বিএনপির পক্ষে বিশাল জনরায় হয়েছে। সরকার গঠনের সঙ্গে সঙ্গেই তাদের আসল পরীক্ষা শুরু হবে। মনে হচ্ছে, বাংলাদেশি ভোটাররা জামায়াত এবং অপরীক্ষিত এনসিপির পরিবর্তে বিএনপির প্রতি সমর্থন দিয়ে একটি পরিচিত সত্তাকে বেছে নিয়েছে। তারেক রহমান এবং তাঁর দলকে এখন বাংলাদেশি জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রধানত জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি এই কঠিন সময়ে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। যদি তারা এখানে সাফল্য না পায়, তাহলে তারাও জনসাধারণের ক্রোধের মুখোমুখি হতে পারে, ঠিক যেমন হাসিনার শাসনামলে হয়েছিল। বিশেষত এ ক্ষেত্রে তরুণ ভোটারদের কাছ থেকে এই প্রতিবাদ গড়ে উঠতে পারে, যারা পরিবর্তনের জন্য দৃঢ়বদ্ধ।
তাই প্রত্যাশা এবং বাস্তবতার ভারসাম্য বজায় রাখা বিএনপির জন্য একটি বড় পরীক্ষা হবে। তা ছাড়া গণতন্ত্রে পুরোপুরি ফিরে আসার জন্য নতুন প্রশাসনের উচিত আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বিবেচনা করা। নিঃসন্দেহে হাসিনার শাসনামল গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা উচিত। তবে সামগ্রিকভাবে দলটিকে নিষিদ্ধ করা উচিত নয়। কারণ দেশে এর ব্যাপক জনসমর্থন ভোগ করার ইতিহাস রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছিল, বিশেষত অন্তর্বর্তী সরকারের আমলে। শেখ হাসিনার শাসনামলে দুই দেশের সম্পর্ক স্পষ্টতই উষ্ণ ছিল না। এর প্রধান কারণ ছিল পাকিস্তানের প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নেতিবাচক মনোভাব এবং ভারতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। আশা করা যায়, বিএনপি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার জন্য কাজ করবে। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। আশা করা যায়, নতুন সরকার ঢাকায় ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও উন্নত হবে।
এই নির্বাচন বাংলাদেশকে অতীতের অস্থিতিশীলতা এবং তিক্ততাকে পেছনে ফেলে নতুন করে শুরু করার সুযোগ দিয়েছে। স্থিতিশীলতার পথ সহজ হবে না, তবে নতুন ব্যবস্থা যদি গণতান্ত্রিক নীতি অনুসারে কাজ করে, তাহলে এটি জনগণের জন্য আরও ভালো পথ উন্মোচন করতে পারে। এতে দক্ষিণ এশীয় প্রতিবেশীদের সঙ্গে আরও সুসম্পর্ক তৈরি হতে পারে। দ্য ডন থেকে ভাষান্তরিত
