রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। গত ২৭ মে ওই হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার জেরে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, হাসপাতালটির জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্মরণ করা যেতে পারে, ৬ নবজাতকের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর দেশে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। এ প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রিপোর্টে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এ মৃত্যু ঘটেছে বলে জানানো হয়। অতঃপর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, এই মর্মে একটি শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদফতর।
নোটিশের জবাব দিতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এ সময় আরো ৪৮ ঘণ্টা বাড়াতে আবেদন করে। পরে শোকজ নোটিশের জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে জবাবে যে ব্যাখ্যা দেয়া হয়, তা সন্তোষজনক বিবেচিত না হওয়ায় মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২-এর ১১(২) (খ) মোতাবেক হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। লাইসেন্স বাতিলের পর স্বাভাবিকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কথা। পত্রিকান্তরে প্রকাশিত এক খবরে জানা গেছে, হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ রয়েছে। তবে লাইসেন্স বাতিলের তৃতীয় দিনেও অন্তত ২৪৪ রোগী চিকিৎসা নিচ্ছে। আগের দু’দিনে ১৮২ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছে।
হাসপাতাল ছেড়ে যাওয়া রোগীরা যাতে সুচিকিৎসা পায়, সে জন্য স্বাস্থ্য অধিদফতর কয়েকটি সরকারি হাসপাতালকে প্রস্তুত থাকার নিদের্শনা দিয়েছে। এই হাসপাতালগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট। লক্ষ করার বিষয়, ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সরকার এড়িয়ে যেতে পারে না, চুপ থাকতে পারে না। সরকার আইনি ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিটি পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েছে। অথচ এ নিয়ে একটি মহল, বিশেষ করে জামায়াতে ইসলামী রাজনীতি করছে। হাসপাতাল কর্তৃপক্ষও নানা রকম ফন্দিফিকির করছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন: ‘আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় টাকার প্রতি আমার কোনো লোভ হয়নি। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি পূর্ণ সমর্থন দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’ স্বাস্থ্যমন্ত্রীকে সোজা-সরল, সৎ মানুষ হিসাবে সবাই জানে। তিনি রাখঢাক না করে সবকিছু বলে দিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ। প্রশ্ন হলো, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের নৈতিক অবস্থান ও মান কি আর এরপর অবশিষ্ট থাকলো?
সরকারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন জানাতে পারে কর্তৃপক্ষ। অন্যায় সুবিধা পাওয়ার জন্য টাকা নিয়ে মন্ত্রীর কাছে ধর্না দেয়ার চেয়ে আদ-দ্বীন কর্তৃপক্ষের এ পথে যাওয়াই উচিৎ ছিল। হাসপাতালে ভুল চিকিৎসায় কিংবা চিকিৎসায় অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যু আমাদের দেশে কোনো নতুন ঘটনা নয়। সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে এ ধরনের মৃত্যুর ঘটনা প্রায়ই দেখা যায় এবং উদ্বেগজনকভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভুল চিকিৎসায় ও অবহেলায় মৃত্যুর ঘটনায় কখনো কখনো তুলকালামও হতে দেখা যায়। কিন্তু ঘটনার যথাযথ বিচার ও দায়ী ব্যক্তিদের শাস্তি হয় কিনা, বিশদ জানা যায় না।
এক সঙ্গে ৬ নবজাতকের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। এই মৃত্যুতে নবজাতকদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের যে দুঃখ ও শোক, ভাষায় তা প্রকাশযোগ্য নয়। দায়ী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান কোনোভাবেই দায়মুক্তি পেতে পারে না। হাসপাতালের লাইসেন্স বাতিল একটি দৃষ্টান্ত স্থাপনকারী সিদ্ধান্ত। অতীতে এরকম ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, আমাদের জানা নেই। বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়ন-অগ্রগতিকে উচ্চ অগ্রাধিকার দিচ্ছে। হাসপাতাল, মেডিকেল কলেজ ইত্যাদি প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। কোনো প্রতিষ্ঠিত হাসপাতাল বন্ধ হোক, তার লাইসেন্স বাতিল হোক, তা সরকার নীতিগতভাবে চাইতে পারে না। তারপরও সরকারের এটা করতে হয়েছে বাধ্য হয়ে, যাতে ভবিষ্যতে অন্যরা সতর্ক হয়, সাবধান হয়, দায়িত্বশীল হয়। মানুষের স্বাস্থ্যসেবা যতটা সম্ভব নিশ্চিত করাই সরকারের লক্ষ্য ও অঙ্গীকার। এই লক্ষ্য-অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে। আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পেছনে সরকারের অন্যকোনো হীন উদ্দেশ্য ও মতলব নেই।
অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এ নিয়ে রাজনীতি হচ্ছে। রাজনীতি কারা করছে, আগেই উল্লেখ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তার জোটসঙ্গীরা বিভিন্ন ক্ষেত্রে সরকারকে বিব্রত ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে তাদের অবস্থানকে জোরদার করার তৎপরতা চালাচ্ছে। ইসলামী ব্যাংক ও আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সরকার যে সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে তা আইনগত ও নিয়মতান্ত্রিকভাবেই নিয়েছে। অথচ একে রাজনৈতিক রং দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। ক’দিন আগে অর্থমন্ত্রী জাতীয় সংসদে প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেছেন। বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং অর্থনীতিকে আরো শক্তিশালী করার বাজেট হিসাবে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। জনবান্ধব ও ভারসাম্যপূর্ণ বাজেট বলেও তারা বর্ণনা করেছেন। বাজেট পেশের পর এখনো বাজারে তার কোনো বিরূপ প্রভাব নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষায়: ‘একটি পণ্যেরও দাম বাড়েনি।’ অথচ এই বাজেট নিয়েও বিরোধীদলের সমালোচনার শেষ নেই। বাজেটের বিরোধিতায় মিছিল পর্যন্ত করেছে তারা। এমতাবস্থায়, সরকারকে সতর্ক হতে হবে। তবে বিচলিত হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য এক্ষেত্রে অনুপ্রেরণাদায়ক। তিনি বলেছেন: বিরোধীদলের অযৌক্তিক বিরোধিতায় কান দিচ্ছি না। অযৌক্তিক বিরোধিতা আমলে নিলে সরকারের লক্ষ্য ও প্রতিশ্রুতির বাস্তবায়ন বাধাগ্রস্ত ও ব্যাহত হতে পারে। সরকারকে সর্বাবস্থায় জনগণের পক্ষে, জনগণের স্বার্থের পক্ষে দৃঢ় থাকতে হবে। অযৌক্তিক বিরোধিতার কাছে কোনো অবস্থাতেই মাথা নোয়ানো যাবে না। একইভাবে আদ-দ্বীন হাসপাতাল নিয়ে কোনো রাজনীতি করতে দেয়া যাবে না।
