দেশের ব্যাংক খাত দীর্ঘদিন ধরেই সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে ঋণের নামে একের পর এক ব্যাংক উজাড়, প্রভাবশালী গোষ্ঠীর হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেয়া আর সেই সাথে অবাধ দুর্নীতি, অনিয়ম, অর্থপাচারের ধারাবাহিকতায় ব্যাংকগুলো ফোকলা হয়ে পড়ে। তথ্য-উপাত্তে দেখা যায়, রাজনৈতিক প্রভাব ও গোষ্ঠীস্বার্থে বিতরণ করা বিপুল ঋণের অর্থ খেলাপি হয়েছে। ভারতে যেখানে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ সেখানে বাংলাদেশে প্রায় ৩৩ শতাংশ, ব্যাংক খাতে মোট ঋণের এক-তৃতীয়াংশ। ব্যাংক খাতের মূলধন পরিস্থিতিও নাজুক। মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত নেতিবাচক। পরিস্থিতি এমন যে, পুরো ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠেছে। প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টের রিপোর্টে বলা হয়েছে, খেলাপি ঋণের ভারে জর্জরিত বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়ার ঝুঁকির মুখে। হাসিনা-উত্তর দুই বছরে বড় ধরনের সংস্কার করতে না পারায় আজ বেশির ভাগ ব্যাংক অনিয়ম, দুর্নীতি ও ঋণ লুটপাটের ফলে ঝুঁকিপূর্ণ। এর বড় অংশই আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। সঙ্কটের অন্যতম কারণ শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংকের নিয়ন্ত্রণ ও বিপুল পরিমাণ ঋণ প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হাতে চলে যাওয়া। পরিণামে বর্তমানে পুরো ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠছে। ব্যাংক খাতের বর্তমান সঙ্কট জাতীয় প্রবৃদ্ধি, দারিদ্র্যবিমোচন, স্বাস্থ্য ও শিক্ষায় গত ৫৫ বছরের অর্জনকে ঝুঁকিতে ফেলছে। সঙ্কটের বিরূপ প্রভাব পড়ছে বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২০২৫ সালে প্রায় ১০ শতাংশ থেকে কমে চলতি বছর ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। জ্বালানি সঙ্কট, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ পরিস্থিতিকে আরো জটিল করেছে। দেশে দারিদ্র্যের হার নতুন করে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে, যা জিডিপির ১ দশমিক ২ শতাংশের সমান। ব্যাংক খাত ও রাজস্ব বোর্ডের সংস্কারের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বড় ধরনের কোনো সংস্কারের উদ্যোগ এখনো নেই। বলা যায়, সরকার এখনো সঙ্কট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। অর্থমন্ত্রী বলেছেন, সরকার ব্যাংকগুলোর আর্থিক বিবরণী পরিষ্কার করার চেষ্টা করছে। যেসব ভালো সম্পদ বা প্রকল্প সাময়িক সমস্যায় পড়েছে, সেগুলোর ঋণ পরিশোধে প্রয়োজনীয় সময় দেয়া হবে। রাজনৈতিক সরকারের পক্ষে বড় ধরনের সংস্কার করা কিছুটা কঠিন। কারণ দলীয় প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ দেখার চাপ থাকে। এসব চাপ উপেক্ষা করতে পেরেছিলেন বলেই খালেদা জিয়ার সময় অর্থমন্ত্রী সাইফুর রহমান সফল হিসেবে আজও স্মরণীয় হয়ে আছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী কতটা সফল হবেন তা বোঝা যাবে তিনি কতটা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারেন তা থেকেই।
Opinion সম্পাদকীয়
