চট্টগ্রাম বিভাগে গ্যাস লিকেজে দুর্ঘটনার অধিকতর উদ্বেগজনক খবর ফায়ার সার্ভিস সূত্রে আমরা অবগত। সংস্থাটি ছয় বৎসরে আট শত অগ্নিদুর্ঘটনা বা বিস্ফোরণের তথ্য জানাইলেও এই সকল ঘটনায় কতজন প্রাণ হারাইয়াছেন, সেই হিসাব কাহারও কাছে নাই। গত সোমবার চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় বিস্ফোরণে ৯ জন দগ্ধ হইয়াছেন। উহাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে প্রাণ হারাইয়াছেন; অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। সমকালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি বড় ঘটনার পর তদন্ত কমিটি হয় বটে, কিন্তু তাহাদের সুপারিশ বাস্তবায়ন হয় না।
২০১৯ সালে চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসলাইন লিকেজ হইয়া বিস্ফোরণে সাতজনের প্রাণহানির পর কমিটি পাঁচটি সুপারিশ করিয়াছিল। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন গ্যাসলাইন ও রাইজারগুলি নিয়মিত পরীক্ষা, গ্যাস নিঃসরণ চিহ্নিত করিয়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং নগরবাসীর মধ্যে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম জোরদারকরণের সুপারিশ করিলেও সংস্থাটি একটাও বাস্তবায়ন করে নাই।
পুরাতন ও ঝুঁকিপূর্ণ গ্যাসলাইন পরিবর্তন কিংবা পাইপলাইন নিয়মিত মনিটর করা না হইলে যদ্রূপ দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায়, তদ্রূপ গ্যাস চুরির উদ্দেশ্যে অননুমোদিত সংযোগ, ছিদ্র পাইপ মেরামতে অপেশাদার শ্রমিক ব্যবহার এবং আবদ্ধ ঘরে গ্যাসের ভয়াবহতা সম্পর্কে জনগণের অসচেতনতাও অঘটনের জন্য দায়ী। বারংবার দুর্ঘটনা ঘটিলেও কর্তৃপক্ষের টনক নড়িতেছে না। আরও বিস্ময়কর হইল, এই সকল মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয় না এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে কখনও ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। গ্যাসের ব্যবহার নাগরিকদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হইলেও উহা সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করিবার কারণেই নাগরিক নিরাপত্তা হুমকির মুখে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলির তদারকি ও জবাবদিহির ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল রূপ পরিগ্রহ করিয়াছে।
গ্যাস-সংক্রান্ত দুর্ঘটনা পরিহারে নাগরিক সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ঘরের চুলা, রেগুলেটর বা পাইপের ত্রুটি ব্যবহারকারীরা বুঝিতে পারেন না। এইগুলি সময়মতো মেরামত না করিবার ফলে দুর্ঘটনা ঘটে। গ্যাসের গন্ধে বিপদ অনুধাবন, অনুমোদিত টেকনিশিয়ানের সাহায্য লওয়া, অবৈধ সংযোগ পরিহার করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াইতে হইবে। এইখানে কেবল চট্টগ্রামের পরিসংখ্যান দেওয়া হইলেও সমগ্র দেশেই গ্যাস লিকেজে দুর্ঘটনা ও প্রাণহানি জাতি প্রত্যক্ষ করিতেছে। অনেক সময় গৃহে ব্যবহৃত সিলিন্ডার বিস্ফোরণের অঘটনও ঘটিয়া থাকে। যে যেই প্রকারেই গ্যাস ব্যবহার করিয়া থাকুক, উহার নিরাপত্তার বিষয়ে ব্যবহারকারীর সম্যক জ্ঞান থাকা জরুরি। নাগরিকের এই নিরাপত্তা ব্যবস্থাকে রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকারেও আনিতে হইবে। উন্নয়ন শুধু নূতন সংযোগ বা অবকাঠামো সম্প্রসারণে সীমাবদ্ধ থাকিলে চলিবে না; বিদ্যমান ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতকরণই হইবে প্রকৃত দায়িত্বশীলতা। প্রতিটি দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ঘোষণা সমস্যার সমাধান নয়; প্রতিরোধেই প্রশাসনকে অগ্রাধিকার দিতে হইবে।
ছয় বৎসরে আট শত অগ্নিদুর্ঘটনা সকলের জন্যই সতর্কসংকেত। উহাকে গুরুত্ব দিয়া এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করিলে নিরীহ নাগরিকের প্রাণহানি নিয়ন্ত্রণ কঠিন হইবে। তজ্জন্য কাঠামোগত সংস্কার, কঠোর তদারকি এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত করিতে হইবে। মনে রাখিতে হইবে, নাগরিকের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়; উহা রাষ্ট্রের দায়। সেই দায় পালনে বিলম্বের সুযোগ নাই। চট্টগ্রামে গ্যাস লিকেজ হইতে বিস্ফোরণে পাঁচজনের প্রাণহানির অঘটন আমলে লইয়া চট্টগ্রামসহ সমগ্র দেশেই প্রতিরোধ ব্যবস্থায় মনোযোগী হইতে হইবে। দেশে বৎসরের গোটা সময়েই কোথাও না কোথাও গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা ঘটিতেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নাই। গ্যাস লিকেজ প্রতিরোধ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের ব্যবহার নিয়ন্ত্রণে আনিবার বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত লওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে কর্তৃপক্ষের টনক নড়িলেই কেবল নাগরিকরা স্বস্তিতে থাকিতে পারিবে।
