বিগত দেড় দশকে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটপাটে দেশের অর্থনীতি খাদের কিনারে গিয়ে দাঁড়ালেও মিথ্যা প্রবৃদ্ধি ও জিডিপির পরিসংখ্যান সবকিছু আড়াল করে সংকটকে আরো গভীর করে তুলেছিল। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারসহ সংকট নিরসন ও বিনিয়োগ বাড়াতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেও তেমন কোনো সুফল দেখাতে পারেনি। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে গ্রহণ করা হয়েছিল, তাও সাফল্যের মুখ দেখেনি। পাচারকৃত ২৩৪ বিলিয়ন ডলারের ন্যূনতম অংশও ফিরিয়ে আনতে পারলে দেশের অর্থনৈতিক সংকট অনেকটা দূর করে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা সম্ভব ছিল। বিগত সময়ে দেশে আশানুরূপ বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসার জন্য গণতন্ত্রহীনতা, রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্নীতি এবং অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করা হয়েছিল। আশা করা হচ্ছিল, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলেই কেবল দেশি-বিদেশি বিনিয়োগে ইতিবাচক গতি সৃষ্টি হবে। জুলাই গণঅভ্যুত্থানের অণুঘটক হিসেবে কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনের যে ভূমিকা তার পেছনে কাজ করেছে মূলত লাখ লাখ যুব-তরুণের ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মসংস্থান সঙ্কুচিত হয়ে পড়া, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও সামাজিক-অর্থনৈতিক বৈষম্য থেকে সৃষ্ট গণঅসন্তোষ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যও অনির্বাচিত সরকারের নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তাকে বহুলাংশে দায়ী করা হয়। দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের কাছে সর্বসাধারণের প্রত্যাশা এ কারণেই অনেক বেশি। কিন্তু আঞ্চলিক, আন্তর্জাতিক ও পারিপার্শ্বিক বাস্তবতা ভিন্ন বার্তা দিচ্ছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গত জানুয়ারিতে বিশ্বব্যাংক থেকে প্রকাশিত এক প্রতিবেদনে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন ধরা হয়েছিল ৪ দশমিক ৬ শতাংশ। এরই মধ্যে দেশে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সংসদে সরকার দলীয় ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রাণবন্ত ডিবেট করে জাতীয় সমস্যা সমাধানে ঐকমত্যে পৌঁছানোতে সচেষ্ট রয়েছেন। এহেন বাস্তবতায় দেশের বিনিয়োগ ও অর্থনীতিতে গতিশীলতা ফিরে আসার কথা থাকলেও তা এখনো দেখা যাচ্ছে না। উপরন্তু এ সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে আগের প্রাক্কলন কমিয়ে ৩ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

প্রবৃদ্ধি কমার সাথে সাথে মূল্যস্ফীতি এবং কর্মহীন ও আয়ের সাথে ব্যয়ের সঙ্গতিহীন মানুষের সংখ্যা বৃদ্ধি ও গড়পড়তা মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে যাওয়া এবং ১২ লক্ষাধিক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অতীতেও অষ্টম জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণের পর আগের আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের দায় বহন করতে হয়েছে। পরপর কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রেক্ষাপট সৃষ্টি করেছিল আগের আওয়ামী লীগ সরকার। এবারো তার পুনরাবৃত্তি হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগের লুটপাটের অর্থনীতির ধ্বংসাবশেষের উপর যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি নতুন সরকার জনগণের প্রত্যাশিত উন্নয়নের কাঠামো বাস্তবায়নের স্বপ্ন বুনছে, ঠিক তখনই মড়ার উপর খাড়ার ঘা’র মতো মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে সৃষ্ট জ্বালানি ও অর্থনৈতিক সংকটের নতুন খড়গ নেমে এসেছে। এটি এখন বৈশ্বিক সংকট। দেড় দশক ধরে লুটপাটের শিকার হওয়া একটি অর্থনীতির জন্য এই বৈশ্বিক সংকট সামাজিক-রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিগত সময়ে ঋণ করে ঘি খাওয়ার মতো বৈদেশিক ঋণে মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করতে জিডিপি প্রবৃদ্ধিতে মিথ্যা পরিসংখ্যানের ভেল্কিবাজি দেখানো হয়েছে। শত শত বিলিয়ন ডলারের ঋণের সুদ পরিশোধ করতেই এখন বার্ষিক জাতীয় বাজেটের একক বৃহত্তম অংশ ব্যয় করতে হচ্ছে। এহেন বাস্তবতায় মিথ্যা পরিসংখ্যানের উপর ভিত্তি করে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নেয়া কঠিন হয়ে পড়তে পারে। এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান এলডিসি উত্তরণের সময়সীমা আরো ৩ বছর বাড়িয়ে নিতে জাতিসংঘে পত্র দিয়েছেন। দেশের কোটি কোটি দরিদ্র মানুষকে আরো কঠিন বাস্তবতার মধ্যে ঠেলে দিতে পারে, এমন একটি পরিস্থিতি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যৌক্তিক ও বাস্তবসম্মত।

বিগত সরকারের পরিসংখ্যানগত মিথ্যাচার ও গোজামিলের মাশুল গুণতে হচ্ছে এখন দেশের সাধারণ মানুষকে। মিথ্যাচার ও প্রোপাগান্ডার গ্যাড়াকল থেকে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা ও সম্ভাবনাকে স্বচ্ছতার আলোয় প্রতিষ্ঠিত করতে হবে। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে সম্ভাবনার পথে এগিয়ে নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও উৎপাদন ও বাণিজ্যিক পরিকাঠামোকে সুপরিসর করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব রকম বিকল্প ব্যবস্থা গ্রহণের পথ অবারিত রাখতে হবে। এ ক্ষেত্রে জাতীয় সংসদকে জাতীয় ঐক্যের কেন্দ্রে পরিণত করতে হবে। সংকটকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ারে পরিণত না করে জাতীয় স্বার্থে তা উত্তরণে সরকার ও বিরোধীদলের অভিন্ন অবস্থান নিশ্চিত করতে হবে। প্রয়োজনে দেশের ব্যবসায়ী, বিনিয়োগাকারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত, মেইনস্ট্রিম থিংকট্যাঙ্ক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের সাথে পরামর্শের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থনীতি ও জ্বালানি খাতে অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের কৃষিখাতের উৎপাদনশীলতা বা ধান, আলু, পেঁয়াজসহ রবিশস্য ও মৌসুমি ফসলে বাম্পার ফলন খাদ্য নিরাপত্তা নিয়ে আশাবাদ জাগিয়ে রেখেছে। গ্যাস-বিদ্যুৎ, ডিজেল সংকট যেন কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। একটি স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো ও ব্যবস্থা গড়ে তুলতে প্রস্তাবিত প্রাতিষ্ঠানিক ও নীতিগত সংস্কারসমূহ ত্বরান্বিত করতে হবে।