ঢাকার দুই সিটি করপোরেশনসহ ছয় সিটি করপোরেশনে সরকার পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করেছে। সেবার গতি বাড়ানোর জন্যই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিএনপির রাজনৈতিক হিসাবে সুপরিচিত। তারা হলেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন- মো: আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন- মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন- নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন- আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন- মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন- মো. শওকত হোসেন সরকার। জনসেবাকে অগ্রাধিকার দিয়ে দেশের এই ছয়টি জনবহুল ও গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাই।
একইসঙ্গে নবনিযুক্ত প্রশাসকদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করা যায়, দেশের অন্যান্য সিটি করপোরেশনেও দ্রুতই পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা হবে। দেশে এখন ১২টি সিটি করপোরেশন রয়েছে। এর মধ্যে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি নেতা শাহাদত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন। এটিসহ ৭টি সিটি করপোরেশন মেয়র ও প্রশাসক পেলো। অবশিষ্ট ৫টি অর্থাৎ কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশনও খুব শিগগীরই প্রশাসক পাবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশন বাদে ১১টি সিটি করপোরেশনে এতদিন সরকারি কর্মকর্তারা তাদের মূল দায়িত্বের অতিরিক্ত হিসাবে সিটি করপোরেশনগুলোর দায়িত্ব পালন করে আসছেন।
একজন ব্যক্তির পক্ষে সরকারি দায়িত্ব পালনের পর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন কতটা কঠিন হতে পারে, সহজেই অনুমেয়। কার্যত তার দ্বারা কোনো দায়িত্বই সুচারুরূপে সম্পাদন করা সম্ভবপর হয় না। নতুন নির্বাচিত সরকার ক্ষমতাশীন হওয়ায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাÑ যেমন অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার বা অন্য গুরুত্বপূর্ণ পদাধিকারীর কাজের পরিধি ও চাপ আগের চেয়ে বেড়ে গেছে। এমতাবস্থায়, তাদের স্বপদে দায়িত্ব পালনই নিশ্চিত করা উচিত। সিটি করপোরেশনে তাদের স্থলে উপযুক্ত ব্যক্তিদের নিযুক্ত করাই শ্রেয়। ছয় সিটি করপোরেশনে যাদের নিয়োগ দিয়েছে সরকার, তারা জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিই নন, জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তাদের কারো কারো রয়েছে। সঙ্গতকারণেই তারা প্রশাসক নিযুক্ত হওয়ায় সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে নাগরিক সেবা বৃদ্ধি পাবে। সেবাপ্রাপ্তির ক্ষেত্রে জটিলতা কমবে। যে ৫টি সিটি করপোশন নতুন প্রশাসকের অপেক্ষায় আছে, তারা প্রশাসক পেলে একইভাবে তাদের সেবামান ও সেবাপ্রাপ্তির নিশ্চয়তা বাড়বে।
পতিত স্বৈরাচারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনসহ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয়েছে, দেশের মানুষের তা অজানা নেই। গণতন্ত্রের মাপকাঠিতে কোনো নির্র্বাচনই উত্তীর্ণ হতে পারেনি। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর তথাকথিত নির্বাচিত জনপ্রতিনিধিরাও পালিয়ে যায়। এমতাবস্থায় অন্তর্বর্তী সরকার তার ক্ষমতা গ্রহণের পর জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করে। তারপর থেকে স্থানীয় সরকার চলছে সরকারি কর্মকর্তাদের দিয়ে। আসলে এভাবে চলতে পারে না।
স্থানীয় সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই পরিচালিত হওয়া অত্যাবশ্যক, যাতে নাগরিক সাধারণ তাদের প্রত্যাশিত সেবা যথাসময়ে ঠিকমত পায়। তাদের সংকট-সমস্যার দ্রুত নিরসন ঘটে। প্রয়োজনের এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন একে একে অনুষ্ঠিত হওয়া দরকার। নতুন সরকার এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে দ্রুতই নির্বাচন করতে চাইছে। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বলেছেন, সরকার দ্রুতই স্থানীয় নির্বাচন দিতে চায়। তিনি এও জানিয়েছেন, স্থানীয় সরকারের অনেক পদ বর্তমানে ফাঁকা রয়েছে। আমরা যতটা সম্ভব দ্রুত এগুলোর নির্বাচনের ব্যবস্থা করবো। বলা বাহুল্য, সরকারের লক্ষ্য ও অঙ্গীকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া।
এজন্য স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করার বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দক্ষ, অভিজ্ঞ জনপ্রতিনিধি নির্বাচন করাই এক্ষেত্রে প্রধান শর্ত। নির্বাচন চাইলেই দেয়া যায় না। এ জন্য উপযুক্ত প্রস্তুতির প্রয়োজন আছে। নির্বাচন না হওয়া পর্যন্ত যে সময়, তার জন্য প্রশাসক নিয়োগের আবশ্যকতা দেখা দিয়েছে সিটি করপোরেশনগুলোতে। এটা সরকারের দূরদৃষ্টিসম্পন্ন ও যথার্থ একটি সিদ্ধান্ত। সার্বক্ষণিক মেয়র ছাড়া কোনো সিটি করপোরেশন চলতে পারে না। সেবা নিশ্চিত করার তাকিদেই ঢাকা সিটি করপোরেশনকে দুই সিটি করপোরেশনে বিভক্ত করা হয়েছে। তারপরও নাগরিক সেবা সহজলভ্য হয়নি। মশার উপদ্রুবে সারা বছরই মানুষ অতীষ্ট। শব্দ দূষণ, বায়ু দূষণ, পানিদূষণ, পরিবেশ দূষণসহ বিভিন্ন দূষণে মানুষের দুর্ভোগ ও ক্ষতির শেষ নেই। এইসঙ্গে রাস্তাঘাট ময়লা-আবর্জনার স্তূপ, ভাঙাচোরা সড়ক, যানজট ও পানিজটের যন্ত্রণা। সব মিলে রাজধানী বসবাসের উপযুক্ততা হারিয়েছে। অন্যান্য সিটি করপোরেশনের অবস্থাও প্রায় একই রকম। সার্বক্ষণিক মেয়রের অনুপস্থিতিতে কোনো ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। ঢাকার দুই সিটি করপোরেশনে মশা দমন ও নিধনে প্রতিবছর মোটা অংকের বরাদ্দ থাকে। এবারও নিশ্চয়ই আছে। অথচ মশা দমন ও নিধনের কোনো কর্মসূচি এখনো দৃশ্যমান নয়। পরিচ্ছন্নতা কর্মসূচির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাস্তাঘাট ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দুই সিটি করপোরেশনে যারা প্রশাসক নিযুক্ত হয়েছেন, তারা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে অগ্রাধিকার দেবেন বলে আশা করি।
আমরা আগেই উল্লেখ করেছি, নাগরিক সেবা বাড়াতেই সরকার ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করেছে। তারা রাজনীতি অঙ্গনের মানুষ, তাদের জনসম্পৃক্ততা বেশি। নাগরিকদের কোথায় কী সমস্যা, তাদের অজানা নেই। সমস্যাগুলো শনাক্ত করে, অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধান করতে হবে। এ জন্য পাড়া-মহল্লায় দলীয় কর্মী ও স্বেচ্ছাসেবীদের তারা কাজে লাগাতে পারেন। প্রয়োজনে সংসদ সদস্যদের সহযোগিতাও তারা নিতে পারেন। সরকারের সিদ্ধান্তের সুফল নাগরিক সাধারণ পেতে চায়, দেখতে চায়। আমাদের একান্ত কামনা, ছয় প্রশাসক কালবিলম্ব না করে কাজে নেমে পড়বেন। তাদের জন্য এ দায়িত্বে চ্যালেঞ্জও রয়েছে। এ চ্যালেঞ্জে তাদের জিততে হবে। সিটি করপোরেশনগুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। অনিয়ম, দুর্নীতি, দায়িত্বপালনে অবহেলা, সময়ক্ষেপণ এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর নবনিযুক্ত প্রশাসকদের কাক্সিক্ষত সাফল্য নির্ভর করছে।
