বিশ্বের সশস্ত্র বাহিনীর ইতিহাসে পিলখানা হত্যাকান্ডের মতো ট্র্যাজিক ঘটনা আর নেই। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রায় দেড় মাসের মাথায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানাস্থ তৎকালীন বিডিআর হেডকোর্য়াটারে বার্ষিক বিডিআর সপ্তাহের দ্বিতীয় দিনে তথাকথিত বিদ্রোহের নামে সেনাবাহিনীর ৫৭ জন অফিসার, ১৭ জন বেসামরিক মানুষসহ ৭৪ জনকে হত্যা করা হয়। অফিসারদের পরিবারের অনেককে হত্যা ও জিম্মিও করা হয়। সম্পত্তি লুটপাট ও ভাঙচুর করা হয়। ইতিহাসের এই নির্মম হত্যাকান্ডের মাস্টারমাইন্ডসহ কারা জড়িত ছিল, প্রায় ১৫ বছর পর তার প্রকৃত চিত্র উঠে এসেছে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। গত সপ্তাহে তদন্ত কমিশনের পক্ষ থেকে তদন্ত কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ. ন. ম. ফজলুর রহমান প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের হাতে তদন্ত প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে বিডিআর হত্যাকান্ডের নেপথ্য থেকে শুরু করে কারা জড়িত ছিল, কারা দায়িত্বে অবহেলা করেছে, ঘটনাকে ভিন্ন দিকে নিতে কারা কাজ করেছে ইত্যাদিসহ বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের ১৪৬ নম্বর পয়েন্টের ‘গ’ অংশে ৫ জন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন বর্তমান আইজিপি বাহারুল আলম। প্রতিবেদনে স্পষ্টতই তাকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো হচ্ছে, কমিশনের তদন্তে অনুমানভিত্তিক তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারবিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করে বিরোধীদলীয় কর্মীদের ওপর দায় চাপানো, মিছিলকারীদের শনাক্ত না করা, এসবির তৎকালীন মাঠ পর্যায়ের টিমের পরিচয় না জানানো এবং উক্ত টিম কর্তৃক সংগৃহীত তথ্য-প্রমাণ কমিশনের চাহিদা অনুযায়ী প্রদান না করে কমিশনকে অসহযোগিতা করা। উল্লেখ্য, আইজিপি বাহারুল আলম সে সময় এসবি প্রধান (অতিরিক্ত আইজিপি) ছিলেন।

বিডিআর হত্যাকান্ডে যে, শেখ হাসিনা, তার সরকার ও দল এবং ভারতের সম্পৃক্ততা ছিল, তা এখন পরিস্কার। এ হত্যাকান্ডের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীকে যে, দুর্বল বাহিনীতে পরিণত করার লক্ষ্য ছিল, তা বলার অপেক্ষা রাখে না। এর মাধ্যমে হাসিনা সরকার দেশে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছিলেন। নিজেও ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ভারতের করতলে তুলে দিয়ে, দেশকে তার অঙ্গরাজ্যে পরিণত করে তিনি আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করেছিলেন। উল্টো বিডিআর হত্যাকান্ডের দায় তৎকালীন জাতীয় সংসদের বিরোধীদল বিএনপির ওপর চাপিয়েছিলেন। প্রচ্ছন্নভাবে শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ওপর দায় চাপিয়েছিলেন।

অন্যদিকে, বিডিআর হত্যাকান্ডের তদন্ত এবং বিচার নিয়ে প্রশ্নবিদ্ধ নানা পদক্ষেপ নিয়েছিলেন। জানা যায়, ২০০৯ সালের ১ মার্চ সেনাকুঞ্জে শেখ হাসিনা সেনাদস্যদের পরিস্থিতি সম্পর্কে অবগত করতে গেলে সেখানে উপস্থিত অনেক সেনাকর্মকর্তা বিডিআরের ভেতর তাদের কোর্সমেট ও সহকর্মীদের বাঁচাতে যথাসময়ে পদক্ষেপ না নেয়া নিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন। এ ঘটনায় তাদেরকে অপসারণসহ শাস্তি দেয়া হয়। তথাকথিত বিডিআর বিদ্রোহে যে ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়, তারা অত্যন্ত মেধাবী ছিলেন। তারা ছিলেন দেশের সম্পদ। এত সেনাকর্মকর্তা কোনো যুদ্ধেও নিহত হয়নি। বিডিআর হত্যাকান্ডে যে তৎকালীন ডিজিএফআই, এসবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত ছিল, তা স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।

বর্তমান আইজিপি বাহারুল আলমও এ হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার সাথে জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছরের ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। সে সময় বিডিআর হত্যাকান্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার তার কার্যক্রম সম্পর্কে হয়ত সরকার অবহিত ছিল না। এখন যেহেতু বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, তাই সরকারের উচিৎ ছিল, তাকে সরিয়ে দেয়া। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও সরকার নিশ্চুপ রয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম অনেকটা দায়সারাভাবে বলেছেন, তদন্ত প্রতিবেদন পুরোটা পড়া হয়নি। পড়া হলে সুপারিশগুলো বাস্তবায়ন হবে। অথচ প্রায় প্রত্যেক পত্রপত্রিকা ও গণমাধ্যমে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুরো প্রতিবেদন পড়ার আর কি প্রয়োজনীয়তা থাকতে পারে? অন্যদিকে, আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও তার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ নামে একটি সংগঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে। তাকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে।

বিডিআর হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নামা আসায় এ নিয়ে প্রশাসন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এমন একজন অভিযুক্ত ব্যক্তি কী করে আইজিপি হিসেবে বহাল রয়েছেন, তা নিয়ে অনেকে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, তদন্ত প্রতিবেদনে আইজিপির নাম আসায় নৈতিকভাবে তার আর এ পদে থাকা উচিৎ নয়। তার উচিৎ, নিজ থেকে সরে যাওয়া। পরবর্তীতে তিনি দোষী কি নির্দোষ, তা আইনের মাধ্যমে তিনি সুরাহা করবেন। দুঃখজনক বিষয় হচ্ছে, আইজিপি ও সরকারের এ ব্যাপারে কোনো বিকার নেই। তারা চুপ থেকে গুরুতর এ বিষয়টিকে যেন সময়ের গর্ভে তলিয়ে দেয়ার নীতি নিয়ে চলছে। এ ধরনের উপেক্ষার নীতি অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। এ ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আইজিপি বাহারুল আলমকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে। তদন্ত প্রতিবেদনে বিডিআর হত্যাকান্ডে যারা জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এ ব্যাপারে সরকারকে জিরো টলারেন্স থাকতে হবে।