সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযানরত র‍্যাব সদস্যদের উপর নৃশংস হামলার ঘটনাটি পুনরায় ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা স্মরণ করাইয়া দিল। উপরন্তু বিদ্যমান পরিস্থিতিতে অপরাধীরা কতটা বেপরোয়া রূপ ধারণ করিয়াছে, উহাও এই ঘটনায় দৃম্যমান। এলিট বাহিনীটির জারি করা সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়া মঙ্গলবার সমকাল জানাইয়াছে, ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে র‍্যাবের উপস্থিতি উপলব্ধি করিয়া মাইকে ঘোষণা দিয়া ৪০০ হইতে ৫০০ দুষ্কৃতকারী র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। ফলে র‌্যাবের সদস্য চতুষ্টয় ‘রক্তাক্ত আহত’ হন। তন্মধ্যে নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকগণ। অবশিষ্ট তিনজন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন। স্থানীয়দের উদ্ধৃত করিয়া প্রতিবেদনে বলা হইয়াছে, উক্ত এলাকায় গত চার দশকব্যাপী পর্বত কর্তন করিয়া কয়েক সহস্র অবৈধ বসতি গড়িয়া তোলা হইয়াছে। এই দখলদারিত্ব ও প্লট বাণিজ্য বহাল রাখিতে একদিকে তথায় সশস্ত্র বাহিনী সৃষ্টি করা হইয়াছে, অন্যদিকে বসবাসকারীদের নিকট রহিয়াছে বিশেষ পরিচয়পত্র। প্রতিবেদনমতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার উক্ত এলাকায় অভিযান পরিচালনার সময় সশস্ত্র হামলার সম্মুখীন হইয়াছে। এই তথ্য হইতে প্রতীয়মান, র‍্যাব সোমবার প্রয়োজনীয় প্রস্তুতি ব্যতিরেকেই অভিযানে শামিল হইয়াছিল। নিজস্ব নিরাপত্তার প্রতিও বাহিনীটি উদাসীনতা প্রদর্শন করিয়াছে। এ কারণেই বাহিনীটির চারজন সদস্য হতাহত হইলেন। জঙ্গল সলিমপুরে কতিপয় দস্যু রীতিমতো ‘স্বাধীন’ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করিয়াছে বলিলে ভুল হয় না, যাহা নিছক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমস্যা নহে; উহা বরং সরকারের কর্তৃত্বকেও এক প্রকার চ্যালেঞ্জ করিয়াছে, যাহা আদৌ কাম্য হইতে পারে না।

ইহা সত্য, সমস্যাটি এই সরকারের আমলে সৃষ্টি হয় নাই; উত্তরাধিকারসূত্রে ইহা অন্তর্বর্তী সরকারের স্কন্ধে পড়িয়াছে। বিগত সরকারের সময়ে দেশের বিভিন্ন স্থানে প্রাণ-প্রকৃতি ধ্বংস করিয়া নদী, জলাশয়, পর্বত ইত্যাদি দখল হইয়াছে। ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে সেইগুলিতে বিবিধ ব্যবসায়িক স্থাপনা গড়িয়া তোলা হইয়াছে, যাহা সর্বজনবিদিত। ইহাও সকলে জ্ঞাত, ক্ষমতাসীনদের আশীর্বাদ এই সকল দখলবাজিকে বরাবরই উৎসাহ জোগাইয়াছে। জঙ্গল সলিমপুরের অবৈধ বসতিও এই প্রক্রিয়ার বাহিরে নহে। ফলে উক্ত বেআইনি বসতিবাণিজ্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিগত সরকারের সময়ে কখনোই উল্লেখযোগ্য মাত্রায় ছিল না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ফলস্বরূপ যেখানে খোদ সরকারই বিদায় লইতে বাধ্য হইয়াছে এবং উহার সহিত আশীর্বাদপুষ্ট অপশক্তিও অনেক ক্ষেত্রে পাততাড়ি গোটাইয়াছে, সেইখানে জঙ্গল সলিমপুরের বর্তমান দখলদাররা কাহার আশীর্বাদে তবিয়ত বহাল রাখিয়াছে? এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হইয়া উঠে এই কারণে, অন্তর্বর্তী সরকারও গত ১৬ মাসে জঙ্গল সলিমপুরে কার্যকর কোনো অভিযান পরিচালনা করে নাই। এইখানে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল অবস্থার কথা উঠিতে পারে, ২০২৪ সালের ৫ আগস্টের পর হইতে যাহা চলিতেছে। কিন্তু পুলিশ দুর্বল বলিয়াই তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হইয়াছে। তৎহিত অন্যান্য বাহিনীও একই কার্যে নিয়োগপ্রাপ্ত। উপরন্তু একটা বাহিনীকে পুনর্বিন্যাসের জন্য ১৬ মাস স্বল্প সময় নহে। আমরা মনে করি, এই ক্ষেত্রে সরকারের আন্তরিকতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ, যাহার দৃশ্যমান ঘাটতি সচেতন মহল মাত্রই অনুভব করিয়াছে।

সাম্প্রতিক মাসসমূহে যে আইনশৃঙ্খলার গুরুতর অবনতি ঘটিয়াছে, তজ্জন্য পর্যবেক্ষক মহল একই কারণকে দায়ী করিয়া থাকে। অন্তর্বর্তী সরকারের সময়ে খুলনা, কুষ্টিয়া, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যে সকল সন্ত্রাসী বাহিনীর উদ্ভব, উহা এই কারণেই ঘটিয়াছে বলিয়া মনে করিবার যথেষ্ট যুক্তি বিদ্যমান। তবে জননিরাপত্তার প্রতি ভয়ংকর হুমকি সৃষ্টিকারী এহেন পরিস্থিতির অবসান অতীব জরুরি। বিশেষত ত্রয়োদশ নির্বাচনকে কাঙ্ক্ষিত মাত্রায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ করিতে হইলেও সরকারের এই ব্যাপারে নিদ্রাভঙ্গ প্রয়োজন।