আপনারা যে যা-ই বলুন, ম্যানেজের যে গল্প বলব আজ, তা আপনাদের কারও কাছেই নতুন ঠেকবে না। আমাদের দেশে ‘ম্যানেজ’ করেই যে অনেক কিছু করা যায়, সে কথা সবাই জানেন। এখানে ‘কানা ছেলের নাম পদ্মলোচন’ রাখা হলে হাসাহাসির কিছু নেই। কারণ, অভিজ্ঞতায় দেখা গেছে, কানা ছেলের নাম কী হবে, সেটা নির্ভর করবে সেই ছেলের অভিভাবকেরা কীভাবে কোন পরিস্থিতি মোকাবিলা অর্থাৎ ‘ম্যানেজ’ করতে পারছেন, তার ওপর।
আমাদের আজকের ম্যানেজের গল্পটা ইটের ভাটা নিয়ে। ইটের ভাটার অপকারিতা নিয়ে বহু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার ওপর ভিত্তি করে বহু সম্পাদকীয় লেখা হয়েছে, কিন্তু তাতে যে কোনো কাজ হয়েছে—এমন দাবি করার প্রশ্নই ওঠে না। বারবার শোনা যায়, ইট পোড়ানোর সময় কয়লা, কাঠ ও অন্যান্য জ্বালানি ব্যবহারের ফলে বাতাসে বিভিন্ন ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়ে। তাতে স্বাস্থ্যের যে ক্ষতি হয়, তা অপূরণীয়। যেমন ইটের ভাটার কারণে হাঁপানি ও শ্বাসকষ্ট হতে পারে। দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের জন্যও ইটের ভাটা দায়ী। এতে ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়, হৃদ্রোগ আর স্ট্রোকের ঝুঁকি বাড়ে। শিশুরা সরাসরি স্বাস্থ্য সমস্যায় পড়ে। তাদের ফুসফুসের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। যে এলাকায় এ ধরনের ইটের ভাটা রয়েছে, সে এলাকায় দীর্ঘ মেয়াদে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
গোটা বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তিন শতাধিক অবৈধ ইটভাটা চলছে বলে আজকের পত্রিকায় যে খবর বেরিয়েছে, তা একটি বলিষ্ঠ স্বীকারোক্তির কারণে অনন্য। সংবাদে লেখা হয়েছে, ‘এসব ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ড্রামের চিমনি ও নিষিদ্ধ চিমনি ব্যবহার করে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে চলছে কার্যক্রম। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভাটার মালিকেরা।’ হ্যাঁ, ‘ম্যানেজ’ শব্দটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসনের নাকের ডগায় কীভাবে এই অবৈধ কাণ্ডকারখানা চলছে, সে প্রশ্নের উত্তর পাওয়া যায় এই ম্যানেজের গল্পে। এর বিরুদ্ধে অভিযান চালালে দারুণ কোনো সুফল আসবে—এই বিশ্বাস করা শক্ত। দুটি ইটের ভাটার মালিকেরা স্বীকার করেছেন, পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করেই তাঁরা অবৈধ ইটের ভাটা পরিচালনা করে থাকেন। এ রকম কথাও খুব নতুন কিছু নয়। এ দেশে ‘ম্যানেজ’ করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা অচিরেই থেমে যাবে, এ রকম আশার আলো দেখা প্রায় অসম্ভব।
ইটভাটার মালিকেরা নির্দ্বিধায় তাঁদের অসততার কথা তুলে ধরেছেন প্রতিবেদকের কাছে। থ্রি স্টার নামের যে ইটভাটা রয়েছে, তার মালিক জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমির। তিনি নিজ মুখে স্বীকার করেছেন পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজের কথা। এ থেকেই প্রমাণিত হয়, অসততার শিকড় কতটা শক্ত।
এই ধরনের ম্যানেজের গল্প হয়তো আরও বড় জোচ্চুরি, আরও বড় অসততার ভিড়ে হারিয়ে যায়। কিন্তু এলাকার মানুষের জীবন বিপন্ন হয় যে ম্যানেজের ফলে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া কি খুব কঠিন?
