আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত-আকাক্সিক্ষত ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের মেয়াদ শেষে ২০০৬ সালে নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও বিরোধীদল আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডবসহ রাজনৈতিক বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির মধ্য দিয়ে এক-এগারোর বিশেষ সেনাসমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করে এবং ২০০৮ সালে একটি পরিকল্পিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। এরপর দেড় দশকে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে কার্যত দেশের মানুষ ভোট দিতে পারেনি। একতরফা, একদলীয় নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে। দুর্নীতি, অনিয়ম ও অর্থনৈতিক লুণ্ঠনের পাশাপাশি গুম-খুন, গণগ্রেফতার ও হাজার হাজার রাজনৈতিক মামলা দিয়ে বিরোধী দল ও মত দমনের মধ্য দিয়ে দেশে কার্যত একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। গণতান্ত্রিক-নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনের সব রাস্তা বন্ধ করে দেয়ার মাধ্যমে একটি গণবিস্ফোরণ বা গণঅভ্যুত্থানকে অনিবার্য করে তোলা হয়েছিল। জুলাই অভ্যুত্থান ছিল সেই অনিবার্য বাস্তবতা; শেখ হাসিনাকে গদিচ্যুত করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দেড় হাজারের বেশি মানুষ জীবন দিয়ে এবং ত্রিশ হাজারের বেশি মানুষ আহত, অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের টাইম-লাইন নির্ধারণ করে একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে সেই প্রত্যাশিত নির্বাচন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শুধুমাত্র গতানুগতিক ক্ষমতা বদলের নির্বাচন নয়। এটি বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলের নির্বাচন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎসারিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণের নির্বাচন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিশেষ তাৎপর্য এবং সম্ভাবনার বিষয়গুলো উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের রাজনৈতিক ব্যর্থতা এবং গত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও বঞ্চনার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশের বাস্তবায়িত করতে আজকে জাতীয় নির্বাচন ও গণভোট একটি ঐতিহাসিক মাইলফলক।
ভোটের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও বৃহত্তর জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এটাই হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। জুলাই সনদের মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটেছে। এ কারণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুধু ৫ বছরের জন্য গঠিত জাতীয় সংসদের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায়নের নির্বাচন নয়, গণভোটের মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্ধারণে জনগণের রায় বা সরাসরি অংশ্রগহণের নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতীয় বশংবদ হাসিনার পতন এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস পুরো উপমহাদেশে একটি রাজনৈতিক উত্তরণের দৃষ্টান্ত হয়ে থাকবে। যেখানে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচিত ভারত একটি হিন্দুত্ববাদী রেজিমের ফ্যাসিবাদী হয়ে উঠতে দেখা যাচ্ছে, যেখানে পাকিস্তানের জনগণ সামরিকতন্ত্রের গ্যারাকল থেকে বের হতে পারছে না, সেখানে বাংলাদেশের নতুন প্রজন্ম বুকের রক্ত দিয়ে স্বৈরাচার বিদায় করে পরিবর্তনের প্রত্যাশা বাস্তবায়নের সুযোগ এনে দিয়েছে।
বহুল প্রত্যাশিত হলেও এবারে নির্বাচন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ষড়যন্ত্র, অপপ্রচার ও এক ধরনের অনিশ্চয়তা সক্রিয় ছিল। অন্তর্বর্তী সরকারের স্বচ্ছ অবস্থান এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকর কারণে নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হালে পানি পায়নি। অপপ্রচার ও অনিশ্চয়তার ধোঁয়া ছড়ানোর অপপ্রয়াস এখনো বন্ধ হয়নি। এমনকি নির্বাচনের দিনও সংঘাত-সহিংসতা ছড়িয়ে দেয়ার উস্কানি দেয়া হচ্ছে। তবে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের প্রশ্নে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ অবস্থান, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর পেশাদার আপোসহীন ভূমিকার প্রতিশ্রতি পুরো জাতিকে আশান্বিত করেছে। প্রধান উপদেষ্টা ঈদের মতো উৎসবমুখর নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছিলেন।
সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে ত্রয়োদশ জাতীয় নির্বাচন কার্যত একটি ভোট উৎসবে পরিণত হয়েছে। ঈদের আগে যেভাবে ঢাকাসহ বিভাগীয় শহরগুলো থেকে কোটি কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়, গত কয়েকদিনে ঢাকাসহ সারাদেশে মানুষকে ঠিক সেভাবেই ভোট দিতে নিজের স্থায়ী ঠিকানায় পাড়ি জমাতে দেখা গেছে। এর মানে হচ্ছে, কোটি কোটি মানুষ এবার নিরাপদে-নির্বিঘেœ ভোট দিতে পারবে, এই প্রত্যাশার উপর বিশ্বাস রেখেছে। বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য, রাজনৈতিক-অর্থনৈতিক সম্ভাবনা ও অগ্রগতির নেপথ্যের প্রতিবন্ধক শক্তি কারা তা এখন অনেকটাই স্পষ্ট। যারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করতে চায় তারাই ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদলের সুযোগকে সংঘাত-সহিংসতা দিয়ে কলঙ্কিত করার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীলতা জিঁইয়ে রাখতে চায়। কিন্তু আশার কথা হচ্ছে, কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রম ছাড়া, এবারের জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজারের বেশি প্রার্থীর প্রচার-প্রচারণা শেষ মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণ ছিল। নির্বাচনের দিন যে কোনো সংঘাত-সহিংসতার আশঙ্কা রোধে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করছে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা এবং ভোটার ও নাগরিক সমাজের সচেতন অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের নির্বাচন সবদিক থেকেই নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজনৈতিক দলগুলোকে অতীতের ভুল রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে নির্বাচনের ফলাফল যাই হোক, জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে এবারের নির্বাচন হোক সকলের জন্য সাফল্য ও বিজয়ের দিন। এই বিজয় হোক গণতন্ত্রের এবং জুলাই অভ্যুত্থানের।
