মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। এতে বিশ্বব্যাপী এক মহাসংকট দেখা দিয়েছে। দেশে দেশে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রসাধন ও সাশ্রয়ী নীতি অবলম্বন করা ছাড়া বিকল্প নেই। আমাদেরও এর বাইরে গিয়ে বিলাসিতা বা মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। এ ব্যাপারে প্রত্যেকের সচেতন হওয়া দায়িত্ব ও কর্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে নিজ থেকে কৃচ্ছ্র ও সাশ্রয়ী হওয়ার উদ্যোগ নিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ের দপ্তরে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ বাতির সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনেন।
এসির তাপমাত্রা এই পর্যায়ে থাকলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করে সেখানেও এমনটাই করেন। সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর। এই দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন বিভাগ রয়েছে। ওই দিনই জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গাড়ির ব্যবহার সীমিত করা, আলোকসজ্জা পরিহার, এয়ারকন্ডিশনের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখাসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা, করপোরেশনসহ সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনাপত্র জারি করা হয়েছে। নির্দেশনাপত্রে বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। দিনে পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করা প্রয়োজন। বিদ্যমান ব্যবহৃত লাইটের অর্ধেক ব্যবহার করতে হবে। অফিসকক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান, কম্পিউটার, স্ক্যানার, এয়ারকন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে। অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের সংকটকালে তার এই উদ্যোগ খুবই যৌক্তিক এবং কার্যকর।
ইরান যুদ্ধ বিশ্বের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। এ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, তা অনিশ্চিত। বিশ্বের জ্বালানির অন্যতম প্রধান উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সরবরাহ বন্ধ বা বিঘœ ঘটলে এর প্রভাব সারাবিশ্বেই পড়ে। বিশ্ববাজারের সবকিছুই ওলটপালট হয়ে যায়। শিল্পোৎপাদন কমে যায়, জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে। মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এ পরিস্থিতি আমরা দেখেছি, ইউক্রেন যুদ্ধেও। এ যুদ্ধের নেতিবাচক প্রভাব এখনো বিদ্যমান। এর সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে এক ভয়াবহ বৈশ্বিক সংকট সৃষ্টি করেছে। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য তা অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। বলার অপেক্ষা রাখে না, জ্বালানি ছাড়া সব ধরনের উৎপাদন বন্ধ হয়ে যায়।
গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়, সেই বিদ্যুৎ গৃহস্থালী থেকে শিল্পকারখানা, কৃষি, অফিস-আদালতসহ সর্বত্র ব্যবহৃত হয়। গ্যাস ও বিদ্যুৎ অর্থনীতির লাইফলাইনে পরিণত হয়েছে। এ দুটোর সংকটের অর্থ হচ্ছে, সবকিছু স্থবির হয়ে যাওয়া। ইরান যুদ্ধ সহসা বন্ধ হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে না। বরং সম্প্রসারিত হওয়ার আলামত দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের বিকল্প নেই। যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ইতোমধ্যে সরকারকে দুই কার্গো এলএনজি (প্রতিটি কার্গোতে ৩০০ কোটি ঘনফুট গাস থাকে) কিনতে হয়েছে প্রায় দ্বিগুণ দামে। একমাস আগেও যে এলনজি ভর্তি এক কার্গো কিনতে ১১০০ কোটি টাকা লেগেছে, এখন তা ২৩০০ টাকায় কিনতে হয়েছে।
এভাবে দ্বিগুণের বেশি দামে জ্বালানি কতদিন ক্রয় করতে হবে, তা অনিশ্চিত। এতে সরকারের ব্যয় কত বৃদ্ধি পাবে, তা বোধকরি ব্যাখ্যা করে বলার অবকাশ নেই। অন্যদিকে, ব্যবসায়ীরা এলপিজি জ্বালানির দাম বাড়ানোর জন্য চাপ দিলেও সরকার সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে তা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে বাড়বে না। ফলে কেরোসিন, পেট্রল, ডিজেল, অকটেনের দাম বাড়েনি। যদিও গ্রাহকদের অনেকে দাম বাড়ার শঙ্কায় তেলের পাম্পগুলোতে গত দুই দিন ধরে ব্যাপক ভিড় করছে। গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে জ্বালানি তেল কিনছে। তবে সরকারের তরফ থেকে গ্রাহকদের আশ্বস্থ করা দরকার, দাম বৃদ্ধি নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং তারা যাতে সাশ্রয়ী হয়, এ বার্তা পৌঁছে দিতে হবে।
শুধু সরকারি অফিস-আদালতে সাশ্রয়ের নীতি অনুসরণ করলে হবে না, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য ক্ষেত্রেও বিদ্যুৎ সাশ্রয়ের নীতি অনুসরণ করা অপরিহার্য। এক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকলে মিলে সাশ্রয় নীতি গ্রহণ করে অপচয় রোধ করলে, জ্বালানীর যে সংকট তৈরি হয়েছে, তা অনেকাংশে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে, রাজধানীসহ সারাদেশে বছরের পর বছর ধরে যে হাজার হাজার অবৈধ বৈদ্যুতিক সংযোগ রয়েছে সেগুলো দ্রুত বিচ্ছিন্ন করা। এতে প্রচুর বিদ্যুত সাশ্রয় হবে। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষকে এসব বিল উত্তোলনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বহু সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো বিদ্যুৎ বিল বকেয়া থাকে। এদের বিল সবার আগে তুলতে হবে। বৈশ্বিক জ্বালানি সংকটকালে বছরের পর বছর ধরে চলা বকেয়া বিলের অপসংস্কৃতি থেকে বের হওয়ার বিকল্প নেই।
তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগেই ঘোষণা দিয়েছিলেন, তার দল বিএনপির এমপিরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। তার এ সিদ্ধান্ত সর্বত্র প্রশংসিত হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি শুরুতেই জনভোগান্তি সৃষ্টিকারি প্রধানমন্ত্রীর গাড়ির বহরের প্রোটোকল কমিয়ে ফেলেন। পনের-ষোলটি গাড়ির জায়গায় পাঁচ-ছয়টিতে নামিয়ে আনেন। স্বাভাবিক যানজট ও সিগন্যাল মেনে চলা শুরু করেন। সরকারি খরচ না নিয়ে নিজ খরচে ড্রাইভার ও গাড়ির তেল ব্যবহার করেন। সরকার প্রধান হিসেবে তিনি ইতিবাচক পরিবর্তনের সূচনা নিজের থেকেই করেছেন। বাহুল্য বা অতিসজ্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাষ্ট্রের ব্যয় সাশ্রয় কীভাবে করা যায়, সেদিকে মনোযোগ দিয়েছেন। তার এই আচরণ তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আচরণেরই যেন প্রতিচিত্র।
জিয়াউর রহমান যেমন দরিদ্র রাষ্ট্রের জনগণের কথা চিন্তা করে নিজে যেটুকু খরচ না করলে নয়, সেটুকু করতেন, তারেক রহমানও সে পথই অনুসরণ করছেন বলে প্রতীয়মান হচ্ছে। নিজের আচরণ দিয়ে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারিদের বুঝিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষকে কষ্টে রেখে নিজেদের আরামের দিকে নজর দিলে হবে না। যেটুকু প্রয়োজন, সেটুকুই করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের সামনে সেই দৃষ্টান্ত স্থাপন করছেন, যাতে কেউ বলতে না পারে দরিদ্র দেশের ধনী প্রধানমন্ত্রী। তিনি দেশের সামর্থ্যরে সাথে তাল মিলিয়ে নিজেকে উপস্থাপন করছেন এবং তার সরকারের সদস্যদের তা করতে প্রেরণা যোগাচ্ছেন। তার এই উদ্যোগ ব্যতিক্রমী এবং দেশের উন্নয়নের জন্য উপযোগী। অস্বীকার করার উপায় নেই, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে সংকট সৃষ্টি করেছে এবং এর যে বিরূপ প্রতিক্রিয়া অর্থনীতিতে পড়ছে, তা সকলেরই জানা। এ প্রেক্ষিতে, সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারের কেউ যাতে কোনো ধরনের বেফাঁস মন্তব্য না করে এবং জনগণ যাতে আতঙ্কিত না হয়, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের সামনে খোলাখুলিভাবে প্রকৃত তথ্য জানিয়ে দিতে হবে।
