নরসিংদীতে ধর্ষণের বিচার চাহিতে গিয়া ভুক্তভোগী কিশোরীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হইবার ঘটনাটা শুধু হৃদয়বিদারক নহে, যথেষ্ট উদ্বেগজনকও বটে। ধর্ষণের ন্যায় গুরুতর অপরাধ সংঘটনের পর যেইখানে ধর্ষকের কারাগারে থাকিবার কথা, সেইখানে অপরাধী উল্টা ভুক্তভোগীকেই অপহরণ ও হত্যা করিয়াছে। শুক্রবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, নুরুল ইসলামের বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় ১৫ দিন পূর্বে তাহার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল নরসিংদীর একটি কারখানার শ্রমিক আমেনাকে চাকরিস্থল হইতে বাড়ি ফিরিবার পথে তুলিয়া লইয়া ধর্ষণ করে। ঘটনাটা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের মধ্যস্থতায় মীমাংসা করা হইলেও অভিযুক্ত নুরুল ওই কিশোরীকে হুমকি দিতে থাকে। নিরাপত্তার কথা চিন্তা করিয়া ভীতসন্ত্রস্ত কিশোরীর পিতা বুধবার রাত্রে তাহাকে পার্শ্ববর্তী ইউনিয়নে তাহার খালার বাড়িতে লইয়া যাইতেছিলেন। পথিমধ্যে নুরুলের নেতৃত্বে কয়েকজন ওই কিশোরীকে ছিনাইয়া লইয়া গিয়া হত্যা করে। এই ন্যক্কারজনক ঘটনা একদিকে সমাজে নারীর নিরাপত্তাহীনতা কতটা প্রকট তাহা তুলিয়া ধরে, অন্যদিকে আইন-আদালতের প্রতি বিশেষত সমাজের নিচুতলায় বিরাজমান আস্থাহীনতারও প্রকাশ ঘটায়। উভয় পরিস্থিতিই স্থিতিশীল রাষ্ট্র ও সমাজপ্রত্যাশী মানুষদের জন্য এক অশনিসংকেত।
ইতোপূর্বে এই স্তম্ভে আমরা বারংবার বলিয়াছি যে, দেশে বহু ভুক্তভোগী পরিবার লোকলজ্জার ভয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিবার কিংবা সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা করে। আইনের আশ্রয় লইবার মতো সাহস তাহারা করে না, অথবা এই ক্ষেত্রে তাহারা ভরসা পায় না। কারণ, একদিকে থানা কর্তৃপক্ষ আইনের আশ্রয় লইতে ভুক্তভোগী ও তাহার স্বজনদের নিরুৎসাহিত করে, অন্যদিকে বিচারের দীর্ঘসূত্রতার পাশাপাশি মামলা পরিচালনায় পুলিশের নানাবিধ গাফিলতির কারণে কাঙ্ক্ষিত রায় না পাইয়া সংশ্লিষ্ট বিচারপ্রার্থীরা হতাশ হন। তবে সামগ্রিক পরিস্থিতিতে বিচারহীনতাই বহু ধর্ষিত নারীর ভবিতব্য হইয়া ওঠে, যাহা সংশ্লিষ্ট অপরাধীরও জন্য অপরাধ কর্মে প্রণোদনা জোগায়। আলোচ্য ঘটনাটি এই ক্ষেত্রে একটা ধ্রুপদি উদাহরণ হইতে পারে। আমরা জানি, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাইবার প্রেক্ষাপটে জনগণ ফুঁসিয়া উঠিলে সংশ্লিষ্ট আইনে কিছু পরিবর্তন আনিয়া বিচার ত্বরান্বিত করিবার পদক্ষেপ গৃহীত হয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিচার ব্যবস্থায় নারী অধিকারের প্রতি উপযুক্ত সংবেদনশীলতা ব্যতীত এই সকল পদক্ষেপ যে কোনো সুফল দিতে পারে না, দেশে পূর্বের মতোই ধর্ষণের ঘটনার বাড়বাড়ন্ত অবস্থাই উহার প্রমাণ।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় ৯ জন আসামির মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হইয়াছে। আমরা আশা করি, অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হইবে। শুধু গ্রেপ্তার করিলেই চলিবে না, দ্রুত ন্যায়বিচারও নিশ্চিত করিতে হইবে। তবেই সমাজে একটা কাঙ্ক্ষিত বার্তা প্রেরণ করা যাইবে। ইহাও বলা প্রয়োজন, যে ইউপি সদস্য ধর্ষণের ঘটনাটা পুলিশকে অবহিত না করিয়া নিজেই তথাকথিত সমাধানের চেষ্টা করিয়াছেন, তিনিও উক্ত কিশোরীর খুনের ঘটনার দায় এড়াইতে পারেন না। সর্বোপরি নরসিংদী হত্যাকাণ্ড আমাদের পুনরায় মনে করাইয়া দেয়, নারী ও শিশুর নিরাপত্তা কেবল স্লোগান নয়, বাস্তব পদক্ষেপের দাবি রাখে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সচেতনতা বাড়াইতে হইবে এবং ইহার সহিত আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহি নিশ্চিত করিতে হইবে। ন্যায়বিচার চাহিবার অধিকার নাগরিকের মৌলিক অধিকার। সেই অধিকার প্রয়োগ করিতে গিয়া যদি কোনো নাগরিককে জীবন হারাইতে হয়, তাহা হইলে গোড়াতেই গলদ রহিয়াছে এবং উহা দূর করিতে সংশ্লিষ্ট সকল সংস্থা ও বাহিনীকে অবিলম্বে ঢালিয়া সাজানো প্রয়োজন বলিয়া আমরা মনে করি।
