রাজধানীর সড়কের অবস্থা শোচনীয় বললেও কম বলা হয়। গতকাল দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকটি ছবি ছাপা হয়েছে। ছবিটি একটি ভাঙাচুরা সড়কের। দেখা যাচ্ছে, সড়কের বুক জুড়ে ছোট-বড় বহু খানাখন্দ রয়েছে, যা পানিতে পূর্ণ। কয়েকজন একটি বন্ধ হয়ে যাওয়া ব্যাটারিচালিত অটো ঠেলে পার করছে। সড়কের এরকম বেহাল দশা এবং জনভোগান্তি অত্যন্ত সহজদৃশ্য। অথচ, সড়ক সংস্কার ও চলাচলোপযোগী করার গরজ লক্ষ্যণীয় নয়। এভাবেই দিনের পর দিন চলছে। বর্ষা মওসুম এলে জনভোগান্তি চরম আকার ধারণ করে। কিছু দিন আগে কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে নদী-নালার রূপ ধারণ করে। কোনো কোনো সড়কে নৌকা চলতেও দেখা যায়। পানিবদ্ধ সড়কে যাতায়াত কতটা ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ, সেটা বলার অপেক্ষা রাখে না। অনেকে ওই সময় দুর্ঘটনার শিকার হয়।
পানি সরে যাওয়ার পরে সড়কের যে অবস্থা দাঁড়িয়েছে, তা বর্ণনাযোগ্য নয়। রিকশা, অটো, বাস, মিনিবাস কিংবা প্রাইভেট কারের যাত্রীদের সড়কে যাতায়াত করতে গিয়ে নাগরদোলায় চড়ার অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। সড়ক থেকে পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সংস্কার করে তা চলাচলের উপযোগী করা দরকার ছিল। কিন্তু এখনো সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষের ভোগান্তিও কমছে না। দুই সিটি করপোরেশনে বিভক্ত রাজধানীর পরিধি যেমন বিশাল, তেমনি এর সড়ক, লেন, বাইলেনের দৈর্ঘ্যও কম নয়। সড়ক নেটওয়ার্ক প্রায় ৩ হাজার কিলোমিটার, যার মধ্যে সড়ক হিসাবে ব্যবহৃত হয় মাত্র ৭-৮ শতাংশ। উন্নত দেশের শহরগুলোতে আয়তনের অন্তত ২০ শতাংশ সড়ক হিসাবে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, নগরে আয়তনের তুলনায় সড়কের স্বল্পতা যানজটের অন্যতম প্রধান কারণ। এটাও অত্যন্ত পরিতাপের বিষয়, রাজধানী হিসাবে ঢাকার বিস্তার ঘটছে অপরিকল্পিতভাবে। এইসঙ্গে বাড়ছে গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদির লাইন ও নর্দমার চাহিদা। পরিকল্পিতভাবে এই চাহিদাগুলো পূরণ হচ্ছে না। অন্যদিকে সেবাপ্রদানকারী কর্তৃপক্ষগুলো প্রায় সারা বছরই উন্নয়ন ও সংস্কার কাজের জন্য সড়ক, লেন, বাইলেন খোঁড়াখুঁড়ি করে থাকে। এদের কাজের মধ্যে কোনো সমন্বয় না থাকায় প্রায় বছর জুড়েই মানুষকে ভোগান্তির শিকার হতে হয়।
প্রয়োজনীয় সড়ক, লেন, বাইলেন নির্মাণ, পরিকল্পিত নগর সম্প্রসারণ, সেবাসুবিধা নিশ্চিতকরণ, যথাসময় উন্নয়ন ও সংস্কার কার্যক্রম সম্পাদন এবং কাজের ক্ষেত্রে সমন্বয়সাধন না হলে রাজধানীর বেহাল দশা ও জনভোগান্তি নিরসন কখনই সম্ভব হবে না। বরং সংকট-সমস্যা ক্রমাগত বাড়বে। শুধু রাজধানী নয়, দেশের কোনো সড়ক, মহাসড়ক ও রাস্তাঘাটের অবস্থাই ভালো নয়। সব সড়ক, মহাসড়ক ও রাস্তাঘাটই ব্যাপক ভাঙচুরের কবলে পড়েছে। বর্ষায় প্রতি বছরই এমনটা হয়। বিশেষজ্ঞদের মতে, নির্মাণত্রুটি, উপকরণ ঠিকমতো না দেয়া ইত্যাদি কারণে সড়ক, মহাসড়ক ও রাস্তাঘাট এমনিতেই স্বল্পায়ু হয়ে থাকে। তার ওপর রোদ-খরা, বৃষ্টি-বন্যা হলে সহজেই এগুলো ভেঙ্গেচুরে যায়। সড়কের বর্তমান ভগ্নদশা ও জনভোগান্তির প্রতি লক্ষ রেখে ইতোমধ্যে সরকার একাধিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত ও রাজধানীতে শৃংখলা ফেরানোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে রাজধানী থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ, যানজট নিরসনে আরো অন্তত ৫০টি স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালু, বায়ু ও শব্দদূষণ কমাতে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ, যানবাহনে অত্যধিক হর্ন ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজধানীর নাগরিকসেবা, বাসযোগ্যতা, যাতায়াত, পরিবেশ ইত্যাদির অবনতি কোন পর্যায়ে উপনীত হয়েছে, তা সম্যক উপলব্ধি করা যায়, যখন প্রধানমন্ত্রী স্বয়ং এসব বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সঙ্গতকারণেই সবাই আশা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীর সড়ক, লেন, বাইলেন সংস্কারসহ প্রধানমন্ত্রীর নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করবে।
রাজধানী যে কোনো দেশের ‘মুখ’ হিসাবে বিবেচিত হয়ে থাকে। যার মুখ সুন্দর, তার সব কিছুই সুন্দর। যখন বিদেশি কেউ কোনো দেশের রাজধানীতে প্রবেশ করে তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, তখন সে বুঝতে পারে দেশটিও মুগ্ধ হওয়ার মতো সুন্দর। রাজধানী ঢাকার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য, যদিও আমরা এ দাবি করতে পারি না যে, ঢাকা সবদিক দিয়ে সুন্দর। আমরা আমাদের দেশোন্নয়নে বিনিয়োগ প্রত্যাশা করি। বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু বিদেশি কোনো বিনিয়োগকারী যদি ঢাকা এসে দেখেন, এখানে যানজটে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়, পানিবদ্ধতায় মানুষ চলাফেরা করতে পারে না, সড়ক খানাখন্দে ভরা, সর্বত্র ময়লা-আবর্জনায়পূর্ণ, বায়ুদূষণ, শব্দদূষণ ইত্যাদি মাত্রাতিরিক্ত, তাহলে কি বিনিয়োগ করতে উৎসাহিত হবেন?
বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগবান্ধব পরিবেশ যেমন অপরিহার্য, তেমনি যোগাযোগ ব্যবস্থাও অপরিহার্য। যোগাযোগের দ্রুতায়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি তরান্বিত হতে পারে না। উল্লেখ প্রয়োজন, দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো নয়। অর্থনীতির অধিকাংশ সূচকই অবনতিশীল। ফ্যাসিস্ট শাসনে নির্বিচার লুণ্ঠন ও অর্থপাচারের কারণে অর্থনীতি কার্যত ফোকলা হয়ে গেছে। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার তেমন সাফল্য দেখাতে পারেনি। এর মধ্যেই বিশ্বমন্দা ও ইরানযুদ্ধের ধাক্কা অন্যান্য দেশের মতো আমাদের দেশেও লেগেছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে পাঁচ মাস হলো। সরকার চেষ্টা করছে পরিস্থিতি উত্তরণে। সরকারের সামনে চ্যালেঞ্জের কোনো শেষ নেই। এর মধ্যে বিনিয়োগ, অর্থনৈতিক, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জই প্রধান। চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় সরকারকে আরো সক্রিয় ও তৎপর হতে হবে। এক্ষেত্রে যোগাযোগ ও যাতায়াত যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তা সহজ, মসৃণ ও গতিশীল করতে হবে।
