গতিই যেখানে প্রগতিশীলতা ও অগ্রগতির প্রধান শর্ত, সেখানে আমাদের যান্ত্রিক নাগরিক জীবন প্রতিদিন যানজটের কবলে স্থবির হয়ে থাকে। রাজপথে স্থবির হয়ে থাকা গতি ও উৎপাদনশীলতার চাকা আমাদেরকে মুক্তবাজার অর্থনীতির প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে দিচ্ছে। প্রায় এক দশক আগে প্রকাশিত বিশ্বব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে ঢাকা মহানগরীতে যানজটে প্রতিদিন ৩৮ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে উল্লেখ করা হলেও পরবর্তীতে বুয়েটের এক প্রতিবেদনে ঢাকার যানজটে প্রতিদিন অন্তত ৫০ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। তবে বিগত একদশকে যানজট নিয়ে অনেক গবেষণা ও লেখালেখি হলেও এর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

ওপেন সোর্সে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঢাকায় যানজটে প্রতিদিন গড়ে ৫০ লক্ষ থেকে ৮৮ লক্ষ কর্মঘণ্টা সময় নষ্ট হয়, যার আর্থিক মূল্য বছরে ৫০ হাজার কোটি টাকার বেশি। তবে যানজটের প্রত্যক্ষ আর্থিক ক্ষতির সাথে সাথে উৎপাদনশীলতায় এর বিরূপ প্রভাব, জীবনমান, স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাবের সঠিক মূল্য নিরূপণ করা কঠিন। নগরীর বাসযোগ্যতা এবং বিনিয়োগে এর পরোক্ষ প্রভাব উন্নয়নের সোনালি সম্ভাবনা থেকে দেশকে বঞ্চিত করছে। গত এক দশক ধরে বৈশ্বিক লিভ্যাবেলিটি রিপোর্টে ঢাকা শহরের অবস্থান একেবারে তলানিতে। দেশের রাজধানী শহরকে বসবাসের অযোগ্য রেখে উন্নয়নের কোনো মানদ-ই পূরণ করা সম্ভব নয়। জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এক চরম সন্ধিক্ষণ বা ক্রান্তিকাল অতিক্রম করছে।

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনে দেশ থেকে শত শত বিলিয়ন ডলার লুটপাট ও পাচার হয়েছে। দেশের ব্যাংকিং সেক্টর ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্যত দেউলিয়া করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের দেশি-বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল সাড়ে ২২ লাখ কোটি টাকা। এর অর্ধেকের বেশি বৈদেশিক ঋণ। বিপুল ঋণের সুদ পরিশোধ করতে গিয়েই এককভাবে বার্ষিক জাতীয় বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার অর্থনীতি পুনরুদ্ধারে নানামুখী উদ্যোগ নিয়েও তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে পারেনি। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলেও অর্থনৈতিক দুরাবস্থা লাঘবের আসু সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশেষত মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল-আমেরিকা যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা ও অনিশ্চয়তা সারাবিশ্বের উৎপাদনশীলতা ও অর্থনীতির চালিকা শক্তি বড় ধরনের সংকটের সম্মুখীন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট, মূল্যবৃদ্ধি ও অনিশ্চয়তা দেশের রফতানি বাণিজ্যে যেমন বিরূপ প্রভাব সৃষ্টি করছে, একইভাবে দেশের রেমিটেন্স প্রবাহের মূল খাত ও উৎস মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোতে যুদ্ধের প্রভাবে বড় ধরনের সংকট সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এহেন বাস্তবতায় দেশের আভ্যন্তরীণ উৎপাদনশীলতা ও নাগরিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে যানজটের মতো সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। এবারের ঈদযাত্রা যানজট ও সড়ক দুর্ঘটনায় সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে মানুষ।

গত কয়েকদিনের রিপোর্টে জানা যায়, ঈদুল ফিতরের সময় সড়ক দুর্ঘটনায় তিনশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে একদিকে প্রায় প্রতিটি মহাসড়কে দীর্ঘ যানজট; অন্যদিকে বাস, ট্রেন ও নৌপথে দুর্ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা দেশের গণপরিবহন সেক্টরের বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতাকে নির্দেশ করছে। এ ধরনের বিপরীতমুখী নেতিবাচক বাস্তবতা জিঁইয়ে রেখে দেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি আশা করা যায় না। প্রতিযোগিতামূলক বিশ্বে দৈনিক ৫০ থেকে ৮০ লাখ কর্মঘণ্টা অপচয় করে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। যানজট জ্বালানির অপচয় ও বায়ু দূষণের অন্যতম কারণ। কর্মজীবী মানুষের মানসিক চাপ, স্বাস্থ্য ঝুঁকিসহ নানাবিধ সমস্যার সাথে যানজটের নিবিড় সম্পর্ক বিদ্যমান।

নগরীতে জনসংখ্যার ঘনত্ব ও অপরিকল্পিত নগরায়ন, অপ্রতুল রাস্তা, পর্যাপ্ত ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা না থাকায় যানজটের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। ফিটনেস বিহীন যানবাহনের আধিক্য, একই সঙ্গে আধুনিক ও অযান্ত্রিক পরিবহন চলাচল রাজধানীতে যানজটের আরেকটি কারণ। গত কয়েক বছরে প্যাডেল চালিত রিকশার পাশাপাশি লাখ লাখ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের কারণে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। এসব ব্যাটারিচালিত রিকশা প্রতিদিন শত শত মেগাওয়াট বিদ্যুৎ খরচ করছে। যুদ্ধের কারণে সারাবিশ্বে যখন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উপর তাগিদ দেয়া হচ্ছে, তখন আমরা লাগামহীনভাবে অননুমোদিত, বিদ্যুৎ খেকো ইজিবাইক-অটোরিকশা চলতে দিতে পারি কিনা তা ভেবে দেখতে হবে। তবে এর জন্য সর্বাগ্রে সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেই সাথে ট্রাফিক আইনের সঠিক বাস্তববায়ন ও সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সড়ক-মহাসড়ক ও যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, লুটপাট বন্ধের পাশাপাশি যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়নে জরুরি উদ্যোগ নিতে হবে। ঢাকার যানজট নিরসনে সল্প মেয়াদি পরিকল্পনার আওতায় আগামী এপ্রিল মাস নাগাদ দৃশ্যমান অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কিন্তু মানুষ আর বাগাড়ম্বরতা শুনতে বা দেখতে চায় না। সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব ও প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। যানজট নিরসনের মাধ্যমে বছরে কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক অপচয়, জনদুর্ভোগ লাঘব, জ্বালানি, জনস্বাস্থ্য ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।