দেশে দরিদ্র মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। গত মঙ্গলবার বিশ^ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে তথ্য তুলে ধরা হয়েছে, তাতে অর্থনীতির দুর্দশার চিত্র ছাড়া উন্নয়নের তেমন কোনো চিত্র নেই। প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে, অর্থনীতিতে যদি আরেকটু মন্দার ধাক্কা লাগে, তাহলে ৬ কোটি ২০ লাখের মতো মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। এর অর্থ হচ্ছে, এই মানুষগুলো দারিদ্র্যের খাদের কিনারে দাঁড়িয়ে আছে এবং তাতে না পড়ে যাওয়ার প্রাণপন সংগ্রাম করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপির বর্তমান যে ৩.৪ শতাংশ, তা আগামীতে সামান্য বাড়লেও তা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বা কম থাকবে। অর্থাৎ প্রতিবেদন অনুযায়ী, দেশের অর্থনীতিতে আপাতত কোনো সুখবর নেই। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কি, তা জানা বা বোঝার জন্য এই প্রতিবেদনের প্রয়োজন পড়ে না। বাস্তব পরিস্থিতির দিকে তাকালেই তা বোঝা যায়। মূল্যস্ফীতি, নিত্যপণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি, মানুষের আয় কমে যাওয়া, বেকার হয়ে যাওয়া, শিল্পকারখানা বন্ধ রাখাসহ খরচ কমাতে কর্মরতদের ছাঁটাই করার বাস্তব চিত্র থেকে অর্থনীতির চিত্র কি, তা বুঝতে অসুবিধা হয় না।
বৈশি^ক অর্থনৈতিক মন্দার প্রভাবের বাইরে বাংলাদেশ নেই। ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ইরানযুদ্ধ বড় ধরনের অভিঘাত সৃষ্টি করেছে। ইরানযুদ্ধের কারণে বিশে^র অন্যতম জ¦ালানি তেলের উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বৈশি^ক অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। বাংলাদেশে এর কী প্রতিক্রিয়া হয়েছে, তা সকলেরই জানা। জ¦ালানি তেল ও গ্যাস সংকটে শিল্পকারখানা, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন খাত বিপর্যস্ত হয়ে পড়ে। সরকারকে জ¦ালানি তেলের দাম দফায় দফায় বৃদ্ধি করতে হয়েছে। বিকল্প উৎস থেকে তেল কিনতে গিয়ে বিপুল অংকের অর্থ ব্যয় করতে হয়েছে এবং হচ্ছে। অর্থনৈতিক এ বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই। তবে যে বিপুল ক্ষতি সাধারণ মানুষের উপর চেপে বসেছে, তা অকল্পনীয়।
খাদ্যপণ্যসহ এমন কোনো নিত্যপ্রয়োজনীয় জিনিস নেই, যার দাম বেড়ে তাদের হাতের নাগালের বাইরে চলে যায়নি। তাদের পক্ষে ঠিকমতো দুই বেলা খাবার খাওয়া দুষ্কর হয়ে পড়েছে। যারা আয় করেন, তাদের যে আয়, তা দিয়ে তারা জীবন চালাতে পারছে না। গ্যাস-বিদ্যুৎ ও জ¦ালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সবকিছুর দাম বেড়ে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দরিদ্ররা দিশেহারা হয়ে পড়েছে। যারা নি¤œবিত্ত তারা দরিদ্র হয়ে যাচ্ছে। এমনকি অসংখ্য মধ্যবিত্ত পরিবার নি¤œবিত্তে পরিণত হয়েছে। সরকার ট্রাকের মাধ্যমে টিসিবির যে পণ্য বিক্রি করে, সেখানে তাদের ভিড় দেখেই তা বোঝা যায়। সীমিত আয়ের মানুষগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তারা যা আয় করে, তা দিয়ে তাদের কোনোভাবেই চলছে না।
যে গ্যাস সিলিন্ডার তারা তের-চৌদ্দশ’ টাকায় কিনত, তা বেড়ে হয়েছে ১৮শ’ থেকে দুই হাজার টাকা। যাদের মাসে বিদ্যুৎ বিল আসত এক-দেড় হাজার টাকা, তা বেড়ে গড়ে হয়ে গেছে আড়াই-তিন হাজার টাকা। এর মধ্যে ভুতুড়ে বিল তো রয়েছেই। এছাড়া বাসা ভাড়া বেড়ে তাদের সাধ্যের বাইরে চলে গেছে। অর্থাৎ সাধারণ মানুষ কোনোভাবেই ভালো নেই। দৈনন্দিন জীবনের ব্যয় হু হু করে বাড়লেও তাদের আয় এক টাকাও বাড়েনি। আয় দিয়ে তাদের মৌলিক চাহিদা খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। যাদের সঞ্চয় ছিল, তাও ফুরিয়ে গেছে। অনেকে জমি-জিরাত, ভিটা-মাটি বন্ধক বা বিক্রি করে দিচ্ছে। অনেকে সন্তানের পড়ালেখার খরচ চালাতে পারছে না। অর্থাভাবে সন্তানের বিয়ে-সাদী দিতে পারছে না। আয়ের সাথে ব্যয় সংকুলান করতে না পেরে, তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। বেকাররা অপরাধে জড়িয়ে পড়ছে। পরিবার ও সমাজ অস্থিতিশীল হয়ে উঠছে। দিনমজুর ও শ্রমিক শ্রেণী কতটা দুর্দশার মধ্যে রয়েছে, তা বলা বাহুল্য। আন্তর্জাতিক হিসেবে যার আয় দৈনিক ৩ মার্কিন ডলার বা ৩৬৬ টাকা, তাকে দারিদ্র্যসীমার নিচে ধরা হয়। দেশে এখন দিনে এই আয় করা মানুষের সংখ্যা কমে যাওয়ায় দারিদ্র্যসীমা দ্রুত বেড়ে যাচ্ছে।
টেকসই অর্থনৈতিক উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিলেও তার সুফল পেতে দেরি হবে। তবে বর্তমানে সাধারণ মানুষ যে শোচনীয় পরিস্থিতির মধ্যে রয়েছে, কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, লাখ লাখ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে এই পরিস্থিতি সামাল দিতে না পারলে যে ক্ষত তৈরি হবে, তা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে। এই সংকট অর্থনৈতিক অগ্রগতিকে ধীর করে দেবে। সচেতন মহলের মতে, অর্থমন্ত্রী সাধারণ মানুষের অর্থনৈতিক ও জীবনযাপনের শোচনীয় পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তার উচিৎ ছিল, সবার আগে সীমিত আয়ের ও দরিদ্র মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেয়া। দারিদ্র্য ও বেকারত্বের হার বৃদ্ধি ঠেকিয়ে রাখা। নিত্যপণ্যের দাম বাড়লেও তাদের যাতে খুব বেশি সমস্যায় পড়তে না হয়, এ পরিকল্পনা করা। সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সরকার গ্যাস-বিদ্যুৎ, জ¦ালানি ইত্যাদির দাম বাড়ানোর কারণ বললেও এর নেতিবাচক প্রতিক্রিয়ায় নিত্যপণ্যসহ অন্যান্য খরচ বেড়ে গেলে সাধারণ মানুষ তা কীভাবে সামলাবে বা আয় বাড়াবে, তা বলে না। এক্ষেত্রে সরকারের যেন কোনো উদ্যোগ নেই। বলা বাহুল্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো সহজ এবং এতে সরকারের কোনো কৃতিত্ব নেই। বরং দাম কমানো বা স্থিতিশীল রাখার মধ্যেই সরকারের সাফল্য নির্ভর করে। সরকার ইতোমধ্যে যা কিছু সাফল্য অর্জন করেছে, তা ম্লান হয়ে গেছে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও মানুষের দরিদ্র হয়ে যাওয়ার মধ্য দিয়ে। সরকারের উচিৎ, কীভাবে দারিদ্র্য ঠেকানো যায়, মানুষের আয় বৃদ্ধি করা যায়, বেকারত্ব ঘুচানো যায়, এ ব্যাপারে বিশেষ পরিকল্পনা ও তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া।
