রাজনৈতিক নানা আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্কের পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট সাহাবুদ্দিন আহমেদ এই আদেশ জারি করেন। গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জুলাই সনদ বাস্তবায়নের এই আদেশ উপস্থাপন করেন। ভাষণে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সাথে একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবংি জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারসম্পর্কিত নি¤œ লিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতিজ্ঞাপন করছেন (‘হ্যাঁ’ বা ‘না’), এমন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। মূল প্রশ্ন একটি হলেও এর মধ্যে চারটি প্রস্তাব রয়েছে।
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের আয়োজনের ঘোষণাকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সন্তোষ এবং কিছুটা অসন্তোষ ও মতভিন্নতা থাকলেও মোটাদাগে এটিকে সকলেই গ্রহণ করেছে। উল্লেখ করা প্রয়োজন প্রায় নয় মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই সনদ স্বাক্ষর করেছিল। তবে চূড়ান্ত পর্যায়ে এসে বিএনপির দেয়া নয়টি নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ চূড়ান্ত করা নিয়ে দলটি চরম অসন্তোষ প্রকাশ করে এবং ঘোষণা দেয় রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা জুলাই সনদের বাইরে পরিবর্তিত সনদ মানতে তাদের বাধ্যবাধকতা থাকবে না। এতে সরকার পুনরায় রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতা করার জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দেয়। অন্যথায় সরকার নিজেই আদেশ জারি করবে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। তারা কোনো আলাপ-আলোচনা না করে সিদ্ধান্ত না জানানোয় সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপর জাতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখলেও তিনি যে দেশ চালাতে সক্ষমতার পরিচয় দিতে পারেননি, এটা নতুন করে বলার কিছু নেই। উল্টো নানা বিতর্ক সৃষ্টি এবং সময়ক্ষেপণ ও সংকট সৃষ্টি করে দেশের অর্থনীতিকে শোচনীয় পর্যায়ে ঠেলে দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করায় আমরা তাকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে দৃশ্যত আগামী জাতীয় নির্বাচনের পথে আর কোনো বাধা রইল না। দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। জুলাই সনদ আদেশে প্রত্যেক দলেরই দাবি সমন্বয় করে ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে। এতে বিএনপির দাবি মোতাবেক একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন মেনে নেয়া হয়েছে। জামায়াতের পিআর পদ্ধতি এবং এনসিপির গণপরিষদের দাবির বিষয়টিও এসেছে।
জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিছুটা মতভিন্নতা থাকলেও আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বড় ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রাকাশিত হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে চারটি বিষয়ে গণভোট হবে, তাতে এটা প্রতীয়মান হচ্ছে, ভোটকেন্দ্রে গিয়ে সময় নিয়ে চারটি বিষয় পড়ে এবং বুঝে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের পাশাপাশি জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। বোঝা যাচ্ছে, ভোটারদের ভোট দিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগবে। সমস্যা হচ্ছে, চারটি বিষয়ের মধ্যে যদি তাদের কোনো একটির সাথে দ্বিমত থাকে, তাহলে তারা কীভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ বলবে? এর কোনো অপশন নেই। এই দ্বিমত নিয়েই তাদের সিদ্ধান্ত নিতে হবে। এতে হয়ত কেউ ভোট দেবে, কেউ বিরত থাকবে। দেশের যে বিপুল সংখ্যক ভোটার পড়তে পারে না, তারা কীভাবে ভোট দেবে? তারা কি অজ্ঞতার মধ্যে থেকেই ভোট দেবে? অন্যদিকে, বর্তমান প্রযুক্তির যুগে নতুন প্রজন্ম ও শিক্ষিতদের মধ্যে অন্তত নব্বই ভাগের পড়ার অভ্যাস বলতে গেলে নেই। তাদের বেশিরভাগই এখন বিভিন্ন সংবাদ সংক্রান্ত ফটোকার্ড বা পত্রিকার সংবাদ শিরোনামের উপর নির্ভরশীল। পুরো সংবাদ পড়ার মতো সময় বা আগ্রহ থাকে না। ফলে ভোট দিতে গিয়ে তারা গণভোটের প্রশ্নের বিষয়গুলো কতটা পড়বে, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। পর্যবেক্ষকদের মতে, সারাবিশ্বে গণভোট খুবই সংক্ষিপ্ত প্রশ্নের ওপর হয়ে থাকে, যাতে ভোটাররা সহজে বুঝে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারে। জুলাই সনদের প্রশ্নের মতো এত বিস্তারিত প্রশ্ন থাকে না এবং এত জটিল প্রশ্ন নিয়ে ভোট হয় না। আমাদের দেশে এর আগে জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে যে গণভোট হয়েছে, সেগুলোর প্রশ্ন ছিল খুবই সংক্ষিপ্ত। ফলে ভোটাররা সহজে বুঝে ভোট দিতে পেরেছে।
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক বিরোধ দেখা দিয়েছিল, তার কতকটা অবসান ঘটেছে। রাজনৈতিক অঙ্গণে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। রাজনৈতিক দলগুলোর উচিৎ, এখন নির্বাচনে মনোযোগ দিয়ে ভোটযুদ্ধে নেমে পড়া। তবে জুলাই সনদে যে চারটি বিষয় যুক্ত করে প্রশ্ন রাখা হয়েছে, সেগুলো ভোটারদের কাছে সহজ করে বুঝিয়ে বলার জন্য সরকারকে ব্যাপক উদ্যোগ নিতে হবে। বিষয়গুলো কি এবং কেন, তা তাদের সামনে পরিস্কার ও বোধগম্য করে তোলার জন্য প্রচার-প্রচারণা চালাতে হবে। বারবার ভোটারদের সামনে তা তুলে ধরতে হবে। রাজনৈতিক দলগুলোকেও তাদের ভোটের প্রচারণার সময় বিষয়গুলো ভোটারদের বুঝিয়ে বলা উচিৎ। এতে হয়ত তারা বুঝতে পারবে এবং তাদের সিদ্ধান্ত নেয়া সহজ হবে।
