ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত দুই মাসে বাংলাদেশ হইতে জনশক্তি রপ্তানি বিপুল সংখ্যায় হ্রাস পাইবার খবর অভিবাসনপ্রত্যাশীর জন্য তো বটেই, সমগ্র অর্থনীতির জন্যও অশনিসংকেত। মঙ্গলবার প্রকাশিত সমকালের প্রতিবেদনমতে, গত বৎসরের মার্চ-এপ্রিলে ১ লক্ষ ৪৩ সহস্রাধিক কর্মী বিদেশ গমন করিলেও চলতি বৎসরের একই সময়ে উহা সাড়ে ৮২ সহস্রে নামিয়া আসিয়াছে। অর্থাৎ বৎসরের ব্যবধানে জনশক্তি রপ্তানি প্রায় ৪৩ শতাংশ হ্রাস পাইয়াছে। ২০২৪ সালের একই সময়ে জনশক্তি রপ্তানি ছিল আরও অধিক।
আমরা জানি, বিদেশগামী বাংলাদেশি জনশক্তির অধিকাংশই নিম্ন আয়ের পরিবারভুক্ত তরুণ-তরুণী, যাহারা শিক্ষার আলো হইতে অনেকাংশেই বঞ্চিত। দেশে ন্যূনতম মর্যাদাসম্পন্ন জীবিকার সংস্থান না পাইয়াই সম্পূর্ণ স্বীয় চেষ্টায় এমনকি পরিবারের শেষ সম্বল ভিটামাটি বিক্রয় করিয়া বা বন্ধক রাখিয়া বিদেশে পাড়ি জমান। ইহাতে সংশ্লিষ্ট পরিবারের যদ্রূপ সুদিন আসে, তদ্রূপ রাষ্ট্রের অর্থনীতিও চাঙ্গা হয়। অতএব জনশক্তি রপ্তানি হ্রাস পাইলে সামাজিক সমৃদ্ধি এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। উপরন্তু জনশক্তি রপ্তানি হ্রাসের এই চিত্র এমন সময়ে দেখা যাইতেছে, যখন দেশের অভ্যন্তরেও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হইয়া আসিয়াছে। বেকারত্বের ঊর্ধ্বমুখী প্রবণতা নানা প্রকার অপরাধের ন্যায় সামাজিক সমস্যার জন্ম দেয়; রাষ্ট্র ও সমাজের উন্নতির জন্য জরুরি রাজনৈতিক স্থিতিশীলতার সহিত যাহার সম্পর্ক ব্যস্তানুপাতিক।
আপাতদৃষ্টিতে ইরান যুদ্ধের সহিত এই সমস্যার যোগ থাকিলেও তথ্য বিশ্লেষণে দেখা গিয়াছে, শুধু মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান নহে; বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার সিঙ্গাপুরেও কর্মী প্রেরণ হ্রাস পাইয়াছে। মালয়েশিয়া, ওমান, বাহরাইনের শ্রমবাজার তো বহু পূর্ব হইতেই বন্ধ। জাপান, দক্ষিণ কোরিয়ার ন্যায় শ্রমবাজারেও কর্মসংস্থান সৃষ্টিতে কোনো অগ্রগতি নাই। ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজার সম্পর্কে অদ্যাবধি যত কথা হইয়াছে, কাজ ততটা হয় নাই। আর এহেন পরিস্থিতির জন্য কোনো একক বিষয়কে দায়ী করা যায় না। গত বৎসর আরব আমিরাত সফরে গিয়া তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাল নথি, ভুয়া অভিজ্ঞতা ও শিক্ষা সনদে বিদেশ যাওয়ায় বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হন বলিয়া মন্তব্য করিয়াই দায়িত্ব সম্পন্ন করিয়াছিলেন; রাষ্ট্রর প্রধান নির্বাহীরূপে প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করেন নাই।
আমরা আরও দেখিয়াছি, মালয়েশিয়ার শ্রমবাজার যেই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কয়েকবার উন্মুক্ত হইবার পরও বন্ধ করা হয়, সেই সিন্ডিকেট ভাঙিবার জন্যও অদ্যাবধি কোনো পদক্ষেপ গৃহীত হয় নাই। এইদিকে বাংলাদেশিদের জন্য সর্ববৃহৎ শ্রমবাজার সৌদি আরবে সৃষ্টি হইয়াছে নূতন প্রতিবন্ধকতা। বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলিয়াছেন, সৌদি আরবে যাইতে এখন ‘তাকামুল’ নামক পরীক্ষায় পাস করিতে না পারিলে ভিসা মিলে না। আবার সৌদিতে যাইবার পরও অনেক ক্ষেত্রে চাকরি, কর্ম, বেতন না পাইবার অভিযোগ রহিয়াছে। কতিপয় রিক্রুটিং এজেন্সির অসাধু সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় মানব পাচারের ঘটনার সহিত উচ্চ অভিবাসন ব্যয়, দালালচক্রের প্রতারণা ইত্যাদি বিষয়ও অভিবাসন বৃদ্ধির পথকে কণ্টকিত করিয়াছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টাগণ মসৃণ অভিবাসনের ক্ষেত্রে উপরে বর্ণিত সমস্যাগুলি স্বীকার করিলেও কার্যকর সমাধানের পথ দেখাইতে পারেন নাই। সত্য, ফেব্রুয়ারিতে দায়িত্ব পাইয়া মাত্র তিন মাসে এই রূপ বৃহৎ সমস্যার সমাধান নির্দেশ করা কাহারও পক্ষেই সম্ভব নহে। তবে অভিবাসনের ক্ষেত্রে একটা সুষ্ঠু, নৈতিক ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিতকরণের মাধ্যমে তাহারা একটি শুভ বার্তা দিতে পারেন।
