বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের উদ্যোগ। নতুন এ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন দেখা দেয় এবং বিশ্বজুড়ে কূটনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশ, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ১৪টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ‘সেকশন ৩০১’ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে এ প্রস্তাবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) গত বুধবার এ প্রস্তাব প্রকাশ করেছে। ওয়াশিংটনের দাবি, এসব দেশ অতিরিক্ত শিল্প উৎপাদন, ভর্তুকি এবং বিভিন্ন বাণিজ্যিক সুবিধার মাধ্যমে মার্কিন উৎপাদকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করছে। তবে যুক্তরাষ্ট্রের এ একতরফা উদ্যোগকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দেয়।
ট্রাম্পের শুল্কনীতি নতুন কিছু নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো, দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া এবং উৎপাদন খাতে কর্মসংস্থান বাড়ানোর যুক্তিতে বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করে আসছেন। কিন্তু এ নীতির বাস্তবতা হচ্ছে, শুল্কের বোঝা শেষ পর্যন্ত শুধু রপ্তানিকারক দেশের ওপর পড়ে না; আমদানিকারক দেশের ব্যবসায়ী ও ভোক্তাদেরও বাড়তি মূল্য দিতে হয়। অর্থনীতির স্বাভাবিক নিয়মেই বাণিজ্যযুদ্ধের কোনো পক্ষই দীর্ঘ মেয়াদে প্রকৃত বিজয়ী হতে পারে না।
বাংলাদেশের জন্য বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক। কারণ, যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাকের অন্যতম বৃহৎ একক রপ্তানি বাজার। নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের প্রতিযোগিতার সক্ষমতা কমতে পারে। এমনিতেই বাংলাদেশের তৈরি পোশাক খাত নানা সমস্যায় জর্জরিত। উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, শ্রমিক অসন্তোষ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা মোকাবিলা করতে হচ্ছে উদ্যোক্তাদের। এর মধ্যে নতুন শুল্কের চাপ তৈরি হলে পরিস্থিতি আরও কঠিন হবে।
ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাবের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারেও অস্থিরতা দেখা গেছে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক লেনদেনের একপর্যায়ে ৪ শতাংশের বেশি কমে যায়। এসঅ্যান্ডপি ৫০০ ও অন্যান্য সূচকেও দরপতন ঘটে। শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে কতটা অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে, তা সহজেই অনুমেয়। চীন, ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট দেশগুলোও যুক্তরাষ্ট্রের অভিযোগ ও নতুন শুল্ক প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, অতিরিক্ত উৎপাদন কিংবা বাণিজ্যিক প্রতিযোগিতার অজুহাতে একতরফাভাবে শুল্ক বাড়ানো গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হওয়া উচিত বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা জোরদার করতে হবে। নতুন শুল্কের প্রস্তাবের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তথ্য-উপাত্ত ও যুক্তির ভিত্তিতে তুলে ধরতে হবে। বিশেষ করে শ্রমিক অধিকার, উৎপাদনব্যবস্থা, শিল্পে ভর্তুকি এবং বাণিজ্যনীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের যথাযথ জবাব দিতে হবে। দ্বিতীয়ত, রপ্তানিকারকদের সঙ্গে নিয়ে সম্ভাব্য ক্ষতির হিসাব নিরূপণ এবং বিকল্প বাজার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। ইউরোপ, জাপান, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য সম্ভাবনাময় বাজারে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।
একই সঙ্গে পণ্যের বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। শুধু কম মজুরির ওপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। বরং দক্ষ শ্রমশক্তি, মানসম্মত পণ্য ও সময়মতো সরবরাহ নিশ্চিত করাই হতে পারে দীর্ঘমেয়াদি সুরক্ষা।
ট্রাম্পের শুল্কনীতি বিশ্ববাণিজ্যে নতুন করে বিভাজন ও অনিশ্চয়তা সৃষ্টি করছে, যা কাম্য নয়। যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষার অধিকার থাকলেও তার নামে অন্য দেশগুলোর ওপর একতরফা চাপ সৃষ্টি করা আন্তর্জাতিক বাণিজ্যের সুস্থ পরিবেশের পরিপন্থী। বাংলাদেশের উচিত কূটনৈতিক তৎপরতা, অর্থনৈতিক প্রস্তুতি ও রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা। মনে রাখতে হবে, একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা শুধু একটি বাজারের ওপর নির্ভর করে নিশ্চিত করা যায় না। তাই এখনই দূরদর্শী ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
