দেশের অর্থনীতির সার্বিক অবস্থা শোচনীয় বললেও কম বলা হয়। দেশি-বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। শেয়ার বাজারে ধস অব্যাহত রয়েছে। ব্যাংক খাতের অবস্থা অত্যন্ত নাজুক। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া অধিকাংশ রয়েছে গভীর সংকটে। শেয়ার বাজার ও ব্যাংক বিনিয়োগযোগ্য অর্থের যোগানদার। এরাই যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত, অস্তিত্বের সংকটে পতিত, তখন বিনিয়োগে গতি আসার কথা ভাবাও যায় না। বিনিয়োগের জন্য যেমন অর্থের প্রয়োজন তেমনি ঋণের স্বল্পসুদহার, সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা, জমি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদির সহজ প্রাপ্যতা, উন্নত আইন শৃঙ্খলা ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশও দরকার। বিনিয়োগ কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত না হওয়ার জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতাকে দায়ী করেছে।
বলা বাহুল্য, বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত অপরিহার্য হিসেবে বিবেচিত। বিডা জানিয়েছে, এফডিআই কমলেও বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগ স্থিতি বেড়েছে। দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ডলারে, দেশি মুদ্রায় যার পরিমাণ ৪ হাজার ২৮৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বাংলাদেশি কোম্পানিগুলো এখন পর্যন্ত ১৮টির বেশি দেশে বিনিয়োগ করেছে। এটা বৈধ পুঁজি বিনিয়োগের তথ্য। অবৈধভাবে বিদেশে পাচার করে বিনিয়োগ করার তথ্য এর মধ্যে নেই। বিদেশে বৈধভাবে বিনিয়োগ সিদ্ধ। একে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। পুঁজি বা বিনিয়োগের স্বভাব এই যে, যেখানে পরিবেশ অনুকূল, লাভ বেশি, নিরাপত্তা বেশি, সেখানেই তা ছুটে যাবে। দেশের সীমানা বাধা হয়ে দাঁড়াবে না।
বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ বাড়ছে, এটা আশার কথা বটে; তবে এই বিনিয়োগ দেশে হলে আরো ভালো হতো। মানুষের কর্মসংস্থান, জীবনমানের উন্নয়নে তা প্রত্যক্ষ ভূমিকা রাখতো। বিদেশে বিনিয়োগকারীদের মতে, বিনিয়োগের পরিবেশের অভাব, ব্যবসা সংগঠনের জটিলতা, এনবিআর, দুদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খবরদারি-হয়রানি ইত্যাদি কারণে তারা বিদেশে বিনিয়োগে আগ্রহী বা বাধ্য হয়েছেন। স্বভাবতই আশা করা যায়, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠিত হলে বাংলাদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগেই অধিকতর উৎসাহী হয়ে উঠবেন। বিনিয়োগ ও অর্থনীতির বিপর্যয়কর অবস্থা একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে বিনিয়োগে খরা চলছে, অর্থনীতিতে ঘটছে ক্রমাবনতি। সামষ্টিক অর্থনীতি ও গণঅর্থনীতিÑ উভয় ক্ষেত্রে একই অবস্থা চলছে। বিশেষত, পতিত স্বৈরাচারের সাড়ে ১৫ বছরে অর্থনীতি কার্যত ভেঙ্গে পড়েছিল। নির্বিচারে চুরি ও অর্থপাচার সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল। অন্তর্বর্তী সরকারের কাছে একান্ত জনপ্রত্যাশা ছিল, ধ্বংসস্তূপ থেকে সরকার অর্থনীতিকে তুলে দাঁড় করাবে, গতিশীল করবে। কিন্তু এ প্রত্যাশ্যা সরকার পূরণ করতে পারেনি। ক্ষেত্র বিশেষ বরং ধস অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টা, অর্থউপদেষ্টা, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষের অর্থনীতির ক্রমাবনতির দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
গার্মেন্ট শিল্প আমাদের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। এ শিল্প নানা সংকটে নিক্ষিপ্ত হলেও তার উদ্ধার করার কার্যকর কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেয়া হয়নি। যুক্তরাষ্ট্র যখন তার আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তখন গার্মেন্টপণ্য রফতানিকারকরা দিশাহীন হয়ে পড়েন। আমাদের গার্মেন্টপণ্যের সিংহভাগ রফতানি হয় যুক্তরাষ্ট্রে। রফতানির অপর প্রধান গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে। দেখা যায়, একটা বাজারে প্রভাব পড়লে অন্য বাজারেও তার প্রতিক্রিয়া হয়। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিবন্ধকতার আশংকা ইউরোপীয় ইউনিয়নের বাজারেও প্রসারিত হতে পারে, এমনটা মোটেই অমূলক ছিল না।
ওই সময় শিল্প ও রফতানির সার্বিক পরিস্থিতি নিয়ে গার্মেন্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে সরকারের আলোচনা করার এবং পরিস্থিতি মোকাবিলায় যৌথ কার্যব্যবস্থা নেয়ার প্রয়োজন ছিল। কিন্তু সরকার সেটা করেনি। বিজেএমই’র তরফে অনুরোধ জানানো সত্ত্বেও সরকারের সময় হয়নি। এখনো গার্মেন্ট শিল্পের সংকট কাটেনি। সংকট দূর করার আগ্রহ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। গার্মেন্টর পর দেশের সবচেয়ে বড় খাত আবাসন। এ খাত প্রায় দেওলিয়া হওয়ার পর্যায়ে এসে উপনীত হয়েছে। সরকারের অমনোযোগ, উদাসীনতা ও ভুল নীতির কারণে এ অবস্থা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও রাজউকের স্বেচ্ছাচারিতার শিকার আবাসন ব্যবসায়ীরা।
জমির অস্বাভাবিক মূল্য, নির্মাণসামগ্রীর উচ্চমূল্য, ড্যাপ নিয়ে সিদ্ধান্তহীনতা, ব্যাংকঋণের বিদ্যমান সুদহার ইত্যাদি এ খাতকে প্রায় অচল অবস্থায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। অথচ, এ খাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এর অনুসঙ্গী শিল্প-প্রতিষ্ঠানে অনুরূপ বিনিয়োগ রয়েছে। এ খাতে রয়েছে গার্মেন্ট শিল্পের পরে সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান। আবাসন খাতের ব্যবসায়ীরা শত সংকট মোকাবিলা করেও বহুতল ভবন, ফ্ল্যাট বানাচ্ছেন। কিন্তু ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। তাদের অনেক ফ্ল্যাট অবিক্রিত রয়ে গেছে। আবাসন খাতের পরিস্থিতি নিয়ে পত্রপত্রিকায় লাগাতার খবর প্রকাশিত হচ্ছে। সম্পাদকীয়-উপসম্পাকীয় লেখা হচ্ছে। এসব খবর ও লেখালেখিতে বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশ থাকছে। অথচ, সরকার এদিকে দৃষ্টি দিচ্ছে না। অনুরূপভাবে টেক্সটাইল আমাদের দেশের আর একটি বড় খাত। এই টেক্সটাইল শিল্পের সঙ্গে গার্মেন্ট শিল্পেরও ঘনিষ্ট সংযোগ রয়েছে। এই শিল্পের অবস্থাও অত্যন্ত সংগীন। এ শিল্পের মালিকদের সংগঠন বিটিএমএ’র এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, নানা সংকটে টেক্সটাইলশিল্প এখন আইসিইউতে। ঋণের উচ্চসুদ, গ্যাস ও বিদ্যুতের সংকট, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নগদ সহায়তা ও ইডিএফ’র অপ্রতুলতা এ জন্য বিশেষভাবে দায়ী। ভারত থেকে কম দামের সুতা আমদানিও কম দায়ী নয়। ভারতের ব্যবসায়ীরা ডাম্পিং মূল্যে সুতা বিক্রি করছেন। গত অর্থবছরে ভারত থেকে সুতা আমদানি বেড়েছে ১৩৭ শতাংশ। দেশের স্পিনিং মিলগুলোতে ১২ হাজার কোটি টাকার সুতা অবিক্রিত হয়ে আছে। এসব মিলে ৫০০ থেকে ৭০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এসব নানা কারণে ৫০টি টেক্সটাইল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে ২৫০টি গার্মেন্ট। মিল বন্ধ হওয়ায় কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে।
আবাসন খাত অচল হয়ে পড়লে কিংবা টেক্সটাইল-গার্মেন্ট কারখানা একের পর এক বন্ধ হয়ে গেলে দেশের, দেশের অর্থনীতির যে ক্ষতি হবে, তা বলে বা ব্যাখ্যা দিয়ে বুঝানো যাবে না। দেশে বেকারত্ব বাড়বে, আইন-শৃঙ্খলা নাজুক হয়ে পড়বে। সর্বত্র হাহাকার সৃষ্টি হবে। একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। আশংকায় এই দিকগুলো কমবেশি সবার জানা। সরকারেরও অজানা নেই। অন্তর্বর্তী সরকার বলে দায় কম, এ সরকারের এটা মনে করার কারণ নেই। সরকার পরিচালনার যে দায়িত্ব সরকারের রয়েছে, তা উপেক্ষা ও অবহেলা করার সুযোগ থাকতে পারে না। কাজেই, সরকারকে আবাসন, টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্পের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বসতে হবে। বিনিয়োগ ও শিল্পের সংকট নিয়ে ব্যাপকভিত্তিক পর্যালোচনা করতে হবে। বিনিয়োগকারী, উদ্যোক্তা ও শিল্প মালিকদের দাবি ও সুপারিশ বিবেচনায় নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। অর্থনীতি পুনরুদ্ধার ও পুনর্গঠনে এর কোনো বিকল্প নেই।
