পৃথিবীতে ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্ব চিরন্তন। তাহলে ছিনতাইকারী দলের বিপরীতে ছিনতাই প্রতিরোধ দলও তো থাকা উচিত। তেমন দৃশ্য লক্ষ্য করা গেছে টঙ্গীতে। এই দলের নাম ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’। টঙ্গী এলাকার কিছু তরুণ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহাদ ইসলাম টঙ্গী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি গণমাধ্যমকে জানান, তারা মূলত ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কাজ করেন। জড়িত ব্যক্তিদের হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। ফাহাদ ইসলাম বলেন, তাদের দলে টঙ্গী এলাকায় ২৫০ সদস্য কাজ করছেন। এছাড়া সদস্য হতে আরো ৭০০টি জীবন বৃত্তান্ত (সিভি) জমা পড়েছে। তরুণদের এই দলের ফেসবুক পেজের অনুসারী ৫৪ হাজার। ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ধরে তারা ফেসবুকে নিয়মিত ভিডিও দেন। ভিডিওগুলোর হাজার হাজার ভিউ হয়। দলের সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে টহল দেন। অভিযানে অংশ নেন। পুলিশের সঙ্গেও তাদের দেখা যায়। তাদের হাতে লাঠিসোঁটাও থাকে। কখনো ছিনতাইকারী সন্দেহে মারধর এবং অপমানজনক শাস্তিও দেওয়া হয়।

বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন নামের দলটি টঙ্গীর মানুষের কাছে পরিচিত। উদ্যোক্তারা জানিয়েছেন, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর তরুণদের এই দলটি আত্মপ্রকাশ করে। এরপর তারা ২৫০ জনের মতো ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছেন। ইয়ুথ রেভল্যুশনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সোর্সরা অপরাধের তথ্য দিলে আমরা সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি। পুলিশও আমাদের মেসেজ দেয়-অমুক এলাকায় অপরাধ বেড়েছে, আমরা যেন টহল দেই।’ অপরাধী ধরাতো পুলিশের কাজ, আপনারা কেন এ কাজ করেন—এমন প্রশ্নে সবুজ উদ্দিন বলেন, ‘আমার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এ কাজটি করে থাকি।’ তার দাবি, ইয়ুথ রেভল্যুশনের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কয়েকজন কর্মকর্তাও ওই গ্রুপে রয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এস এম শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। কিন্তু জনগণের সহায়তা দরকার। জনগণের সচেতনতা এবং সহায়তা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন। তিনি বলেন, পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে।

উপলব্ধি করা যায়, ইয়ুথ রেভল্যুশনের নেতাকর্মীদের উদ্দেশ্য খুবই মহৎ। ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ তরুণদের একটি স্বাভাবিক আকাঙ্ক্ষা। এ কারণে তারা ছিনতাইকারী, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। পুলিশও তাদের সহযোগিতা করছেন। পুলিশ কর্মকর্তা তো বলেছেন, জনগণের সহায়তা ছাড়া আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন। এখানে পুলিশের সীমাবদ্ধতা উপলব্ধি করা যায়। তবে মহৎ উদ্দেশ্যের পরও ইতিহাস ও বাস্তবতার আলোকে ইতিমধ্যে কিছু প্রশ্ন ওঠা শুরু করেছে। অনেকে বলছেন, পুলিশের কাজ কেন তরুণরা করবেন? কেউ কেউ বলছেন, অপরাধী ধরার কাজ সাধারণ মানুষের হাতে দেওয়া ঝুঁকিপূর্ণ। তরুণদের ওই দলের কেউ নিরীহ মানুষকে হয়রানি করবেন না, ব্যক্তিস্বার্থ হাসিল করবেন না—এমন নিশ্চয়তা কে দেবেন। আর সন্দেহজনক কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করে ভিডিও প্রচার করাও তো অপরাধ। এছাড়া অপরাধী তথা অপরাধ জগতের নিয়ন্ত্রণে কাজ করতে হলে তো নৈতিক ও পেশাগত প্রশিক্ষণ প্রয়োজন। তেমন প্রশিক্ষণ ইয়ুথ রেভল্যুশনের নেতাকর্মীদের আছে কী? কারণ, এ জগতে কাজ করা খুব কঠিন ব্যাপার। শুধু আবেগ ও সৎ চিন্তা দিয়ে সব কাজে সফল হওয়া যায় না। বিষয়টি নিয়ে কথা বলেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক। তিনি বলেন, ‘বেসরকারি উদ্যোগে দল গঠন করে অপরাধ দমন গ্রহণযোগ্য নয়। এ ধরনের চেষ্টা বহুমুখী অপরাধের জন্ম দিতে পারে। তরুণদের কেউ যদি কারো কাছে চাঁদা চেয়ে না পায় এবং পরে তাকে মাদক ব্যবসায়ী ট্যাগ দিয়ে মারধর করে, পুলিশে দেয়—সেটা কি গ্রহণযোগ্য হবে?’ এর অর্থ আবার এই নয় যে, তরুণরা বসেবসে ছিনতাইসহ নানা অপরাধের দৃশ্যগুলো শুধু দেখে যাবে। এর বিরুদ্ধে তারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সংশোধনের কাজ করতে পারেন। পুলিশকেও সহযোগিতা করতে পারেন। বিষয়টি আসলে ভেবে দেখার মতো।