শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মিটাইতে এবং ঝরিয়া পড়া রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ প্রবর্তন করা হইলেও উক্ত কর্মসূচি ঘিরিয়া যেই প্রকার অনিয়ম দৃশ্যমান, উহা উদ্বেগজনক। বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, সোনাগাজীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পচা ও শ্যাওলাযুক্ত বনরুটি সরবরাহ করা হইয়াছে। ইতোপূর্বে স্কুল ফিডিংরূপে বরগুনার তালতলী ও চাঁদপুরের মতলবে পচা ডিম এবং পিরোজপুরের কাউখালীতে বাসি রুটি সরবরাহ করা হইয়াছে। দুগ্ধ দেওয়ার কথা থাকিলেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শিক্ষার্থীরা উহা পায় নাই এবং নষ্ট কলা দেওয়া হইয়াছে ঝালকাঠির নলছিটি, চট্টগ্রামের আনোয়ারাসহ কতিপয় উপজেলায়। এই কর্মসূচি ঘিরিয়া এত অভিযোগ কেন?

স্কুল ফিডিং কর্মসূচি সরকারি হইলেও উহা শিক্ষার্থীদের প্রতি দয়া-দাক্ষিণ্য নহে, বরং শিক্ষার স্বার্থেই জরুরি। এতকাল ধরিয়া এই কর্মসূচি সীমিত পর্যায়ে চালু হইলেও সরকার ইহাকে দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা করিতেছে। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানাইয়াছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সকল উপজেলায় স্কুল ফিডিং তথা মিড-ডে মিল প্রবর্তনের পরিকল্পনা রহিয়াছে। সরকার যখন স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টিমান নিশ্চিত করা, ঝরিয়া পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে আগ্রহী, তখন শিশুদের হাতে পচা ডিম, বাসি রুটি, মেয়াদোত্তীর্ণ দুগ্ধ এবং নষ্ট কলা তুলিয়া দিবার বিষয় নিছক অনিয়ম নহে, শিশুস্বাস্থ্য লইয়াও আত্মঘাতী ঔদাসীন্য। যাহাদের পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য এই কর্মসূচি গৃহীত হইয়াছে, তাহারাই যখন অবহেলা ও অনিয়মের শিকার হইতেছে, তবে বরাদ্দের গুড় ভক্ষণ করিতেছে কোন পিঁপড়ায়?

শিশুর জন্য পচা ডিম বা শ্যাওলাযুক্ত রুটি কেবল অরুচিকর নহে, উহা খাদ্যে বিষক্রিয়া, ডায়রিয়া, জ্বর, বমি কিংবা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরির কারণ হইতে পারে। প্রশ্ন হইল, কীভাবে এইরূপ খাবার ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবেশন করিতেছে? আমরা মনে করি, ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় সরবরাহকারী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং তদারকের দায়িত্বে থাকা প্রশাসন কেহই এই দায় উপেক্ষা করিতে পারে না। দুই দিনের রুটি একসঙ্গে পাঠানো, সিদ্ধ ডিমের দুর্গন্ধ এবং দুগ্ধের মেয়াদ যাচাই যাহাদের করিবার কথা, তাহারাই-বা কোথায়? ইহাতে স্পষ্ট, সরবরাহ শৃঙ্খলে ভয়াবহ শৈথিল্য রহিয়াছে। এই কর্মসূচি সমগ্র দেশে সম্প্রসারণের পূর্বেই বিদ্যমান অনিয়ম বন্ধ করা জরুরি। মাঠ পর্যায়ে কঠোর নজরদারি, প্রতিদিন সরবরাহকৃত খাবারের মান যাচাই, বিদ্যালয়ভিত্তিক গ্রহণ কমিটি এবং অভিভাবক প্রতিনিধিদের সম্পৃক্ততা নিশ্চিতকরণ জরুরি। কোনো ঠিকাদার নিম্নমানের খাবার সরবরাহ করিলে তাহার চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্তির ব্যবস্থা লইতে হইবে।

শিশুদের জন্য বরাদ্দ খাবারে দুর্নীতি মানে ভবিষ্যৎ প্রজন্মের সহিত প্রতারণা। স্মরণে রাখিতে হইবে, স্কুল ফিডিং কর্মসূচি কোনো ব্যবসায়িক মুনাফার ক্ষেত্র নহে। ইহা জাতির ভবিষ্যৎ বিনিয়োগ। তাই শিশুদের পাতে পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বে যিনিই অবহেলা করুন, তাহাকে নিষ্কৃতিদানের অবকাশ নাই।

স্কুল ফিডিং কিংবা মিড ডে মিল কর্মসূচি ঘিরিয়া ইতোমধ্যে যেই সকল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠিয়াছে, উহা খতাইয়া দেখা কর্তব্য। এই অনিয়মের বিষয় মাথায় রাখিয়াই আগামী পরিকল্পনার বিন্যাস জরুরি। ঠিকাদার প্রতিষ্ঠানসহ যাহাদেরই দায়িত্ব দেওয়া হইবে; কোনো দুর্নীতির মাধ্যমে নহে, বরং স্বচ্ছতা ও জবাবদিহির রেকর্ড দেখিয়াই উপযুক্ত প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে হইবে। স্কুল ফিডিং কর্মসূচির ন্যায় সরকারের মহৎ উদ্যোগ যাহাতে কোনোভাবেই ব্যাহত হইতে না পারে, তজ্জন্য প্রশাসনকে সজাগ ও সতর্ক থাকিতে হইবে।