পাবলিক পরীক্ষায় নকল প্রতিরোধে বা অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে সরকারের পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ সাধুবাদযোগ্য। এসএসসি ও ইহার সমমান এবং এইচএসসি ও উহার সমমান পরীক্ষায় এক যুগ পূর্বেও যেই প্রক্রিয়ায় অসাধু শিক্ষার্থীরা নকল করিত, সর্বক্ষেত্রে ডিজিটাইজেশনের প্রভাব উহাতেও পড়িয়াছে। স্মার্ট ডিভাইস ব্যবহার করিয়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পাশাপাশি অনলাইনে প্রশ্নপত্র ফাঁস এবং সামাজিক মাধ্যমে গুজব ছড়াইয়া বিভ্রান্তি তৈয়ারির ঘটনা প্রায়শই ঘটিয়া থাকে। কিন্তু বর্তমান পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৯২)-তে ডিজিটাল জালিয়াতি বা অনলাইনভিত্তিক প্রশ্ন ফাঁসের বিষয়ে সুনির্দিষ্ট বিধান না থাকিবার কারণে অপরাধীরা অনেক ক্ষেত্রেই পার পাইয়া যায়। এই বাস্তবতায় আইনটির সংশোধন তথা যুগোপযোগী করা জরুরি।
বৃহস্পতিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ হইতে ২০২১ সাল পর্যন্ত এসএসসি, এইচএসসি ও অন্যান্য পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য পাবলিক পরীক্ষা আইন, আইসিটি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ২০০ মামলা করা হইয়াছিল। ইহার মধ্যে ৪৫টি মামলার নিষ্পত্তি হইলেও সাজা হইয়াছে মাত্র একটিতে। ভুল আইনে মামলার কারণেও অনেকে পার পাইয়া গিয়াছে। পাশাপাশি পরীক্ষায় অসদুপায়ের কৌশলসমূহও বেশ অভিনব। আমরা দেখিয়াছি, কর্ণের অভ্যন্তরে ডিভাইস লুকাইয়া পরীক্ষায় নকল করিবার ঘটনা ইতোপূর্বে ধরা পড়িয়াছে। এহেন বিষয়সমূহ সম্পর্কেও সংশ্লিষ্টদের ধারণা রাখিতে হইবে। তদুপরি এই ক্ষেত্রে ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহও বিবেচনায় রাখিতে হইবে। বিশেষ করিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আগামী দিনগুলিতে বাড়িয়া যাইতে পারে। আগামী ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা আরম্ভ হইতে যাইতেছে। ইহার পূ্র্বেই আইনটি সংশোধিত হইলে ভালো হয়। সেই ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এই আইন সংশোধন হইতে হইবে। তবে আইনটি জাতীয় সংসদে পাস হইবার পূর্বে প্রয়োজনীয় সংশোধন ও যুগোপযোগী করিবার বিষয়সমূহ চিহ্নিত করিয়া সংশ্লিষ্ট অংশীজনের সহিত আলোচনা করাও গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মত গ্রহণ করা যাইতে পারে। পাশাপাশি পরীক্ষায় অসদুপায়ের সাম্প্রতিক প্রবণতাও বিশ্লেষণ করা দরকার। সর্বোপরি তাড়াহুড়া করিতে গিয়া একটু দুর্বল বা বিতর্কিত আইন প্রণয়ন কাম্য নহে।
অবশ্য নকল করিয়া ধরা পড়িবার পর অতীতে বহু শিক্ষার্থী অবর্ণনীয় শাস্তি পাইয়াছে। বর্তমান আইনেই পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিয়া ধরা পড়িলে পরীক্ষা বাতিল, বহিষ্কার, এমনকি কয়েক বৎসরের জন্য পরীক্ষা হইতে নিষিদ্ধের শাস্তিও রহিয়াছে। কিন্তু ইহার ফলে পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন বন্ধ হইয়াছে বলা যায় না। তাই পরীক্ষায় নকল কিংবা অসদুপায় ঠেকাইতে আইনের পাশাপাশি সামাজিক জাগরণও জরুরি। শিক্ষার্থীদের মধ্যে নকলবিরোধী মানসিকতা গড়িতে হইবে, তাহাদের অনুধাবন করাইতে হইবে যে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা অনৈতিক ও বেআইনি। নকল করিয়া কৃতকার্য হওয়া কিংবা ভালো ফল করিবার মধ্যে সাময়িক অর্জন থাকিলেও দীর্ঘ মেয়াদে উহা ক্ষতিই বহিয়া আনে। শিক্ষার্থীদের নৈতিক মনোবল শক্তিশালী করিবার বিষয়টিও শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনায় থাকা দরকার বলিয়া আমরা মনে করি। শিক্ষার্থীর একমাত্র কর্ম যেই পড়াশোনা, সেইখানেই উহাদের মনোযোগী হইতে হইবে; ইহা তাহদের বারংবার মনে করাইয়া দিতে হইবে। শিক্ষার্থীরা নকল কিংবা অসদুপায় অবলম্বনে কৌশল খাটাইবার পরিবর্তে পড়াশোনা করিবার ক্ষেত্রে কৌশলী হইলে উহাতে তাহারা যদ্রূপ ভালো ফল করিতে পারিবে; তদ্রূপ পরবর্তী কর্মজীবনেও সেই ফল কাজে লাগাইতে পারিবে। শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখা করিলে এবং শিক্ষক ও অভিভাবকের তৎপরতায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে সঠিক নির্দেশনা পাইলে কেহ নকল কিংবা অসদুপায়ের চিন্তাও করিবে না। তবে যুগের চ্যালেঞ্জ হিসাবে প্রযুক্তির বিষয়টি পাবলিক পরীক্ষা আইনে আনা জরুরি হইয়া পড়িয়াছে। তাহা অবশ্যই সম্পাদন করিতে হইবে।
