আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। ড.ইউনূসের অর্ন্তবর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। দায়িত্বের শেষ প্রান্তে এসে সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারাসহ বিভিন্ন দেশের সাথে তড়িঘড়ি বাণিজ্য ও প্রতিরক্ষা ও শুল্ক চুক্তি করতে চলেছে। নির্বাচনের মাত্র ২দিন আগে ৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্কচুক্তিতে উপনীত হতে যাচ্ছে । পরিবর্তিত বিশ্ববাস্তবতায় ইতিমধ্যে ভারতের সাথে করা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিতে শুল্কের হার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার তথ্য জানা গেছে। আমাদের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য শুল্ক চুক্তিতে কি কি শর্ত ও সুবিধা আছে আমরা তা জানি না। এই চুক্তি সম্পাদনের আলোচনাপর্বে চুক্তির শর্তাবলী গোপন রাখতে একটি এনডিএ বা ননডিসক্লোজার এগ্রিমেন্টে সই করেছে বাংলাদেশ সরকার। একটি অনির্বাচিত অর্ন্তবর্তীকালীন সরকার তার মেয়াদের অন্তিম পর্যায়ে এসে রাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে কারো সাথে আলাপ-আলোচনা না করেই চুক্তিতে উপনীত হওয়ার বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নেয়া যায়না। বাণিজ্য খাতের বিশেষজ্ঞ ও তৈরী পোশাক রফতানিকারকরা এমন চুক্তি নিয়ে সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছেন।

বন্দর সংশ্লিষ্টদের আপত্তি ও বাঁধা অগ্রাহ্য করে অর্ন্তবর্তী সরকার তড়িঘড়ি করে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা চলছে। একই সময়ে অস্বাভাবিক ক্ষিপ্রতায় চীন ও জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে সরকার। এসব চুক্তিতে কি রয়েছে,বিশদ জানা না গেলেও এসব চুক্তির সাথে রাষ্ট্রের নিরাপত্তা ও অতিব গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ জড়িত থাকার কথা। কোনো অনির্বাচিত সরকার অংশীজন বা জনগণের প্রতিনিধি ও নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা না করে এ ধরণের চুক্তি করতে পারে কিনা সে প্রশ্নও উঠছে। রাষ্ট্রীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও বিশেষ অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে সংসদে আলোচনার রেওয়াজ আছে। শুল্ক চুক্তির আগে রফতানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট ও বিনিয়োগকারিদের সাথে আলোচনার দাবিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। অন্তর্ববর্তী সরকার তার দায়িত্বের শেষ সময়ে এসে পরাশক্তি ও উন্নয়ন সহযোগিদের সাথে রাষ্ট্রের নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ একেকটি চুক্তি স্বাক্ষর করছে দেশের সংশ্লিষ্টদের সাথে কোনো আলোচনা ও বোঝাপড়া ছাড়াই। জাতীয় নির্বাচনের ডামাঢোলের মধ্যে সরকারের এ ধরণের তৎপরতা নানামুখী প্রশ্নের জন্ম দিচ্ছে।

এমনিতেই বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের মধ্য দিয়ে অর্ন্তবর্তী সরকার এক ধরণের আস্থার সংকটে রয়েছে। তদুপরি ক্ষমতা হস্তান্তরের দ্বারপ্রান্তে এসে বিশেষ গুরুত্বপূর্ণ চুক্তিগুলো জাতীয় সংসদ ও জনপ্রতিনিধিত্বশীল সরকারের অনুমোদনের জন্য রেখে দেয়া সমীচিন ছিল। রাষ্ট্রের বাণিজ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক বুনিয়াদের সাথে জড়িত এসব দীর্ঘমেয়াদি চুক্তি যত্রতত্র হয়না। এর জন্য দীর্ঘমেয়াদি আলোচনা-পর্যালোচনা, হোমওয়ার্ক ও দরকষাকষির প্রয়োজনীয়তা রয়েছে। অর্ন্তবর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের কেউ কেউ দেশে স্থায়ীভাবে বসবাস করেন না। তারা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দ্বৈত নাগরিক।

তারা যখন জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ চুক্তিগুলো কারো সাথে আলোচনা ছাড়াই তড়িঘড়ি সম্পাদনে মরিয়া হয়ে ওঠেন, তখন জনমনে সংশয় সন্দেহ বেড়ে যাওয়া স্বাভাবিক। নিজস্ব অর্থায়নে আধুনিকায়নকৃত নিউ মুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার প্রশ্নে সংশ্লিষ্ট সব মহলের প্রবল আপত্তি ও প্রতিবাদ অগ্রাহ্য করে চুক্তির পথে এগিয়ে যাওয়ার বাস্তবতায় শ্রমিক-কর্মচারিদের কর্মবিরতিতে বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা ও শুল্ক চুক্তিতে কি কি বিষয় বা শর্ত রয়েছে, সে সব শর্ত মেনে চুক্তিতে উপনীত হওয়া জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কতটা যুক্তিযুক্ত তা কখনো কোনো প্লাটফর্মে খোলাসা করা হয়নি। যদি অনির্বাচিত-অর্ন্তবর্তীকালীন সরকারই দীর্ঘমেয়াদি জাতীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির সিদ্ধান্ত ও বাস্তবায়ন সম্পন্ন করতে পারে, তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকারের কাজ কি? ক’টনৈতিক ও বাণিজ্য নীতি, শুল্ক নিয়ন্ত্রণ ও সংস্কার কার্যক্রমের মতো বিষয়গুলো সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ। একেকটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির চুড়ান্ত ফর্মূলায় পৌঁছতে বছরের পর বছর লেগে যায়। অর্ন্তবর্তী সরকারের প্রধান দায়িত্ব দেশে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। নির্বাচিত সরকার সংসদে আলোচনার মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মীমাংসা করবে এবং জনগণকে অবহিত করে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। অর্ন্তবর্তী সরকারকে ঝুঁকিপূর্ণ ও বিতর্কিত চুক্তি ও সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এসব বিষয় নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিতে হবে।