রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন ব্যয় নির্বাহ করার প্রধান উৎস হলো রাজস্ব। ফলে এটি সরকারের ব্যয় ও বাজেট বরাদ্দের পরিমাণ কত হবে তার ওপর প্রভাব রাখে। বাংলাদেশের ক্ষেত্রে বড় বাস্তবতা হলো সরকারের রাজস্ব আহরণ সক্ষমতা তুলনামূলক কম। যে কারণে প্রতি অর্থবছরই রাজস্ব আহরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের রাজস্ব আহরণের চিত্রও একই। এ সময় ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। ঘাটতি ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ভ্যাট আহরণে। এ খাতে ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে মাত্র ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা। অর্থাৎ মোট রাজস্ব ঘাটতির প্রায় অর্ধেকই ভ্যাট খাতে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায়ও ভ্যাট আহরণ কমেছে। আয়কর ও আমদানি-রফতানি শুল্ক—রাজস্বের অন্য দুই প্রধান খাতেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
যদিও গত কয়েক দশকে দেশের অর্থনীতির আকার ও কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর বিপরীতে রাজস্ব আহরণ বা এর সক্ষমতা বাড়েনি। অথচ প্রয়োজনের তুলনায় রাজস্ব না থাকলে সরকারকে বিভিন্ন খাত থেকে ঋণ করতে হয়। এতে সরকারি কোষাগারের ওপর আর্থিক চাপ আরো বাড়ে। কেননা ঋণের সুদও পরিশোধ করতে হয়। আবার এতে সরকারের ব্যয় সক্ষমতাও কমে, অর্থনীতির ঝুঁকি বেড়ে যায়।
এর পরও দেশে কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ না হওয়াটা হতাশাজনক। এর অন্যতম কারণ রাজস্ব খাতে কাঠামোতগত সংস্কারের অভাব। ১৯৯১ সালে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তনকে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনায় বড় সংস্কার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এরপর সাড়ে তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তেমন কোনো মৌলিক পরিবর্তন আসেনি। বিভিন্ন সময়ে ভ্যাট ও আয়কর আইন প্রণয়ন, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং অটোমেশনের উদ্যোগ নেয়া হলেও সেগুলোর অধিকাংশই প্রত্যাশিত ফল দিতে পারেনি। ফলে রাজস্ব আহরণে দুর্বলতা এখন সরকারের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাজস্ব আহরণে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টি আন্তর্জাতিক তুলনাতেও স্পষ্ট। রেভিনিউ স্ট্যাটিস্টিক ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল ৬ দশমিক ৭ শতাংশ। বিপরীতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ হার ছিল গড় ১৯ দশমিক ৭ শতাংশ। এ পার্থক্যের পেছনে কর প্রশাসনের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এক্ষেত্রে রুয়ান্ডার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য শিক্ষণীয়। ১৯৯৭ সালে দেশটি স্বতন্ত্র রুয়ান্ডা রেভিনিউ অথরিটি প্রতিষ্ঠা করে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে করনীতি প্রণয়নের দায়িত্ব রেখে পৃথক প্রতিষ্ঠানকে কর সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। বড় করদাতাদের জন্য পৃথক ইউনিট, ইলেকট্রনিক রিটার্ন দাখিল, কর নিরীক্ষা জোরদার এবং কর অব্যাহতি যৌক্তিকীকরণের উদ্যোগ নেয়া হয়। এসব উদ্যোগের ফলে দেশটির কর-জিডিপি অনুপাত ২০০০ সালের ৮ দশমিক ১ শতাংশ থেকে ২০২৩ সালে ১৪ শতাংশে উন্নীত হয়েছে বলে দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) এক তুলনামূলক পরিসংখ্যানে উল্লেখ করা হয়। অর্থাৎ কাঠামোগত পরিবর্তন ছাড়া রাজস্ব বৃদ্ধির তেমন সুযোগ নেই বললেই চলে।
এদিকে এনবিআরের অন্যতম সমস্যা এর প্রশাসনিক কাঠামো। এখনো ঔপনিবেশিক আমলে গড়ে ওঠা ভৌগোলিক কাঠামোর ভিত্তিতে কর কার্যক্রম পরিচালিত হচ্ছে। অথচ অর্থনীতির ধরন ও পরিসর বদলেছে। তার ওপর করনীতি প্রণয়ন ও কর আহরণের দায়িত্ব একই প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত থাকায় নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে গত বছর করনীতি ও কর ব্যবস্থাপনার দায়িত্ব পৃথক করার উদ্যোগ নেয়া হলেও তা খোদ এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের বাধার মুখে পড়ে। বর্তমান সরকারের সময়েও এটা নিয়ে বিশেষ কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
আবার রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশনের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে এনবিআর। পুরো ব্যবস্থাপনা ডিজিটাল কাঠামোর আওতায় আসেনি আজও। কাস্টমসের আধুনিকায়ন ও অটোমেশনের কিছু উদ্যোগ নেয়া হলেও সেগুলো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন হয়নি। একই পরিস্থিতি দেখা গেছে ভ্যাট আহরণের ক্ষেত্রে। এর একটি উদাহরণ হলো ভ্যাট ফাঁকি রোধে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি সিস্টেমের প্রচলন সর্বত্র করা সম্ভব হয়নি। এসব বাস্তবায়নে মূলত সমন্বিত উদ্যোগ প্রয়োজন ছিল।
এনবিআরের সংস্কারের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচিত। কিন্তু প্রশাসনিক প্রতিরোধ, রাজনৈতিক অঙ্গীকারের অভাব এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে উদ্যোগগুলো বারবার বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকে সমন্বিত দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা নিতে হবে। প্রতিটি উদ্যোগের সময়সীমা, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ও অর্জনযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। ভ্যাট প্রবর্তনের সাড়ে তিন দশক পরও রাজস্ব ব্যবস্থাপনায় মৌলিক সংস্কার না হওয়া রাষ্ট্রের আর্থিক সক্ষমতার জন্য উদ্বেগজনক। করের হার ও ঋণের বোঝা বাড়িয়ে নয়, বরং কর প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা এবং করজালের ব্যাপ্তি বাড়িয়েই রাজস্ব আহরণে টেকসই অগ্রগতি সম্ভব। আর এটি তখনই হবে যখন সরকার দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ নেবে।
