ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। এজন্য জ্বালানি নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন, লজিস্টিক ও অবকাঠামো উন্নয়ন, করকাঠামো সহজীকরণ ও বেসরকারি খাতকে বিদেশি ঋণ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। গত শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার তেজগাঁওস্থ কার্যালয়ে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় উদ্যেক্তাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে তারা এসব দাবি জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানিসরবরাহের অনুরোধ জানান তারা। প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন। তাৎক্ষণিকভাবে তিনি কিছু বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরকে নির্দেশ দেন।
আর কিছু বিষয়ে উদ্যোক্তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব চান। পাশাপাশি তাদের দাবি-দাওয়ার বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিদের্শনা দেন। বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ব্যবসা ও বিনিয়োগসংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর শীর্ষ ব্যক্তিরা। ব্যবসায়ীদের মধ্যে যারা বৈঠকে অংশ নেন তারা হলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান, রানার গ্রুপের চেয়ারম্যান, এপেক্স ফুটওয়ারের এমডি, এসিআইয়ের এমডি, বে-গ্রুপের এমডি, র্যাংগস গ্রুপের এমডি ও প্যাসিফিক জিনসের এমডি। স্মরণ করা যেতে পারে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর তার সঙ্গে এই প্রথম বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকসূত্রে জানা গেছে অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছেন তাদের সমস্যাগুলো খোলাসা করতে। ব্যবসায়ীরাও মন খুলে তাদের সমস্যা ও দাবি-দাওয়া উল্লেখ করেছেন। সরকারি নীতি-সিদ্ধান্ত গ্রহণে বেসরকারি খাতের অংশগ্রহণ যে আবশ্যক ও জরুরি, সে বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। কারণ, বিনিয়োগ, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে তারা ওতপ্রোতভাবে সম্পর্কিত। তাদের মতামত নিয়ে নীতি-সিদ্ধান্ত নিলে তার বাস্তাবায়ন সহজ হয়।
ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ ও সরকারি নীতি-সিদ্ধান্ত তার পরমর্শ নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তার এ সিদ্ধান্ত অত্যন্ত বাস্তবসম্মত ও সময়োচিত। অতীতে বিনিয়োগরে ক্ষেত্রে সৃজনশীল ও কার্যকারযোগ্য তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বছরের পর বছর বিনিয়োগে খরা বিরাজ করেছে। স্বৈরাচারের সাড়ে ১৫ বছরের বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যকে লুটপাটের হাতিয়ারে পরিণত করা হয়েছে। বিনিয়োগের নামে, ব্যবসা-বাণিজ্যের নামে ব্যাংকখাতকে খালি করে ফেলা হয়েছে। ব্যাংকঋণ ও ঘুষ-দুর্নীতির অর্থে অবাধে বিদেশে পাচার করা হয়েছে।
স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে, বলা যায়, কোনো পদক্ষেপই নেয়নি। ঘটা করে বিনিয়োগ সম্মেলন করলেও বিনিয়োগে তেমন কোনো সুফল পাওয়া যায়নি। ড. মুহম্মদ ইউনূস ও তার উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তাদের ব্যবসা-বাণিজ্য ও এনজিও’র আখের গুছিয়ে নিয়েছেন ক্ষমতা ও সুযোগ ব্যবহার করে। অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের দোসর হিসাবে চিহ্নিত করে কিছু বড় বড় শিল্পগ্রুপ ও প্রতিষ্ঠানের প্রতি খড়গহস্ত হয়েছে। শিল্প-কারখানা বন্ধ করে দিয়েছে কিংবা প্রশাসক নিয়োগ করে বন্ধের পথ প্রশস্ত করেছে। তখন আমরা বলেছিলাম, মালিকদের কারণে শিল্প-কারখানা বন্ধ না করে চালু রাখা হোক। তাতে উৎপাদন ও কর্মসংস্থান ঠিক থাকবে। মালিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনানুগ তদন্ত-বিচার অব্যাহত থাকুক। সরকার আমাদের সে কথায় কান দেয়নি। ফলে বহু শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। হাজার হাজার শ্রমিক-কর্মী বেকার হয়ে পড়েছে। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্টের পর বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা চালু করবে সরকার। নিঃসন্দেহে এটাও একটা ইতিবাচক সিদ্ধান্ত। ৫ আগষ্টের আগে বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা বিশেষ করে পাটকল, চিনিকল, বস্ত্র ও সুতাকল পুনরায় চালুর বিষয়েও সরকারের স্পষ্ট অঙ্গীকার রয়েছে। সবাই আশা করে, যতদ্রুত সম্ভব এসব বন্ধ শিল্প-কারখানা চালু করলে উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান হবে বহু মানুষের।
বলার অপেক্ষা রাখে না ইরানযুদ্ধের কারণে জ্বালানিসংকট ও উচ্চমূল্য বিশ্বজুড়ে মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। এটা বৈশ্বিক সংকট এবং আমরাও এর অন্যতম ভুক্তভোগী। অন্য অনেক দেশের তুলনায় আমাদের দেশের অবস্থা খুবই নাজুক। জ্বালানির ক্ষেত্রে আমরা প্রায় সম্পূর্ণ আমদানির উপর নির্ভরশীল। এই আমদানিনির্ভরতা আমাদের সংকটকে আরো জটিল ও গভীর করেছে। জ্বালানিনিরাপত্তা জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে সাব্যস্ত হলেও আমাদের অতীতের সরকারগুলো জ্বালানিনিরাপত্তা নিশ্চিতে কোনো উদ্যোগ ও ব্যবস্থাই নেয়নি। ফলে আমরা অনেকটাই নিরালম্ব হয়ে পড়েছি। বর্তমান সরকার সবেমাত্রই দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেয়ার পরপরই ইরানযুদ্ধ ও বৈশ্বিক জ্বালানিসংকট দেখা দিয়েছে। সরকার জ্বালানিসংগ্রহ ও একটা নিরাপত্তামজুত গড়ে তোলার চেষ্টা করছে।
জ্বালানি ছাড়া জীবনযাত্রা, উৎপাদন, পরিবহন, ব্যবস্যা-বাণিজ্য কোনো কিছুই ঠিক মতো চলতে পারে না। ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছেন। তাদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। জ্বালানি ছাড়া কোনো শিল্পের উৎপাদনই বহাল রাখা সম্ভব নয়। জ্বালানি ছাড়া কৃষি উৎপাদনও স্বাভাবিক রাখা সম্ভব নয়। সার উৎপাদনও সম্ভব নয়, যা কৃষির জন্য অপরিহার্য। কৃষি উৎপাদন ব্যাহত হলে খাদ্য নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়তে বাধ্য। মূল্যস্ফীতি, বিশেষত খাদ্যমূল্যস্ফীতি এখনই সীমার বাইরে চলে গেছে। যুদ্ধ প্রলম্বিত হলে আগামীতে সার্বিক পরিস্থিতি আরো অবনতির আশংকা প্রবল। এ পরিস্থিতির প্রেক্ষাপটে বিনিয়োগ, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সুযোগ সীমিত। এমতাবস্থায় কী করা প্রয়োজন তা যেমন সরকার, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞদের ভাবতে হবে তেমনি উদ্যোক্তা-ব্যবসায়ীদেরও ভাবতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতের উদ্যোক্তা-ব্যবসায়ীদের নিয়ে পরামর্শক কমিটি গঠনের যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই পরামর্শক কমিটি এক্ষেত্রে উপযুক্ত পরামর্শ দিয়ে পরিস্থিতি উত্তরণে ভূমিকা রাখতে পারে। পর্যবেক্ষকরা মনে করেন, এই পরামর্শক কমিটিকে ব্যাপকভিত্তিক করা যেতে পারে। শনিবার যেসব শীর্ষ উদ্যোক্তা-ব্যবসায়ী উপস্থিত ছিলেন তারাসহ বেক্সিমকো, স্কয়ার, যমুনা প্রভৃতি গ্রুপের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও কমিটিতে থাকতে পারেন। বিষয়টি সুবিবেচনার দাবি রাখে। আমরা আশা করি, দ্রুত কমিটি গঠন করে কার্যক্রম শুরু করার পদক্ষেপ নেয়া হবে।
