যশোরের মনিরামপুর উপজেলার ৭০ বছরের ‘ঐতিহ্যবাহী জামাইমেলা’ শুধু একটি মেলা নয়, এটি লোকঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণও বটে। এবারও উপজেলার ‘ঢাকুরিয়ায় বিজয়া দশমী উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী জামাইমেলা’। ৭০ বছরের বেশি সময় ধরে চলে আসা এ মেলাকে কেন্দ্র করে ঢাকুরিয়া বাজারস্থ প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও বাজার এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শ^শুরবাড়ির সম্মান রক্ষায় জামাইদের বড় মাছ কেনার ব্যতিক্রমী ঐতিহ্য এ মেলাকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। ২১ অক্টোবর সকাল থেকে জামাইমেলায় ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রুই, কাতলা, চিতল, ব্ল্যাক কার্প, পাঙ্গাস, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ৫ থেকে ১৫ কেজি ওজনের মাছ কিনতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এলাকার জামাইরা। কে কত বড় মাছ কিনে শ^শুরবাড়িতে উপহার দেবেন, তা নিয়ে চলে রীতিমত মধুর প্রতিযোগিতা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৫০ সাল থেকে এই জামাইমেলার প্রচলন। সময়ের পরিক্রমায় এ মেলা শুধু মাছ কেনা-বেচার বাজারে সীমাবদ্ধ থাকে নি; বরং পারিবারিক বন্ধন, ভালোবাসা ও গ্রামীণ সংস্কৃতির অনন্য এক উৎসবে পরিণত হয়েছে। আয়োজকরা জানান, একদিনের এ মেলায় প্রায় এক কোটি টাকার মাছ বিক্রির রেকর্ড রয়েছে। ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু বলেন, ‘আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই জামাইমেলা। এটি কেবল মাছ কেনা-বেচার বাজার নয়, আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনা, সৌন্দর্য ও পারিবারিক মেলবন্ধনের এক অনন্য উৎসবও বটে।’ মেলায় বড় মাছ কিনে উচ্ছ্বাস প্রকাশ করেন কিশোর রায়। তিনি বলেন, ‘আজ থেকে ঠিক ১৯ বছর আগে মনিরামপুরের জামাই হয়েছিলাম। সেই থেকে প্রতিবছর ঢাকুরিয়ার জামাই মেলায় আসা আমার জীবনে এক আনন্দ-অভ্যাসে পরিণত হয়েছে।’ তিনি জানান, বুধবার সকালে মেলা থেকে প্রতি কেজি এক হাজার ৫০ টাকা দরে একটি বড় কাতলা মাছ কিনেছেন। মাছটির ওজন ১১ কেজি ২০০ গ্রাম। তার ভাষায়, এ মাছ শুধু ওজনে ভারি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ১৯ বছরের স্মৃতি, ভালোবাসা ও শ^শুরবাড়ির প্রতি আত্মিক সম্পর্কের টান।

ঢাকুরিয়ার স্থানীয় বাসিন্দা ও সরকারী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘ঢাকুরিয়ার জামাইমেলা আমাদের এলাকার গর্ব ও ঐতিহ্যের অংশ। এটি শুধু মাছ কেনা-বেচার মেলা নয়; বরং পারিবারিক বন্ধন, ভালোবাসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মেলা।’ আমাদের গ্রামবাংলার রূপ আসলে এ রকমই। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোকজন স্বকীয়তা নিয়েও মিলেমিশে বসবাস করছেন। সামাজিক সম্প্রীতি-এর প্রধান বৈশিষ্ট্য জামাইমেলা বড় উদাহরণ। বিষয়টিকে আমরা বৈচিত্র্যের ঐক্য হিসেবে অভিহিত করতে পারি। এরপরও বাংলাদেশের বিরুদ্ধে ভিনদেশী অপপ্রচার হয়, সাম্প্রদায়িকতার কালিমা ছড়ানো হয়। সাম্প্রদায়িক চেতনার মন্দ-মহল এসব ছড়ায়, কিছু ঘটনাও ঘটায়। এদের রোখাই এখন বাংলাদেশীদের দায়িত্ব।