্য থাকবে। কাজেই, নগরবাসীর বহুমুখী সুবিধার জন্য সরকারকে রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর ফুটপাত আধুনিক, মনোরম ও নিরাপদ করে তোলার ক্রাশ প্রোগ্রাম হাতে নিতে হবে। যেকোনো মূল্যে ফুটপাতগুলো অবৈধ দখল থেকে রক্ষা করতে হবে। রাজধানীতে ফুটপাতের যতটুকু জায়গা রয়েছে, ততটুকুই পথচারিদের ব্যবহার উপযোগী করে তুলতে হবে। ফুটপাতগুলোকে শারীরিক ও মানসিক সুস্থ্যতার পথে পরিণত করতে হবে। নতুন কোনো প্রকল্প অনুমোদনের সময় হাঁটার পথ ও উন্মুক্ত স্থান রাখা বাধ্যতামূলক করতে হবে।