প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই রাজধানীতে বেশ কয়েকটি বড় ধরনের দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। এসব অপকর্মের সাথে সংরক্ষিত আসনে বিএনপির একজন মহিলা এমপির সম্পৃক্ততাসহ কিছু দলীয় নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ এর রাড্ডায় মা ও শিশুস্বাস্থ্যসেবা দেয়া প্রতিষ্ঠান এমসিএইচ-এফপি সেন্টারে কয়েকশ’ লোকজন হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দিয়ে দখলের চেষ্টা করা হয়। দেশজুড়ে তোলপাড় করা এ ঘটনার সাথে উক্ত মহিলা এমপি ও তার অনুসারীদের সম্পৃক্ততার কথা উঠে আসে।
এই ঘটনার একদিন পর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় ৩৫ কাঠার একটি জায়গায় গড়ে উঠা অফিসে শতাধিক লোক হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে জায়গা দখলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায়ও বিএনপির স্থানীয় নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠে। ইসিবি চত্ত্বরে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে যুবদল থেকে বহিস্কৃত এক নেতা এক ওষুধ ব্যবসায়ির ওপর হামলা চালায়। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুরে অবৈধ দখলে থাকা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হকাররা হামলা চালায়।
পরবর্তীতে ডিএনসিসির প্রশাসক স্বয়ং উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফুটপাত অবৈধ দখলমুক্ত করেন। পরপর সংঘটিত উল্লেখিত ঘটনায় দেশের মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে প্রতিটি ঘটনার খোঁজ-খবর নিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন। ইতোমধ্যে তার নির্দেশনা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং হচ্ছে। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ছয়-সাত মাস যেতে না যেতেই বিরোধী রাজনৈতিক দল ও পতিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ একটি মহল সরকারকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এর সাথে বিএনপির একশ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজি, দখলবাজি যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে ফেলে।
তারা যেন সরকারকে স্থিতিশীল হতে দিতে চাচ্ছে না। সরকার যখন দেশের চরম অর্থনৈতিক মন্দাবস্থা থেকে দ্রুত উত্তরণে একের পর এক সফল পদক্ষেপ নিচ্ছে, তখন এ ধরনের অপকর্ম তাতে ডিস্টার্ব হয়ে দেখা দিয়েছে। সরকারের অর্জনগুলো লোকদেখানোতে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থান নেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এমসিএইচ-এফপি ভাঙচুরের ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে উক্ত মহিলা এমপিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন। সংঘটিত অন্যান্য ঘটনার সাথে যারা জড়িত, তাদেরও গ্রেফতার করা হয়েছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছেন। এক্ষেত্রে, দলের কে কত বড় নেতা, তা বিবেচনায় নিচ্ছেন না।
মহিলা এমপিকে পদত্যাগের নির্দেশ দিয়ে তিনি এ বার্তা দিয়েছেন। দলের যেসব নেতাকর্মী চাঁদাবাজি-দখলবাজি ও অন্যায়-অপরাধের সাথে জড়িত, তাদের যে ছাড় দেয়া হবে না, তা পরিস্কার করে দিয়েছেন। অন্যদিকে, রাজধানীতে নগরবাসীর স্বস্তিতে ও নিরাপদে হাঁটার কোনো সুযোগই নেই। ফুটপাতগুলো যুগের পর যুগ ধরে হকার, দোকানপাট, স্থাপনা ইত্যাদির মাধ্যমে অবৈধ দখলে রয়েছে। ফুটপাত দখলমুক্ত করা নিয়ে এক ধরনের ইঁদুর-বেড়াল খেলা চলে আসছে। একদিক উচ্ছেদ করতে না করতে আরেক দিক দখল হয়ে যায়। অনেকে ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে মানবিকতার দরদ দেখান। তারা এটা মনে করেন না, ফুটপাত তৈরি হয়েছে পথচারিদের নিরাপদে-নির্বিঘ্নে হাঁটাচলার জন্য। অবৈধ দখল বা ব্যবসা করার জন্য নয়।
উচ্ছেদ করা হকারদের ব্যবসা করার জন্য এক সময় সপ্তাহে দুইদিন নির্দিষ্ট স্থানে হলি ডে মার্কেটের ব্যবস্থা করা হয়েছিল। তখন তারা সেখানে বসেনি। তারা ফুটপাত দখল করেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফুটপাতের এই ব্যবসাই চাঁদাবাজীর সুযোগ করে দেয়। গতকাল ইংরেজি দৈনিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফুটপাতে চাঁদাবাজির ২৯৭টি স্পষ্ট আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত করেছে এবং এর সাথে প্রায় ৩০০ চাঁদাবাজ যুক্ত। একদিকে ফুটপাত দখলমুক্ত করা নিয়ে মানবিকতা দেখানো, আরেকদিকে চাঁদাবাজি নিয়ে সমালোচনা করার মতো স্ববিরোধী আচরণ কাম্য হতে পারে না। জনস্বার্থে এবং নগরবাসীর নিরাপদে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করার বিকল্প নেই। ফুটপাত দখলে রেখে নগরবাসীর হাঁটাচলা বন্ধ করে ঘরবন্দি করে রাখা যাবে না। তাদের হাঁটাচলার পথ অবমুক্ত করে দিতে হবে। এতে তাদের স্বাস্থ্য ঠিক রাখাসহ সংকুচিত সড়ক সম্প্রসারিত হয়ে নগরীর যানজট অনেকটাই কমে যাবে। ফুটপাত পরিস্কার থাকলে মানুষ হেঁটে অনেকদূর চলে যেতে পারবে। ডিএনসিসি ও ডিএসসিসি রাজধানীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে যে উদ্যোগ নিয়েছে, যত বাধাই আসুক তা বাস্তবায়ন করতে হবে। অবৈধ দখল জিইয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বর্তমান সরকার জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। কাজেই, তাকে জনগণের স্বার্থে ও কল্যাণেই কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধের প্রতি জিরো টলারেন্স থাকতে হবে। দখলবাজ, চাঁদাবাজ, অপরাধী, অন্যায়কারি যে দলের বা যত প্রভাবশালী হোক না কেন, তাদের প্রতি ‘মার্সিলেস’ হতে হবে। সরকারকে মনে রাখতে হবে, দখলবাজ, চাঁদাবাজরা তাকে ক্ষমতায় আনেনি। সাধারণ মানুষ তাকে ক্ষমতায় এনেছে। কাজেই তাদের স্বস্তি ও শান্তি যেসব অপরাধী নষ্ট করছে, তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে। বলার অপেক্ষা রাখে না, সাম্প্রতিক যেসব অপরাধমূলক ঘটনা ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে সরকার যে কঠোর ব্যবস্থা নিয়েছে, তাতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র সরকারের এ পদক্ষেপকে মানুষ অকুণ্ঠচিত্তে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করছে। জনগণের এই প্রশংসা ধরে রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অপরাধীদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়াসহ যেকোনো ধরনের অপরাধের সাথে যারাই জড়িত থাকুক এবং তাদের দলীয় পরিচয় যাই হোক, তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। নবগঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং একটি ভীতিহীন, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা তার লক্ষ্য। জননিরাপত্তা রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে তার অবস্থান অত্যন্ত কঠোর এবং আপোসহীন। এক্ষেত্রে অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। যেকোনো ধরনের অপরাধ ও বহুল আলোচিত চাঁদাবাজির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর মনোভাব এই বার্তা জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে। ইতোমধ্যে মানুষের মধ্যে তা পরিলক্ষিত হচ্ছে। আমরা আশা করি, জননিরাপত্তা ও স্বস্তির এই পরিবেশ রক্ষায় সরকার কঠোরতর অবস্থানে থাকবে। এই পরিবেশ যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়।
