দীর্ঘ বিরতির পর বহুল প্রতীক্ষিত নূতন সংসদের কার্যক্রমের সূচনা জাতীয় জীবনে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা। চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণতান্ত্রিক শাসনব্যবস্থায় যেই শূন্যতা তৈয়ার হইয়াছিল, ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে সেই ধারাবাহিকতার শুভ সূচনা করিয়াছে। আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত অনুষ্ঠিত হইলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোটা দাগে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হইয়াছে। আমরা বিশ্বাস করি, জাতীয় সংসদ তথা আইনসভা কার্যকর হইয়া উঠিবার মধ্য দিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করিবে এবং দেশকে নূতনভাবে পথ দেখাইবে। জনগণ যেই ভোট দিয়া সংসদ সদস্য নির্বাচিত করিয়াছে, উহা ভুলিয়া থাকিবার অবকাশ নাই।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত হইয়া সরকার গঠন করিয়াছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭ আসন পাইয়া বিরোধী দলে রহিয়াছে। জাতীয় সংসদ কার্যকর করিতে সরকার ও বিরোধী দল উভয়ের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা দেখিয়াছি, ইতোমধ্যে সরকার ও বিরোধী দল উভয়েই তাহাদের সংসদ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করিয়াছে। আমরা বিশ্বাস করি, তাহাদের এই আন্তরিকতার ছাপ জাতীয় সংসদের অধিবেশনে ইতিবাচকভাবেই দেখিব।

জাতীয় সংসদের সূচনাতেই নূতন স্পিকার, ডেপুটি স্পিকারসহ কিছু গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হইবে। যোগ্যতম ব্যক্তিরাই ঐ সকল আসন অলংকৃত করিবেন বলিয়া আমরা প্রত্যাশা করি। এই ক্ষেত্রে বলা জরুরি, সরকারি দল ও বিরোধী দল উভয়েই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী; অবশ্য বেশ কিছু বিষয়ে উভয় পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রহিয়াছে। আমরা মনে করি, যেই সকল বিষয়ে জাতীয়ভাবেই ঐকমত্য প্রতিষ্ঠা হইয়াছিল, সেইগুলির উভয় পক্ষ মানিয়া চলিবে। ইতোমধ্যে ক্ষমতাসীন দলের পক্ষ হইতে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হইয়াছে। আমরা মনে করি, ইহা ইতিবাচক সংসদীয় সম্পর্কের স্মারক। যেই সকল বিষয়ে উভয় পক্ষের মতদ্বৈধতা রহিয়াছে, সেইগুলির ক্ষেত্রেও আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা হইবে বলিয়া প্রত্যাশা।

দেশের নাগরিকগণ অনেক প্রত্যাশা লইয়া জাতীয় সংসদপানে তাকাইয়া রহিয়াছে, সেইখানে জনগণের সহিত নির্বাচনী যেই সকল প্রতিশ্রুতি করা হইয়াছে, সেইগুলি বাস্তবায়নে আলোচনা করিতে হইবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে উঠিয়া আসা দল এনসিপির ছয়জন সংসদ সদস্যসহ এক ঝাঁক তরুণ জনপ্রতিনিধি এইবার সংসদ সদস্য নির্বাচিত হইয়াছেন। আমরা বিশ্বাস করি, সংসদে গঠনমূলক বিতর্ক এবং প্রাণবন্ত সংসদ গঠনের ক্ষেত্রে তাহারা ইতিবাচক ভূমিকা পালন করিবেন।

স্মরণে রাখিতে হইবে, জাতীয় সংসদ দেশের কেন্দ্রবিন্দু। এইখানে আইন প্রণয়নে তাড়াহুড়া না করিয়া, পর্যাপ্ত আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে আইন পাস করা দরকার। সংসদীয় কমিটিগুলিকে শক্তিশালীকরণ, তৎসহিত প্রত্যেকের অংশগ্রহণ প্রয়োজন। সংসদে জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, সুশাসন ইত্যাদি বিষয়ে যদ্রূপ আলোচনা প্রয়োজন, তদ্রূপ জবাবদিহি ও সরকারের কার্যক্রমে স্বচ্ছতার মাধ্যমে সংসদের কার্যকর ভূমিকা প্রত্যাশিত।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়া আয়োজিত নির্বাচনের মাধ্যমে গঠিত এইবারের সংসদের সূচনা নানাবিধ কারণে গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি, সকল সংসদ সদস্য ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠিয়া জনস্বার্থকে প্রাধান্য দিবেন। অতীতে বিরোধীরা যেইরূপে কারণে অকারণে সংসদ বর্জন করিতেন, সেই সংস্কৃতি হইতে বিরোধী দল বাহির হইয়া আসিবে। দেশের স্বার্থে সরকারি দলকেও সমালোচনা মানিয়া লইবার মনোভাব রাখিতে হইবে। নূতন সংসদকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সকল সংসদ সদস্যকে অভিনন্দন।