বাংলাদেশে জেন-জিরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রবীণ স্বৈরশাসককে উৎখাত করে। আগামীকাল বৃহস্পতিবার দেশটিতে তাদের জন্য প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাখ লাখ তরুণের স্বপ্ন ছিল, এই আন্দোলন তাদের দেশের জন্য একটি নতুন পথ উন্মুক্ত করে দেবে। ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন, সে ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এই চিত্র নেপাল ও মাদাগাস্কারে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সরকার পতনে তরুণ নেতৃত্বাধীন আন্দোলনকেও উজ্জীবিত করেছিল।

কিন্তু হাসিনা-পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে দুই প্রার্থীর সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদের অবস্থান তরুণদের স্বপ্নের চেয়ে অনেক দূরে। অথচ এই তরুণরাই ব্যারিকেড এবং রাস্তায় হাসিনাকে উৎখাত করার জন্য সব ধরনের ঝুঁকি নিয়েছিল। একজন হলেন ৬০ বছর বয়সী, যিনি রাজনৈতিক পরিবারতন্ত্রের উত্তরসূরি, যারা কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে। অন্যজন হলেন ৬৭ বছর বয়সী একজন ইসলামপন্থি নেতা,যার দল নির্বাচনে কোনো নারী প্রার্থী দিচ্ছে না।

গত নভেম্বরে ঢাকার একটি আদালত শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এ ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ অচলাবস্থায় হাসিনা এখন দাবার ঘুঁটিতে পরিণত হয়েছেন। কারণ বাংলাদেশ দাবি করছে– তিনি যে অপরাধ করেননি, তা প্রমাণ করতে হলেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে এবং সে জন্য তাঁকে ফিরিয়ে দেওয়া হোক। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না।

হাসিনা এবং তাঁর দলের অনুপস্থিতি তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য আশীর্বাদস্বরূপ। দলনেতা তারেক রহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং হাসিনার তীব্র প্রতিদ্বন্দ্বী প্রয়াত খালেদা জিয়ার পুত্র। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনের পর তিনি দেশে ফিরেছেন এবং তিনি নির্বাচনে সবার অগ্রভাগে রয়েছেন বলে মনে হচ্ছে। আরেকজন হলেন জামায়াতে ইসলামী থেকে, যা দেশের বৃহত্তম ইসলামপন্থি দল। হাসিনার অধীনে বছরের পর বছর দমন-পীড়নের পর দলটির পুনরুত্থান ঘটেছে। ইতোমধ্যে অভ্যুত্থানের পর ছাত্রদের দ্বারা গঠিত নতুন দল হলো জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তরুণদের এই দল বাংলাদেশের ভঙ্গুর ও সহিংস রাজনৈতিক পাটাতনে অর্থপূর্ণভাবে নিজেদের অবস্থান তৈরি করতে লড়াই করছে। ডিসেম্বরের শেষের দিকে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ঘোষণা করে অনেককে হতবাক করে দেয়।

সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের উন্নয়ন অধ্যয়নের অধ্যাপক নাওমি হোসেন বলেন, এই জোট আংশিকভাবে সুরক্ষার ব্যাপার। ‘এনসিপির কেউ কেউ যদি জামায়াতের সঙ্গে জোট বাঁধে, তাহলে তাদের আসন পাওয়ার সম্ভাবনা বেশি।’ তাঁর মতে, তা ছাড়া তাদের এই জোট ‘সহিংস ও হিংসাত্মক রাজনৈতিক পরিবেশে’ সংসদীয় মর্যাদা সুরক্ষা দেবে এবং এটি ছাড়া নেতারা ‘খুব ঝুঁকিতে’ রয়েছেন বলে আশঙ্কা করেন।

নির্বাচনে প্রার্থী ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংস সংঘর্ষের ঘটনা উদ্বেগময় পরিবেশ সৃষ্টি করেছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারার জন্য সমালোচনার সম্মুখীন। এই অস্থিরতা মূলত অনেক ছাত্র বিক্ষোভকারীর আশার বিপরীত। ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নাজিফা জান্নাত বলেন, এনসিপি ‘সংস্কার, অন্তর্ভুক্তি এবং আরও অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছিল।’ কিন্তু এনসিপি এমন একটি দলের সঙ্গে জোট করেছে, যারা একজন নারী প্রার্থীও দেয়নি। এটা আমাদের জন্য বিশ্বাসঘাতকতা মনে হয়। এটি এক ‘লজ্জাজনক ঘটনা’। তবু বৃহস্পতিবারের ভোটকে অনেকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখছেন। আর ঢাকার রাস্তায, অলিগলিতে প্রত্যাশার আবহ দেখা যাচ্ছে। রিয়া মোগল ও এশা মিত্র: প্রতিবেদক; সিএনএন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম