ইরানযুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানিতেলের সংকটে দাম হু হু করে বেড়েছে এবং বাড়ছে। এর প্রভাব বাংলাদেশের উপরও তীব্রভাবে পড়েছে। সরকার সাধারণ মানুষের সমস্যার কথা বিবেচনা করে প্রায় এক মাস জ্বালানিতেলের দাম বাড়ায়নি। মাসে প্রায় দুইশ’ কোটি টাকা ভর্তুকি দিয়ে দাম আগের জায়গায় রেখেছিল। তবে শেষ পর্যন্ত তা সরকারের উপর বোঝা হয়ে দাঁড়ায়। ফলে বাধ্য হয়ে জ্বালানিতেলের দাম বাড়িয়েছে। এছাড়া কোনো উপায় ছিল না। আমরাও বলেছিলাম, জ্বালানিতেলের দাম বাড়ানো জরুরি এবং তা যৌক্তিক। এই বৃদ্ধির ফলে সঙ্গতকারণেই উৎপাদন ও পরিবহন খরচবৃদ্ধির সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের ওপর চাপ পড়েছে। তাদের জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে।
গতকাল প্রকাশিত ইংরেজি দৈনিক নিউ এজ এবং দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটির পরামর্শে বিদ্যুৎ বিভিাগ গত সোমবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশনে (বিইআরসি) প্রস্তাব পাঠিয়েছে। জ্বালানি আমদানি ব্যয়ে ঊর্ধ্বগতি, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান এবং ভর্তুকির বাড়তি চাপ সামাল দিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ গ্রাহকদের কাছ থেকে নেয়া খরচের চেয়ে ৫ টাকা ৫০ পয়সা বেশি। ভর্তুকি হিসেবে সরকার এই অর্থ দিচ্ছে। হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে (২০২৫-২৬) পিডিবির ভর্তুকির সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৫৬ হাজার ৪৭৫ কোটি টাকা। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানিতেলের উচ্চমূল্যের কারণে আরও প্রায় ১৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। সরকার ইতোমধ্যে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, জ্বালানিতেলের মূল্যবৃদ্ধির পর বিদ্যুতের দামবৃদ্ধি করা হলে মানুষের জীবনযাপন আরও চাপের মধ্যে পড়বে।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎখাতে উন্নয়নের নামে তুঘলকি কা- ঘটেছে। ক্যুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে ‘ক্যুইক লুটপাট’ করা হয়েছে। প্রায় ৩২টি বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে এ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে। ক্যাপাসিটি চার্জ (কেন্দ্র চালু থাকুক বা বন্ধ থাকুক, বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক চুক্তি অনুসারে সরকারকে কেন্দ্রের ভাড়া দেয়া) বাবদ ২৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। এসব কেন্দ্রের কোনো কোনোটি পুরনো ও ভাঙাচোরা বিদ্যুৎ প্লান্ট বসিয়ে বিদ্যুৎ উৎপাদন না করেই ক্যাপাসিটি চার্জ নিয়েছে। কোনো কোনোটি বছরে ২৫০ থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত আয় করেছে।
অন্তর্বর্তী সরকার এসে রেন্টাল ও ক্যুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নবায়ন না করার সিদ্ধান্ত নেয় এবং দায়মুক্তির বিধান স্থগিত করে। বলার অপেক্ষা রাখে না, বিগত সরকারের লুটপাটের খেসারত এখন বর্তমান সরকারকে দিতে হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া জনগণের অধিকার। দেখা যাচ্ছে, তারা দাম দিয়েও তা পাচ্ছে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ব্যবসায়ীরা অতিরিক্ত দাম দিতেও রাজি ছিলেন। তারপরও তারা তা পাচ্ছে না। বর্তমান পরিস্থিতি নাজুক বললেও কম বলা হবে। দেশের মানুষকে প্রতিদিন গড়ে দুহাজার মেগাওয়াট লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে। গ্রামাঞ্চলে ১০/১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। গরমের ভর মৌসুমে কী দুর্বিষহ পরিস্থিতি হবে, তা অনুমান করতে কষ্ট হয় না। বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উৎস গ্যাস।
গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকেও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ আসে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদনে শীর্ষ পর্যায়ে উপনীত হয়েছে। তবে গ্যাস ও তেলসঙ্কটে সরবরাহে ব্যাঘাত ঘটায় গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে। ইরানযুদ্ধে বৈশ্বিক জ্বালানিতেল সংকট মারাত্মক আকার ধারণ করেছে। সরবরাহ বিঘিœত হওয়া ছাড়াও দাম বেড়েছে অস্বাভাবিক মাত্রায়। দেশে জ্বালানি চাহিদার প্রায় ৭০ শতাংশ বিদেশ থেকে আমাদনি করতে হয়। ফলে, আমাদের সংকটটা তুলনামূলকভাবে অনেক বেশি। একদিকে জ্বালানিসঙ্কট, আরেকদিকে সরকারের অর্থের অভাব। এই দুই সঙ্কটে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ অর্থ বিভাগের কাছে অর্থ চেয়েছে। অর্থ বিভাগ বা সরকার চাহিদা মতো অর্থের যোগান দিতে পারবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। সরকার চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো থেকে কঠিন কঠিন শর্তে ঋণ নিতে রাজী হচ্ছে। অন্যদিকে, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্য অর্জিত হবে না বলে ইতোমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থবছর শেষে প্রায় এক লাখ কোটি টাকার ঘাটতি থাকবে। এমতাবস্থায়, জ্বালানিতেলের দামের পর বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে, যা একটি অজনপ্রিয় এবং জনঅসন্তুষ্টির বিষয় হয়ে দাঁড়াবে। সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হয়ে উঠবে। বিরোধীদল এ নিয়ে রাজনীতি করবে এবং সাধারণ মানুষও তাতে সায় দেবে।
সাধারণ মানুষ এখন গ্যাস ও জ্বালানিতেলের মূল্যবৃদ্ধির কুফলে ভুগছে। এরমধ্যে বিদ্যুতের দামবৃদ্ধি যে তাদের কাছে ‘বোঝার উপর শাকের আঁটি’ হয়ে দাঁড়াবে, তাতে সন্দেহ নেই। তাদের টানাপোড়েনের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে, তা সহজেই অনুমেয়। প্রশ্ন হচ্ছে, সরকার বিদ্যুতের দাম না বাড়িয়ে কীভাবে তা সামাল দিতে পারে? বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন, বিদ্যুৎ খাতে সরকারি-বেসরকারি যেসব বকেয়া অনাদায়ী রয়েছে, তা আদায় করে সংকট সামাল দিতে পারে। এতে ভর্তুকি কমবে, বিদ্যুতের দামও বাড়াতে হবে না। ইনকিলাবের এক প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ খাতে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা ৩৬ হাজার কোটি টাকা এবং বিভিন্ন সরকারি কো¤পানির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা।
একইভাবে বিদ্যুৎ বিভাগের পাওনার পরিমাণও বাড়ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছে এই বকেয়ার পরিমাণ অন্তত ৪৫ হাজার কোটি টাকা। বেসরকারি বিভিন্ন কো¤পানি, প্রতিষ্ঠান ও গ্রাহকের কাছেও মোটা অংকের বকেয়া রয়েছে। এসব বকেয়া যথাসময়ে আদায় হলে এখাতে অর্থাভাব যেমন দেখা দিত না, তেমনি ভর্তুকির পরিমাণও কমে যেত। সরকারি প্রতিষ্ঠানগুলোই যদি বকেয়া বিল পরিশোধ না করে, তাহলে সংকট কাটবে কীভাবে? এর অর্থ হচ্ছে, সরকারের ভেতরেই সংকট জিইয়ে রাখার প্রবণতা রয়েছে। অন্যদিকে, বেসরকারি খাতের বকেয়া আদায়ের কার্যকর কোনো উদ্যোগ নেই। যদি সরকারি এবং বেসরকারি খাতের বকেয়া আদায় করা হতো কিংবা বিদ্যুতের বিল মাসেরটা মাসে আদায়ের ব্যবস্থা করত, তাহলে এ খাতের সংকট থাকত না। সরকারকেও বিদ্যুতের দাম বাড়ানোর মতো জনঅসন্তোষমূলক সিদ্ধান্ত নিতে হতো না। বিদ্যুৎ খাতের যাবতীয় উন্নয়ন ও চাহিদা বিদ্যুৎ খাতের অর্জিত অর্থ দিয়েই করা সম্ভব হতো। খুব বেশি দরকার হলে সরকার সহায়তার হাত বাড়িয়ে দিতো। আমরা বরাবরই বলে আসছি, বিদ্যুতের দাম না বাড়িয়ে সরকারি-বেসরকারি খাতে যে বিপুল অংকের অর্থ বকেয়া পড়ে আছে, সরকারকে তা আদায়ের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে, ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করতে হবে। তা নাহলে, বিদ্যুৎ খাতের সংকট কখনোই কাটবে না। উল্লেখ করা প্রয়োজন, সরকারের মধ্যে সাধারণ মানুষের কল্যাণ করার সদিচ্ছা রয়েছে। বিভিন্ন কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা ও সুবিধা দেয়ার ব্যবস্থা করেছে। তবে জ্বালানিতেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন যেভাবে শোচনীয় পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে এবং দেবে, তা এসব কার্ডের সুবিধা দিয়ে পূরণ কঠিন হবে।
