গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও দখলবাজির ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) কর্তৃক ৩০ সেপ্টেম্বর বুধবার মিরপুরে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানোর সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হকার ও দখলদারদের হামলার শিকার হয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক সপ্তাহের মধ্যে রাজধানীর মিরপুরের দুটি ঘটনায় দেশের চলমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি কিছুটা আঁচ করা যায়।
বিশেষত টিকাদান ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত কয়েক দশকের পুরনো রাড্ডা ক্লিনিক গুড়িয়ে দিয়ে রাতের অন্ধকারে জমি দখলের অপচেষ্টার সাথে সংরক্ষিত আসনের স্থানীয় মহিলা এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার ঘটনা দেশের পুরনো দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাবর্তনেরই যেন ইঙ্গিত দেয়। তবে প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতৃত্ব সঠিক পথে থাকলে দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার কোনো চেষ্টা সফল হওয়ার সুযোগ নেই, সেটিও দেখতে পেল দেশবাসী। রাড্ডা ক্লিনিক ভাঙচুর ও জমি দখল চেষ্টার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মহিলা এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদচ্যুত করা হয়েছে। প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে থাকাকালে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনাটি ঘটে। তিনি বিষয়টি আমলে নিয়ে দেশে ফিরেই মহিলা এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাকে দল থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হতো বলে জানা যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ ভবনে স্পিকারের সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে পরিপত্র জারি করেছে।
দেশজুড়ে সরকারি দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষ হতাশ ও বিক্ষুব্ধ। তবে এসব আর প্রশাসনিকভাবে প্রশ্রয় বা অগ্রাহ্য করার পুরনো ধারায় নেই। এমপি হিসেবে নিয়োগ পাওয়ার ৬ মাসের মাথায় রাজধানী শহরের একজন মহিলা এমপিকে পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি একটি কঠোর বার্তা দিয়েছেন। এর মধ্য দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে তারেক রহমানের জিরো টলারেন্স প্রতিশ্রুতির বাস্তবায়ন লক্ষ করা যাচ্ছে। বুধবার মিরপুরে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে ডিএনসিসি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রবল প্রতিরোধের সম্মুখীন হওয়ার বাস্তবতা থেকে দখলবাজদের বেপরোয়া ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট এমপির পদত্যাগের ঘটনায় সরকার যে দৃষ্টান্ত স্থাপন করল, একইভাবে দক্ষিণ মানিকদিতে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, জমি নিয়ে বিরোধসহ মালিকদের মধ্যে সন্ত্রাসী ঘটনায় জড়িতদেরও বিচারের আওতায় আনতে হবে। ফুটপাথ দখল ও উচ্ছেদ অভিযানে হামলার সাথে জড়িতদেরও শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। ফুটপাথ শুধু পথচারীদের। গতানুগতিক লোক দেখানো অভিযানের নামে ইঁদুর-বিড়াল খেলা নয়, নগরবাসী রাজধানীর সব ফুটপাথ অবৈধ দখলবাজি ও চাঁদাবাজি থেকে মুক্ত করার কার্যকর উদ্যোগ দেখতে চায়। জনস্বার্থ ও আইন বিরোধী অবস্থান নিয়ে আর কেউ পার পাবে না, সরকারের এমন বার্তা অব্যাহত দেখতে চায়।
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত নতুন বাংলাদেশ আর কখনো রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথে ফিরে যাবে না। জনগণ আর সে অবস্থা মেনে নেবে না। একজন এমপিকে পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী তার অবস্থান পরিষ্কার করেছেন। শুধু সংশ্লিষ্ট এমপির পদত্যাগই নয়, ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত এবং বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কারের ঘটনাও দৃষ্টান্তমূলক। একইভাবে বিরোধীদলকেও নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। মিরপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানটি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় হওয়ায় তার অবস্থানও গুরুত্বপূর্ণ। তিনি উচ্ছেদ অভিযানের উপর হামলার নিন্দা না করে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এটি খুবই সাধারণ প্রতিক্রিয়া হলেও চলমান বাস্তবতায় হকারদের পুনর্বাসনের শর্তে ফুটপাত হকারদের দখলে ছেড়ে দেয়ার কোনো সুযোগ নেই। ফুটপাথ দখলমুক্ত ও চাঁদাবাজিমুক্ত রাখতে সরকারি দল বিরোধীদলকে অভিন্ন অবস্থানে আসতে হবে। অন্যদিকে ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় অভিযান হলেও বিষয়টি তাকে জানানো হয়নি। এটাও কাম্য নয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দখল ভাঙচুরে অপরাধী যে-ই হোক কোনো ছাড় নেই। শুধু রাজধানী শহরেই নয়, দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের একশ্রেণির নেতাকর্মীর বেপরোয়া চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী এসব বিষয়ে তাদের প্রশ্রয় দেওয়ার মাধ্যমে বিএনপি সরকারের নীতিগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। যেখানে ভাঙচুর দখলবাজির অভিযোগে মাত্র ৬ মাসের মধ্যে দলীয় এমপিকে পদচ্যুত করা হচ্ছে, সেখানে সাধারণ কর্মীদের বেআইনী কর্মকা-ে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা মানুষের কাছে ভুল বার্তা বহন করবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের নজরদারি বাড়াতে হবে। দলের ভেতর যেমন চাঁদাবাজ, দখলবাজ ও পতিত স্বৈরাচারের মদতপুষ্ট ব্যক্তিদের অবস্থান রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীতেও তাদের অবস্থান আরো ব্যাপক ও গভীর। জনস্বার্থ, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা বিরোধী শক্তিকে শক্ত হাতে প্রতিহত করতে না পারলে গণতান্ত্রিক স্থিতিশীলতা বিনষ্টের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ছাড় দেবেন না। এ ব্যাপারে তার দৃঢ় অবস্থান ও অ্যাকশন শুধু কথার কথা নয়, তার বাস্তব প্রতিফলনও দেখা যাচ্ছে।
