দীর্ঘ এক মাসের সংযম সাধনা শেষে মুসলমানদিগের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এই উপলক্ষে সমকাল পরিবারের পক্ষ হইতে গ্রাহক, পাঠক, সাংবাদিক, কর্মচারী, এজেন্ট, বিজ্ঞাপনদাতাসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস কেবল ইন্দ্রিয়ের কৃচ্ছ্রসাধন নয়; আত্মিক বিশুদ্ধতা অর্জনের পথও প্রদর্শন করে। আর এই পবিত্র মাসের শেষে আসে ভেদাভেদ ভুলিয়া সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন ঈদুল ফিতর। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশসহ মুসলিম বিশ্বে এইবারের উৎসব জনজীবন ও সমাজে যথাযথ তাৎপর্য লইয়া উপস্থিত হইবে। এই বৎসর ঈদুল ফিতর এমন সময় আসিয়াছে, যখন মুসলিম ধর্মের উৎপত্তি ও বিকাশস্থল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যুক্ত হইয়াছে নূতন মাত্রা। গত কয়েক বৎসর ধরিয়া ইসরায়েল যেমন ফিলিস্তিনে গণহত্যা, তেমনই লেবানন, ইয়েমেনসহ কয়েকটি দেশে হামলা চালাইয়া রমজান ও ঈদের ন্যায় ধর্মীয় আচার ও উৎসব পালনও কঠিন করিয়া তুলিতেছিল। এই বৎসর ঈহুদিবাদী রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের সহিত মিলিয়া বিনা উস্কানিতে ইরানে নির্বিচার হামলা চালাইয়া যাইতেছে। প্রত্যুত্তরে ইরান যেই হামলা চালাইতেছে, উহাতে ইসরায়েল না যতখানি; মার্কিন ঘাঁটিসমৃদ্ধ কাতার, কুয়েত, আরব আমিরাত, ইরাক, সৌদি আরবসহ মুসলিম দেশগুলিই অধিকতর লক্ষ্যবস্তুতে পরিণত হইতেছে। সার্বিকভাবে এই যুদ্ধে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মুসলিম বিশ্বই। এমনকি বাংলাদেশের ন্যায় দূরবর্তী দেশসমূহ এই যুদ্ধে শরিক না হইয়াও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা প্রত্যাশা করিব, ঈদুল ফিতরের পূর্বেই যুদ্ধবাজ রাষ্ট্র ও নেতৃত্বের সম্বিৎ ফিরিবে; মুসলিম বিশ্ব বিলম্বে হইলেও শান্তি ও স্বস্তি ফিরিয়া পাইবে।

বাংলাদেশে ঈদযাত্রা বরাবরই বিড়ম্বনা ও হয়রানিমুখর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের ধরিয়া এই বৎসর বিড়ম্বনার সহিত যুক্ত হইয়াছে জ্বালানি সংকটের অস্বস্তি ও অনিশ্চয়তা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন যদিও সরবরাহ বৃদ্ধির আশ্বাস দিয়া আসিতেছে, জ্বালানি বিক্রয়কেন্দ্রে গ্রাহকের দীর্ঘতর সারি সেই তথ্যে বিশ্বাস জোগাইতাছে না। প্রতি বৎসর ঈদ উৎসবের সময় অতিরিক্ত যাত্রীর চাপ, বেপরোয়া গতি, অদক্ষ ও ক্লান্ত চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ ব্যবহারের কারণে মহাসড়কে যেই দুর্ঘটনা বাড়িয়া যায়, উহার লক্ষণ এইবারও ইতোমধ্যে স্পষ্ট। আপাত স্বস্তির বিষয়, বর্তমান সরকারের কর্তাব্যক্তিরা বিগত সরকারের কর্তাদের ন্যায় আড়ম্বরপূর্ণ চলাচলের অভ্যাস বর্জন করিতে সচেষ্ট। প্রধানমন্ত্রীকে অনুসরণ করিয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও সড়ক সংকেত দৃশ্যত মানিতেছেন। উহার প্রভাব আমরা নিশ্চয়ই যাচাই করিয়া দেখিব।

ঈদুল ফিতর সামনে রাখিয়া রাজধানী ঢাকা হইতে দেশের বিভিন্ন এলাকায় যাইতেছেন সোয়া হইতে দেড় কোটি মানুষ। বিপুলসংখ্যক ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করিতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানাইয়াছে আইনশৃঙ্খলা, সড়কপথ, রেলপথ ও যাত্রী পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। পরিতাপের বিষয়, অতীতে দেখা গিয়াছে এই সকল ব্যবস্থাপনা গৃহীত হয় যেন লঙ্ঘনের নিমিত্তে। এই বৎসর উহার পুনরাবৃত্তি কাম্য নহে। ঈদের ছুটিতে হাসপাতাল, অগ্নিনির্বাপক, পুলিশসহ জরুরি সেবা কার্যক্রমসমূহও অতীতের উদাহরণ মুছিয়া এইবার যথা-সচল থাকিবে বলিয়া প্রত্যাশা। ঈদুল ফিতরের মর্মবাণী– সৌহার্দ্য ও সম্প্রীতি; মাসব্যাপী রোজা পালনের মধ্য দিয়া যেই ইন্দ্রিয় সংযম চর্চিত হয়; সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে উহার প্রতিফলন ঘটে ঈদের দিনে ভেদাভেদ ভুলিবার মধ্য দিয়া। সমাজে শুভ-অশুভের দ্বন্দ্ব রহিয়াছে, সন্দেহ নাই। তবে রমজানের প্রকৃত শিক্ষা অনুসরণ ও অনুশীলনের উপর গুরুত্ব প্রদানের মাধ্যমে এই সংকটও নিরসন করা যায়; গড়িয়া তোলা যায় সম্প্রীতির সমাজ। ঈদুল ফিতরের মিলনের উৎসব উপলক্ষে ইহাও ভাবিতে হইবে, আমাদের দেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য প্রকটতর। ঈদুল ফিতর আমাদের সামষ্টিক জীবনে বৈষম্য দূরীকরণের সুযোগ আনিয়া দিতে পারে; যদি আমরা সংযম ও সম্প্রীতির নবায়ন আন্তরিকভাবেই চাহি।